সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : আসন্ন ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup) ঘিরে উন্মাদনা যত বাড়ছে, ততই চমকে দিচ্ছে টিকিটের দাম। বিশেষ করে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য সামনে আসতেই বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘এই দামে খেলা দেখতে যাওয়া প্রায় অসম্ভব।’ ফিফা (FIFA) যে নতুন ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি চালু করেছে, তার প্রভাবেই টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক পর্যায়ে প্রকাশিত টিকিট তালিকায় দেখা যাচ্ছে, ফাইনাল ম্যাচের সবচেয়ে দামী আসনের মূল্য রাখা হয়েছে ১০,৯৯০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১০ লক্ষ ১৯ হাজার টাকা। এই পরিমাণ অর্থ একটি সাধারণ দর্শকের নাগালের বাইরে বলেই মনে করছেন অনেকেই। ফলে স্টেডিয়ামে বসে বিশ্বকাপ ফাইনাল দেখার স্বপ্ন অনেকের কাছেই দূর অধরা হয়ে উঠছে।
শুধু সর্বোচ্চ মূল্যের টিকিট নয়, অন্যান্য শ্রেণির টিকিটের দামও কম নয়। দ্বিতীয় বিভাগের টিকিটের মূল্য পৌঁছেছে প্রায় ৬ লক্ষ ৮৭ হাজার টাকায়, আর তৃতীয় বিভাগের টিকিট কিনতে খরচ করতে হবে প্রায় ৫ লক্ষ ৩৯ হাজার টাকা। এত বিপুল অর্থ খরচ করে খেলা দেখতে যাওয়া নিয়ে সংশয়ে পড়েছেন বহু ফুটবলপ্রেমী। তাঁদের বক্তব্য, ‘নিজের দেশ ফাইনালে উঠলেও এত টাকা খরচ করা সম্ভব নয়, বাড়িতেই বসে খেলা দেখাই ভাল।’ উল্লেখ যে, ফিফা এ বার টিকিট বিক্রির ক্ষেত্রে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি প্রয়োগ করেছে। অর্থাৎ চাহিদা যত বাড়বে, টিকিটের দামও তত বাড়বে। এই ব্যবস্থার ফলে জনপ্রিয় ম্যাচগুলির টিকিটের দাম দ্রুত বেড়ে যাচ্ছে। বিশেষ করে ফাইনাল, সেমিফাইনাল বা গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচগুলির ক্ষেত্রে এই প্রবণতা আরও বেশি দেখা যাচ্ছে।
অন্যদিকে, এখনও পর্যন্ত গ্রুপ পর্বের মোট ৭২টি ম্যাচের মধ্যে ১৭টি ম্যাচের টিকিট বাজারে ছাড়া হয়েছে। বাকি ম্যাচগুলির টিকিট ধাপে ধাপে ছাড়া হবে বলে জানা গেছে। নকআউট পর্বের টিকিট এখনও পুরোপুরি বাজারে আসেনি, ফলে সেগুলির দাম আরও কতটা বাড়তে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচের ক্ষেত্রেও একই চিত্র। সবচেয়ে বেশি দামের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকায়। যদিও কিছু ম্যাচের টিকিট এখনও বিক্রি হয়নি। বিশেষ করে তুলনামূলক কম জনপ্রিয় ম্যাচগুলির ক্ষেত্রে চাহিদা কম থাকায় টিকিট পড়ে রয়েছে। ফিফা জানিয়েছে, প্রতিযোগিতা চলাকালীনও অবিক্রীত টিকিট পাওয়া যেতে পারে। একইভাবে টিকিটের এই মূল্যবৃদ্ধি নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ মনে করছেন, বিশ্বকাপের মতো বড় আসরের জন্য টিকিটের দাম কিছুটা বেশি হওয়া স্বাভাবিক। তবে অন্যদের মতে, এই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, যা খেলার সার্বজনীনতাকে প্রভাবিত করতে পারে। ভারতীয় সমর্থকদের মধ্যেও একই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, এত ব্যয়বহুল টিকিটের কারণে আন্তর্জাতিক ফুটবলকে কাছ থেকে দেখার সুযোগ সীমিত হয়ে পড়ছে। তাঁদের কথায়, ‘বিশ্বকাপ মানে শুধু খেলা নয়, একটা আবেগ। কিন্তু এই দামে সেই আবেগকে ছুঁতে পারা কঠিন।’
ফিফার এই নতুন মূল্য নির্ধারণ পদ্ধতি ভবিষ্যতে ক্রীড়া ইভেন্টগুলির অর্থনৈতিক কাঠামোয় বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করা হচ্ছে। বড় ম্যাচগুলির ক্ষেত্রে টিকিট বিক্রি থেকে বিপুল আয়ের সম্ভাবনা তৈরি হলেও সাধারণ দর্শকের অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ সবকিছুর পরেও বিশ্বকাপের আকর্ষণ যে কমছে না, তা বলাই যায়। টিভি সম্প্রচার, অনলাইন স্ট্রিমিং এবং পাবলিক ভিউয়িংয়ের মাধ্যমে কোটি কোটি মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করবেন। মাঠে উপস্থিত দর্শকের সংখ্যা কম হলেও বিশ্বকাপের উন্মাদনা বিশ্বজুড়ে একই রকম থাকবে বলেই আশা করা হচ্ছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : MI vs KKR, Rohit Sharma IPL 2026 | রোহিতের ৭৮ রানে ইতিহাস গড়ল মুম্বাই, ২২০ তাড়া করে কেকেআরকে হার




