Social Media Addiction, Meta Google Case | ‘আসক্তি তৈরির ফাঁদে ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউব!’ মার্কিন আদালতের রায়ে চাপে মেটা ও গুগ্‌ল

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ লস অ্যাঞ্জেলেস : ডিজিটাল দুনিয়ায় প্রতিদিনের সঙ্গী হয়ে ওঠা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও হোয়াট্‌সঅ্যাপকে ঘিরে বড় আইনি রায় সামনে এল আমেরিকা থেকে। লস অ্যাঞ্জেলেসের একটি আদালত জানিয়েছে, এই সমাজমাধ্যম (Social Media) প্ল্যাটফর্মগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যা ব্যবহারকারীদের, বিশেষ করে তরুণদের, দীর্ঘ সময় ধরে আটকে রাখে এবং তাদের মধ্যে আসক্তির প্রবণতা বাড়ায়। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, এই ‘ডিজ়াইন’-এর মধ্যেই রয়েছে এমন উপাদান, যা ইচ্ছাকৃত ভাবে ব্যবহারকারীর মনোযোগ ধরে রাখতে কাজ করে। এই রায়ে সরাসরি দায়ী করা হয়েছে মেটা (Meta) যাদের অধীনে রয়েছে ফেসবুক (Facebook), ইনস্টাগ্রাম (Instagram) ও হোয়াট্‌সঅ্যাপ (WhatsApp) এবং গুগ্‌ল (Google) যাদের মালিকানাধীন ইউটিউব (YouTube)। আদালত নির্দেশ দিয়েছে, ক্ষতিপূরণ হিসেবে মেটাকে ৪২ লক্ষ ডলার এবং গুগ্‌লকে ১৮ লক্ষ ডলার প্রদান করতে হবে। এই অর্থ মামলাকারী তরুণীকে দিতে হবে বলে জানিয়েছে আদালত। এই মামলার কেন্দ্রবিন্দুতে ছিলেন ২০ বছর বয়সী এক তরুণী, যাঁর নাম আদালতের নথিতে ‘ক্যালি’ (Cali) হিসেবে উল্লেখ রয়েছে। তিনি দাবি করেন, ছোট বয়স থেকেই ইউটিউব ও ইনস্টাগ্রামের প্রতি তাঁর প্রবল আকর্ষণ তৈরি হয় এবং ধীরে ধীরে তা আসক্তির পর্যায়ে পৌঁছে যায়। তাঁর বক্তব্য, ‘এই প্ল্যাটফর্মগুলির গঠন এমন যে ব্যবহারকারী একবার ঢুকলে সহজে বেরোতে পারেন না।’ তিনি আদালতে তুলে ধরেন ‘ইনফিনিট স্ক্রল’ -এর মতো ফিচারের কথা, যেখানে একের পর এক কনটেন্ট সামনে চলে আসে এবং ব্যবহারকারীকে ক্রমাগত স্ক্রল করতে উৎসাহিত করে।

আরও পড়ুন : মোবাইল রিচার্জের দাম ঊর্ধ্বমুখী: ভারতে বাড়ছে ডিজিটাল খরচের চাপ, বিপাকে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার

আরও পড়ুন : Rajanya Haldar Sonarpur, Niamal Nasir Raninagar Independent candidate | সোনারপুরে নির্দল লড়াইয়ে রাজন্যা, রানিনগরে কবি নিয়ামাল নাসির, বিধানসভা ভোটে নতুন সমীকরণে তৃণমূলকে চ্যালেঞ্জ

তরুণীর অভিযোগ ছিল, ‘সমাজমাধ্যম সংস্থাগুলি এমন পণ্য তৈরি করেছে যা সিগারেট বা ডিজিটাল ক্যাসিনোর মতো আসক্তি তৈরি করে।’ তাঁর আইনজীবী জোসেফ ভ্যানজ্যান্ড (Joseph Vanzand) রায় ঘোষণার পর বলেন, ‘এই প্রথম কোনও আদালত সংস্থাগুলির অভ্যন্তরীণ নথি ও সাক্ষ্য খতিয়ে দেখেছে। এতে বোঝা যাচ্ছে, ব্যবহারকারীদের কল্যাণের চেয়ে লাভের দিকটিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’ আদালতের পর্যবেক্ষণে আরও উঠে এসেছে, প্ল্যাটফর্মগুলির অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ ও আচরণ বিশ্লেষণ করে এমন কনটেন্ট সামনে আনে যা তাঁদের আরও বেশি সময় ধরে আটকে রাখে। ফলে ধীরে ধীরে এই প্ল্যাটফর্মগুলির উপর নির্ভরশীলতা বাড়ে। তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর এর প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু এই রায়ের সঙ্গে একমত নয় সংশ্লিষ্ট প্রযুক্তি সংস্থাগুলি। মেটার এক মুখপাত্র জানিয়েছেন, ‘আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই এবং পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে ভাবছি।’ একই সুর শোনা গিয়েছে গুগ্‌লের তরফেও। সংস্থার মুখপাত্র হোসে কাস্তানেদা (Jose Castaneda) বলেন, ‘ইউটিউবকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এটি দায়িত্বশীল ভাবে তৈরি একটি প্ল্যাটফর্ম এবং এটি প্রচলিত অর্থে সমাজমাধ্যম নয়।’ উল্লেখ্য, এই রায়ের অর্থমূল্য তুলনামূলকভাবে কম হলেও এর প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ, ক্যালিফোর্নিয়ার বিভিন্ন আদালতে একই ধরনের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এই রায় সেই মামলাগুলির ক্ষেত্রে নজির হিসেবে ব্যবহৃত হতে পারে।

প্রযুক্তি সংস্থাগুলির বিপুল আর্থিক শক্তির তুলনায় জরিমানার অঙ্ক খুব বেশি না হলেও, এই রায় তাদের ব্যবসায়িক নীতির উপর প্রশ্ন তুলেছে। ব্যবহারকারীর আচরণকে কেন্দ্র করে তৈরি হওয়া ডিজিটাল ইকোসিস্টেমে নৈতিকতা ও দায়বদ্ধতার প্রসঙ্গ আবার সামনে এসেছে। প্রসঙ্গত, বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ প্রতিদিন এই প্ল্যাটফর্মগুলির উপর নির্ভরশীল। যোগাযোগ, বিনোদন, তথ্য সংগ্রহ সব ক্ষেত্রেই সমাজমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু এই রায়ের পর প্রশ্ন উঠছে, এই প্ল্যাটফর্মগুলির নকশা কতটা নিরাপদ এবং ব্যবহারকারীদের স্বাস্থ্যের কথা কতটা বিবেচনায় রাখা হচ্ছে। ডিজিটাল যুগে এই ধরনের আইনি পদক্ষেপ ভবিষ্যতের প্রযুক্তি নীতি ও নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের ব্যবহার প্যাটার্ন, মানসিক স্বাস্থ্য এবং অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে এই রায়।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha Runs After Husband Zaheer Iqbal After Holi Prank, Funny Video Goes Viral | স্ত্রী সোনাক্ষীকে প্র্যাঙ্ক করে বিপাকে জাহির ইকবাল, ভাইরাল ভিডিওতে হাসির ঝড় নেটদুনিয়ায়

Sasraya News
Author: Sasraya News