সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতের ক্রিকেট দুনিয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিক্রি হয়ে গেল আইপিএলের অন্যতম ঐতিহ্যবাহী দল রাজস্থান রয়ালস (Rajasthan Royals)। ২০০৮ সালের প্রথম আইপিএল জয়ের স্মৃতি বহন করা এই ফ্র্যাঞ্চাইজিটি এবার সম্পূর্ণ মালিকানা সহ তুলে দেওয়া হল এক মার্কিন কনসোর্টিয়ামের হাতে। প্রায় ১৬৩ কোটি ডলারের এই চুক্তির ভারতীয় মূল্য দাঁড়াচ্ছে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি টাকার কাছাকাছি, যা আইপিএলের ইতিহাসে অন্যতম বড় আর্থিক লেনদেন হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্রের খবর, আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির (Kal Somani) নেতৃত্বে গঠিত একটি কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালসের ১০০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে। এই কনসোর্টিয়ামে আরও রয়েছেন মার্কিন কর্পোরেট জগতের দুই প্রভাবশালী নাম রব ওয়াল্টন (Rob Walton) এবং হাম্প ফ্যামিলি (Hamp family)। ফলে দলটির ভবিষ্যৎ পরিকল্পনায় আন্তর্জাতিক কর্পোরেট প্রভাব আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন : মোবাইল রিচার্জের দাম ঊর্ধ্বমুখী: ভারতে বাড়ছে ডিজিটাল খরচের চাপ, বিপাকে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার
গত আইপিএল মরসুম শেষ হওয়ার পর থেকেই রাজস্থান রয়্যালসের বর্তমান মালিকপক্ষ দল বিক্রির সিদ্ধান্ত নেয়। এরপর শুরু হয় দীর্ঘ দরপত্র প্রক্রিয়া। একাধিক আন্তর্জাতিক ও দেশীয় গোষ্ঠী এই ফ্র্যাঞ্চাইজিটি কিনতে আগ্রহ দেখালেও সব প্রস্তাব শেষ পর্যন্ত গৃহীত হয়নি। শেষ পর্যন্ত সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের প্রস্তাবেই সম্মতি জানানো হয়। উল্লেখ্য, বিষয় হল, এর আগে প্রায় ১৬ হাজার কোটি টাকার একটি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল রাজস্থানের বোর্ড। সেই প্রস্তাবটি দিয়েছিল Columbia Pacific Capital Partners। সেই সময় মালিকপক্ষের ধারণা ছিল, দলটির বাজারমূল্য আরও বেশি পাওয়া সম্ভব। যদিও পরবর্তীতে কিছুটা কম অঙ্কেই চুক্তি সম্পন্ন করা হয়েছে। তার আগে আরও একটি সংস্থা প্রায় ১১,৯৫৬ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল, সেটিও নাকচ করা হয়। বর্তমানে রাজস্থান রয়্যালসের মালিকানা কাঠামো ছিল একাধিক অংশীদারের হাতে বিভক্ত। প্রধান অংশীদার হিসেবে প্রায় ৬৫ শতাংশ শেয়ার ছিল Emerging Media Sporting Holdings-এর হাতে, যার নেতৃত্বে ছিলেন Manoj Badale। এছাড়াও বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিল RedBird Capital Partners এবং Lachlan Murdoch-এর অংশীদারি সংস্থা। নতুন এই চুক্তির ফলে এই পুরনো শেয়ার কাঠামো সম্পূর্ণ বদলে গেল।
এই ডিলকে কেন্দ্র করে আইপিএলের বাণিজ্যিক গুরুত্ব আরও একবার সামনে এল। ক্রিকেটের জনপ্রিয়তা, সম্প্রচার অধিকার এবং ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ড ভ্যালু, সব মিলিয়ে আইপিএল এখন বিশ্বের অন্যতম লাভজনক ক্রীড়া লিগ হিসেবে প্রতিষ্ঠিত। সেই জায়গা থেকেই আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহ দিন দিন বাড়ছে। এদিকে, Blackstone-এর অধীনস্থ Blackstone Private Equity Strategies Fund আইপিএলে বিনিয়োগের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। যদিও তারা সরাসরি কোনও দল কিনতে আগ্রহী নয়। বরং আংশিক অংশীদারি নেওয়ার দিকে নজর রয়েছে তাদের। সম্ভাব্য বিনিয়োগের অঙ্ক ভারতীয় মুদ্রায় ১,৮৭৫ কোটি থেকে ২,৮০০ কোটি টাকার মধ্যে হতে পারে।
সূত্র বলছে, ব্ল্যাকস্টোনের নজরে রয়েছে Rajasthan Royals ছাড়াও Royal Challengers Bengaluru। তবে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট দলগুলির নতুন মালিকানা হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই। এই পরিস্থিতিতে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কাঠামোতে আরও বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, এই ডিল শুধু একটি দলের মালিকানা বদল নয়, বরং আইপিএলের বৈশ্বিক বিস্তারের দিকেও বড় পদক্ষেপ। মার্কিন বিনিয়োগকারীদের সরাসরি উপস্থিতি ভবিষ্যতে লিগের বাণিজ্যিক দিক আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের দলগত পারফরম্যান্স, খেলোয়াড় নির্বাচন এবং ব্র্যান্ডিং, সব ক্ষেত্রেই নতুন দৃষ্টিভঙ্গি আসতে পারে। প্রসঙ্গত, ২০০৮ সালে শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএলের প্রথম ট্রফি জেতা রাজস্থান রয়্যালস সবসময়ই ‘আন্ডারডগ’ দল হিসেবে পরিচিত ছিল। সীমিত বাজেটেও প্রতিভাবান তরুণদের তুলে এনে সাফল্য পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। নতুন মালিকানার অধীনে সেই দর্শন বজায় থাকে কিনা, সেটাই এখন দেখার বিষয়। কিন্তু ১৫ হাজার কোটির এই ঐতিহাসিক চুক্তি আইপিএলের ব্যবসায়িক মানচিত্রে নতুন অধ্যায় লিখল। ভবিষ্যতে আরও আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রতিযোগিতার ইঙ্গিতও দিয়ে গেল এই মেগা ডিল।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : MS Dhoni Chennai return update, IPL 2026 CSK squad changes | আইপিএল ২০২৬ -এর প্রস্তুতিতে ঝাঁপ দিল চেন্নাই সুপার কিংস, ধোনির প্রত্যাবর্তনের অপেক্ষায় উন্মোচিত হল নতুন জার্সি




