সাশ্রয় নিউজ ডেস্ক ★ হায়দরাবাদ : ক্রিকেট বিশ্বে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড (The Hundred) -এর সাম্প্রতিক নিলাম। পাকিস্তানের রহস্য স্পিনার আবরার আহমেদকে দলে নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছে সানরাইজার্স লিডস (Sunrisers Leeds)। ভারতীয় মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তকে ঘিরে সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে, যার জেরে শেষ পর্যন্ত দলটির অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টও সাসপেন্ড হয়ে যায় বলে উল্লেখ। বৃহস্পতিবার অনুষ্ঠিত নিলামে প্রায় ২ কোটি ৩৪ লক্ষ টাকার বিনিময়ে আবরার আহমেদকে দলে নেয় সানরাইজার্স লিডস। দল ঘোষণার পরই ফ্র্যাঞ্চাইজির তরফে সামাজিক মাধ্যমে নতুন স্পিনারের ছবি পোস্ট করা হয়। কিন্তু সেই পোস্ট প্রকাশ্যে আসার পরই শুরু হয় বিতর্ক। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশ এই সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেননি এবং সামাজিক মাধ্যমে তাঁদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন।
সমালোচকদের মতে, ভারতীয় মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়া অনেকের আবেগে আঘাত করতে পারে। এক নেটিজেনের মন্তব্য, ‘ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনুভূতি বিবেচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘আরও অনেক আন্তর্জাতিক ক্রিকেটার থাকা সত্ত্বেও পাকিস্তানের খেলোয়াড়কে কেন বেছে নেওয়া হল, সেটাই বড় প্রশ্ন।’ এই ঘটনার পর সামাজিক মাধ্যমে সানরাইজার্স লিডসের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়। বহু ব্যবহারকারী দলটির অফিসিয়াল অ্যাকাউন্টকে রিপোর্ট করতে থাকেন। এর কিছু সময়ের মধ্যেই দেখা যায় যে তাদের ‘এক্স’ অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড হয়ে গেছে। যদিও এ বিষয়ে দল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, তবে অনেকেই মনে করছেন বিপুল সংখ্যক অভিযোগের ফলেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই নিলামে পাকিস্তানের আরেক ক্রিকেটার উসমান তারিককেও দলে নিয়েছে বার্মিহাম ফোনিক্স। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে সানরাইজার্স লিডস, কারণ এই দলের মালিকানা পুরোপুরি ভারতীয় সংস্থার হাতে। ক্রিকেট ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ২০০৯ সালের পর থেকে পাকিস্তানের ক্রিকেটারদের IPL-এ (বা Indian Premier League) খেলার সুযোগ দেওয়া হয় না। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের দেখা যায়নি। শুধু আইপিএল নয়, ভারতীয় মালিকানাধীন বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি দলেও সাধারণত পাকিস্তানের ক্রিকেটারদের নেওয়া হয় না। সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা কিংবা ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি লিগেও একই প্রবণতা লক্ষ্য করা যায়।
এই পরিস্থিতিতে ‘দ্য হান্ড্রেড’ নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের নিয়ে বিতর্ক তৈরি হতে পারে বলে আগেই আশঙ্কা করেছিল England and Wales Cricket Board, তাই নিলামের আগে বোর্ডের তরফে দলগুলিকে সতর্ক করা হয়েছিল যে কোনও দেশের ক্রিকেটারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা যাবে না। বর্তমানে ‘দ্য হান্ড্রেড’-এ ভারতীয় মালিকানাধীন চারটি দল রয়েছে। এর মধ্যে রয়েছে Manchester Super Giants, MI London, Southern Brave এবং সানরাইজার্স লিডস। এদের মধ্যে সানরাইজার্স লিডসের মালিকানা রয়েছে Sun Group-এর হাতে, যার নেতৃত্বে রয়েছেন কলানিতি মরান (Kalanithi Maran)। নিলামের সময় দলের প্রতিনিধিত্ব করছিলেন তাঁর কন্যা কাব্য মরান (Kavya Maran)। তিনি নিলাম টেবিলে উপস্থিত ছিলেন এবং দল গঠনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে জানা গেছে। সেই কারণেই বিতর্কের তীর অনেকটাই তাঁর দিকেও ঘুরে যায়।
সামাজিক মাধ্যমে অনেক ব্যবহারকারী কাব্য মারানকে উদ্দেশ্য করে কটাক্ষ করেন। কেউ কেউ প্রশ্ন তোলেন, ভারতীয় মালিকানাধীন দল হওয়া সত্ত্বেও পাকিস্তানের ক্রিকেটারকে দলে নেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হল? আবার কেউ কেউ বলেন, ‘ক্রিকেট আন্তর্জাতিক খেলা হলেও কিছু সিদ্ধান্তে জাতীয় আবেগের বিষয়টি বিবেচনা করা উচিত।’ এই বিতর্কের জেরে কিছু ক্রিকেটপ্রেমী আসন্ন আইপিএলে Sunrisers Hyderabad-কে বয়কট করার ডাকও দিয়েছেন। তাঁদের মতে, সান গোষ্ঠীর এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের একাংশের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু ক্রিকেট বিশ্লেষকদের একাংশের মত ভিন্ন। তাঁদের মতে, ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড় নির্বাচন মূলত দক্ষতা ও পারফরম্যান্সের ভিত্তিতে হওয়া উচিত। একজন ক্রিকেটারের জাতীয়তার কারণে তাঁকে বাদ দেওয়া উচিত নয় বলেও মত প্রকাশ করেছেন অনেকেই। এই বিতর্ক আবারও প্রমাণ করে দিল যে ভারত-পাকিস্তান সম্পর্কের প্রভাব ক্রিকেট জগতেও কতটা গভীর। মাঠের বাইরের রাজনৈতিক পরিস্থিতি প্রায়ই ক্রিকেটের সিদ্ধান্তে প্রতিফলিত হয়। প্রসঙ্গত যে, ‘দ্য হান্ড্রেড’-এর সাম্প্রতিক নিলাম শুধু দল গঠনের খবরেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সানরাইজার্স লিডসের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কী প্রভাব ফেলবে এবং দল কর্তৃপক্ষ এ বিষয়ে কী ব্যাখ্যা দেয়, এখন সেদিকেই নজর ক্রিকেট মহলের।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aamir Khan Mahabharata Movie | ‘মহাভারত’ নিয়ে স্বপ্ন ও শঙ্কার দ্বন্দ্ব: কেন এখনও বড় পর্দায় মহাকাব্য আনতে ভয় পাচ্ছেন আমির খান?




