সুজয়নীল দাশগুপ্ত সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ১৪ বছর বয়সে বিশ্ব ক্রিকেটকে তাক লাগিয়ে দিল কিশোর। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালেই শেষ ম্যাচ, আর সেই ম্যাচেই ইতিহাসের পাতায় নিজের নাম সোনালি অক্ষরে লিখে রাখল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryabanshi)। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে একাই সমস্ত ক্যামেরার ফোকাশ কাড়ল বিহারের এই ব্যাটার। তার ব্যাট থেকে আসে ১৫টি চার ও ১৫টি ছয়। বৈভব তৈরি করেছে একের পর এক বিশ্বরেকর্ড। অথচ বিসিসিআইয়ের নীতির কারণে এটাই হয়ে থাকল তার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের শেষ ইনিংস।
গোটা টুর্নামেন্ট জুড়ে বৈভবকে নিয়ে আলোচনা কম হয়নি। শুরুটা প্রত্যাশামতো ঝলমলে না হওয়ায় অনেকেই চিন্তায় ছিলেন। বয়স কম, চাপ বেশি এই দুইয়ের ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছিল সে। তবে সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে বদলে যায় ছবিটা। ৩৩ বলে ৬৮ রানের ঝাঁঝালো ইনিংস ইঙ্গিত দিয়েছিল, বড় কিছু আসতে চলেছে। ফাইনালে এসে আর কোনও রাখঢাক না রেখে স্বমূর্তিতে ধরা দিল বৈভব। ইংল্যান্ডের বোলারদের উপর কার্যত ঝড় তুলল সে, ২১৮.৭৫ স্ট্রাইক রেটে রান তুলে ৫০ ওভারের ক্রিকেটে টি টোয়েন্টির মেজাজে ব্যাট করল। এই ইনিংসেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছে বৈভব। এতদিন পর্যন্ত এই নজির ছিল ভারতের প্রাক্তন ক্রিকেটার উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) -এর দখলে। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ১১১ রান করেছিলেন উন্মুক্ত। সেই রেকর্ড ভেঙে ১৭৫ রানে পৌঁছে গেল বৈভব। একই সঙ্গে ফাইনালে দ্রুততম শতরানের নজিরও গড়েছে সে। মাত্র ৫৫ বলে শতরান করে আগের রেকর্ড ভেঙে দেয় এই কিশোর। আগে এই কৃতিত্ব ছিল পাকিস্তানের কাসিম আক্রম (Qasim Akram)-এর, যিনি ২০২২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন।
শুধু ফাইনাল নয়, গোটা অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসেই নিজের জায়গা পাকাপাকি করে নিয়েছে বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ বলে শতরানটি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার উইল মালাজ়ুক (Will Malazuk), যিনি এ বছরই জাপানের বিরুদ্ধে ৫১ বলে শতরান করেছিলেন। ভারতীয়দের মধ্যে অবশ্য বৈভবই এখন দ্রুততম শতরানকারী। এর আগে ২০২২ সালে উগান্ডার বিরুদ্ধে রাজ বাওয়ার (Raj Bawa) ৬৯ বলে শতরান করেছিলেন। ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে শতরান করা তৃতীয় ক্রিকেটারও হল বৈভব। এর আগে এই কৃতিত্ব ছিল মনজ্যোৎ কালরা (Manjot Kalra) এবং উন্মুক্ত চাঁদের। মাত্র ১৪ বছর বয়সে সেই তালিকায় নাম লেখানোই আলাদা করে চোখে পড়ার মতো।
ছক্কার পরিসংখ্যানেও বৈভব একক আধিপত্য কায়েম করেছে। চলতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে মোট ৩০টি ছক্কা মেরেছে সে, যা কোনও একটি সংস্করণে সর্বোচ্চ। এই রেকর্ড ভেঙেছে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis)-এর, যিনি ২০২২ সালে ১৮টি ছয় মেরেছিলেন। শুধু তাই নয়, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে মোট ছক্কার সংখ্যাতেও এখন বৈভবই শীর্ষে। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নজিরও গড়েছে এই কিশোর। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫টি ছয় মেরে সে টপকে গেছে অস্ট্রেলিয়ার মাইকেল হিল (Michael Hill)-কে। ২০০৮ সালে নামিবিয়ার বিরুদ্ধে হিল ১২টি ছয় মেরেছিলেন। বৈভব সেই সংখ্যাকে অনেক পিছনে ফেলে দিয়েছে। চার ও ছক্কার দাপটেই এসেছে আরও বিস্ময়কর নজির। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫টি চার ও ১৫টি ছয় মেরে বাউন্ডারি থেকেই ১৫০ রান সংগ্রহ করেছে বৈভব। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এক ইনিংসে শুধু বাউন্ডারি থেকে এত রান আগে কেউ করতে পারেননি। একই সঙ্গে সে প্রথম ক্রিকেটার হিসাবে ছোটদের বিশ্বকাপে ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলল।
ছক্কার বিশ্বেও নতুন মাইলফলক ছুঁয়েছে বৈভব। অনূর্ধ্ব ১৯ আন্তর্জাতিক এক দিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০টি ছক্কা মারার নজির গড়েছে সে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই ইনিংসের পর তার মোট ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১১০। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের জ়াওয়াদ আবরার (Zawad Abrar)-এর ছক্কার সংখ্যা মাত্র ৫৫। রানের ক্ষেত্রেও ভারতীয় রেকর্ড ভেঙেছে বৈভব। অনূর্ধ্ব ১৯ এক দিনের ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ ১৪১২ রান এখন তার দখলে। এতদিন এই রেকর্ড ছিল প্রাক্তন অধিনায়ক বিজয় জ়োল (Vijay Zol) -এর নামে। সবচেয়ে চমকপ্রদ তথ্য সম্ভবত বয়সের। ১৪ বছর ৩১৬ দিন বয়সে শতরান করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে শতরান করার নজির গড়েছে বৈভব। অথচ বয়সের হিসাব বলছে, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হয় দু’বছর অন্তর, চাইলে আরও দু’টি বিশ্বকাপ খেলার সুযোগ ছিল তার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড (Board of Control for Cricket in India) -এর নীতি অনুযায়ী এক ক্রিকেটার একবারই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে পারে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর থাকার সময় এই নীতি প্রণয়ন করেছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেই নিয়ম বদল না হলে এটাই বৈভবের শেষ ছোটদের বিশ্বকাপ। উল্লেখ্য, শেষ ম্যাচেই এত রেকর্ড, বিদায়ের মঞ্চকে স্মরণীয় করে রাখল বৈভব সূর্যবংশী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দরজা বন্ধ হলেও, ভারতীয় ক্রিকেট যে এক নতুন তারকার আগমনের ইঙ্গিত পেল, তা বলাই বাহুল্য।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Vaibhav Suryavanshi 171 U19 Asia Cup | এশিয়া কাপে বজ্রগতির ১৭১! রেকর্ডের ঝড় তুলে বিস্ময়ের জন্ম দিল ‘বৈভব সূর্যবংশী




