Grammy 2026, Anoushka Shankar Grammy nominations | গ্র্যামি ২০২৬: ১৩ বার মনোনয়ন, অধরাই পুরস্কার, আবারও আন্তর্জাতিক মঞ্চে হতাশা অনুষ্কা শঙ্করের

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বিশ্বসঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ গ্র্যামি অ্যাওয়ার্ড (Grammy Awards) মানেই সাফল্য, স্বীকৃতির হাতছানি। কিন্তু সেই পাতায় নিজের নাম সোনালি অক্ষরে লিখে ফেলতে পারলেন না, ভারতীয় সেতারশিল্পী ও সুরকার অনুষ্কা শঙ্কর (Anoushka Shankar)। এক নয়, দু’নয়, টানা ১৩ বার গ্র্যামির মনোনয়ন পেয়েও এখনও পুরস্কারের স্বাদ অধরাই রয়ে গেল তাঁর কাছে। ২০২৬ সালের ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডেও ভাগ্য সহায় হয়নি অনুষ্কার। আন্তর্জাতিক তারকা ব্যাড বানি (Bad Bunny) -এর অ্যালবাম ‘ইওও’ (Yoo) এ বছর সংশ্লিষ্ট বিভাগে গ্র্যামি সম্মান জিতে নেয়, আর অনুষ্কাকে ফের ফিরে তাকাতে হয় দীর্ঘ অপেক্ষার পথে।

অনুষ্কা শঙ্কর। ছবি : সংগৃহীত

লস অ্যাঞ্জেলেসের (Los Angeles) পিকক থিয়েটার (Peacock Theater) ঘিরে এ বারও কয়েক দিন আগেই শুরু হয়ে গিয়েছিল গ্র্যামির সাজ সাজ রব। ঝলমলে আলো, তারকাদের আনাগোনা আর সঙ্গীতপ্রেমীদের উত্তেজনায় ভরে উঠেছিল শহর। ভারতীয় সময় অনুযায়ী সোমবার ভোরে শুরু হয় পুরস্কার প্রদান। সঙ্গীত পরিচালক ও অভিনেতা ড্যারেন ক্রিস (Darren Criss) প্রথম পুরস্কার ঘোষণা করেন। এ বছর মোট ৮৬টি বিভাগে গ্র্যামি দেওয়া হয়েছে, যা ফের একবার প্রমাণ করেছে সঙ্গীতের বৈচিত্র্য আর বিশ্বব্যাপী প্রভাব। অনুষ্ঠানের আগে অনুষ্কা শঙ্কর নিজেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন তাঁর অনুভূতির কথা। তিনি লেখেন, ‘এ বছর দু’টি মনোনয়ন পেয়েছি, আমার অ্যালবাম ‘চ্যাপ্টার থ্রি: উই রিটার্ন টু লাইট’ (Chapter Three: We Return to Light) এবং সেই অ্যালবামের প্রধান গান ‘ডেব্রেক’ (Daybreak)। এগুলি আমার ১২তম এবং ১৩তম গ্র্যামি মনোনয়ন।’ এই স্ট্যাটাসে গর্ব যেমন ছিল, তেমনই ছিল দীর্ঘ অপেক্ষার একরাশ অভিজ্ঞতা। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্কা নিজে উপস্থিত ছিলেন না। তার কারণও খোলসা করে তিনি জানান। অনুষ্কার কথায়, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উত্তেজনা এবং মানসিক চাপের ঘূর্ণিপাকে আমি জড়াতে চাই না।’ তার বদলে অনুষ্কা তখন ব্যস্ত ছিলেন ভারত সফর ও সরাসরি শ্রোতাদের সামনে সঙ্গীত পরিবেশন নিয়ে। তাঁর কাছে ট্রফির চেয়ে সঙ্গীতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোই বেশি গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : Priyanka Chopra – Nick Jonas : সমুদ্রতটে প্রিয়াঙ্কা-প্রিয়াঙ্কা, সঙ্গে মেয়ে মালতি

অনুষ্কার এই অবস্থান নতুন নয়। বহুবারই তিনি বলেছেন, পুরস্কার তাঁর যাত্রার একমাত্র মাপকাঠি নয়। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, বিশ্বসঙ্গীতে ভারতীয় ধ্রুপদী ও ফিউশন ধারাকে যে আন্তর্জাতিক স্তরে নতুন ভাষা দিয়েছেন, তাঁর ঝুলিতে কেন এখনও গ্র্যামির ট্রফি নেই? এই প্রশ্ন ঘুরছে সঙ্গীতমহলের অন্দরেও। উল্লেখ যে, এ বছর গ্র্যামির মঞ্চে ভারতীয় উপস্থিতি শুধু অনুষ্কাতেই সীমাবদ্ধ ছিল না। ‘সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম’ (Best Global Music Album) বিভাগে মনোনয়ন পেয়েছিল শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan) -এর ব্যান্ড ‘শক্তি’ (Shakti)। তাদের ‘মাইন্ড এক্সপ্লোশন’ (Mind Explosion: 50th Anniversary Tour Live) অ্যালবামের জন্য দু’টি মনোনয়ন ছিল। একই বিভাগে ‘সায়ান’ (Syanah) অ্যালবামের জন্য মনোনীত হন ইন্দো-আমেরিকান জ্যাজ় সুরকার ও পিয়ানোবাদক চারু সুরি (Charu Suri)। অনুষ্কা উপস্থিত না থাকলেও গ্র্যামি অনুষ্ঠানে হাজির ছিলেন শঙ্কর মহাদেবন। মনোনয়ন মেডেলের ছবি ভাগ করে তিনি জানান, আন্তর্জাতিক সঙ্গীত তারকাদের সঙ্গে একই মঞ্চে সময় কাটানো তাঁর কাছে গর্বের। গ্র্যামি ২০২৬-এ আরও কয়েকটি পুরস্কার বিশেষ নজর কাড়ে। ‘দলাই লামা’ (Dalai Lama) অডিওবুকের জন্য ‘ন্যারেটিভ অ্যান্ড স্টোরিটেলিং রেকর্ডিং’ বিভাগে প্রথম গ্র্যামি জেতেন রুফাস ওয়েনরাইট (Rufus Wainwright)। মঞ্চে উঠে তিনি রসিকতা করে বলেন, ‘আমি দলাই লামা নই!’ এই বিভাগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বর্তমান সহ-বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসনকে (Ketanji Brown Jackson) পিছনে ফেলেন। এই স্বীকৃতি তাঁর কেরিয়ারে নতুন পালক যোগ করেছে।

অন্য দিকে, জনপ্রিয় পপ অ্যালবাম ‘কে-পপ ডেমন হান্টার্স’ (K-Pop Demon Hunters) -এর গান ‘গোল্ডেন’ (Golden) ‘ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে ‘সেরা গান’-এর পুরস্কার জিতে নেয়। চলচ্চিত্র ও সঙ্গীতের মেলবন্ধন যে এখনও গ্র্যামির মঞ্চে সমান গুরুত্বপূর্ণ, তারই প্রমাণ এই সম্মান। এছাড়াও এ বছরের গ্র্যামি বিশেষ হয়ে থাকল কিংবদন্তী পরিচালক স্টিভেন স্পিলবার্গ (Steven Spielberg) -এর জন্যও। জন উইলিয়ামসকে (John Williams) নিয়ে তৈরি তাঁর তথ্যচিত্র ‘মিউজিক ফর জন উইলিয়ামস’ (Music for John Williams) ‘সেরা সঙ্গীত’ বিভাগে পুরস্কৃত হয়। এর মাধ্যমে স্পিলবার্গ ‘ইগট’ (EGOT) তালিকাভুক্ত হলেন, অর্থাৎ এমি (Emmy), অস্কার (Oscar), টনি (Tony) এবং গ্র্যামি চারটি সর্বোচ্চ আন্তর্জাতিক সম্মানই এখন তাঁর ঝুলিতে। যাই হোক, গ্র্যামি ২০২৬ আবারও সাফল্য, চমক আর কিছু আক্ষেপের সুর শোনাল। অনুষ্কা শঙ্করের ক্ষেত্রে আক্ষেপটাই হয়ত বেশি। তবু তাঁর সুর, তাঁর যাত্রা আর তাঁর দর্শন প্রমাণ করে দেয়, পুরস্কার না পেলেও আন্তর্জাতিক সঙ্গীতভূমিতে তাঁর অবদান অনস্বীকার্য। হয়ত আগামী কোনও বছরে সেই বহু প্রতীক্ষিত গ্র্যামির আলোক-তরঙ্গ তাঁর দিকেও ফিরবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : celebrity parenting, Priyanka Chopra Nick Jonas | গোল্ডেন গ্লোবসেও ফাঁস প্রিয়াঙ্কা, কীভাবে বড় হচ্ছে তাঁদের মেয়ে মালতী

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন