ED Raid, Trinamool Congress | ইডি তল্লাশির বিরুদ্ধে হাই কোর্টে পাল্টা তৃণমূল, মামলায় যুক্ত আই-প্যাক ও ইডি, শুক্রবারই সম্ভাব্য শুনানি

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) তল্লাশি অভিযানকে কেন্দ্র করে রাজ্য-কেন্দ্র সংঘাত এবার সরাসরি আইনি লড়াইয়ে গড়াল। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পাল্টা কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (All India Trinamool Congress)। বৃহস্পতিবার বিচারপতি শুভ্রা ঘোষের (Justice Shubra Ghosh) দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের আবেদন জানায় তৃণমূল। আদালত সেই আবেদন গ্রহণ করেছে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য ভাবে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে করা এই মামলায় যুক্ত করা হয়েছে ভোটকৌশল সংস্থা আই-প্যাক (I-PAC) এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’কেও। ইডির তল্লাশি অভিযান ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছে যান এবং পরে সল্টলেকে আই-প্যাকের দফতরেও হাজির হন। সেই ঘটনার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ তোলে যে, মুখ্যমন্ত্রী তল্লাশিতে হস্তক্ষেপ করেছেন। এবার সেই অভিযোগের পাল্টা হিসেবে তৃণমূলও আদালতের দ্বারস্থ হল। ফলে শুক্রবার একই বেঞ্চে দুই পক্ষের মামলাই শোনা হতে পারে বলে আদালত সূত্রে খবর।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ভোরে। বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে ইডি পশ্চিমবঙ্গ ও দিল্লির একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। তার মধ্যেই পড়ে আই-প্যাকের সল্টলেক দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি। ইডির দাবি, এই অভিযান সম্পূর্ণ তথ্যপ্রমাণের ভিত্তিতে এবং নির্দিষ্ট মামলার তদন্তের স্বার্থেই চালানো হয়েছে। তাদের বক্তব্য, এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের নির্বাচন বা ভোটকৌশলের কোনও যোগ নেই।তবে তৃণমূল ও মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে প্রতীক জৈনের বাড়িতে যান। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা (Manoj Verma)। সেখান থেকে কিছু নথি, ল্যাপটপ এবং ডিজিটাল সামগ্রী নিয়ে তিনি সল্টলেকের আই-প্যাক দফতরে পৌঁছন। মমতার অভিযোগ, ‘তল্লাশির নামে আমাদের দলের নির্বাচনী কৌশল ও গুরুত্বপূর্ণ তথ্য হরণ করা হচ্ছে।’ তাঁর দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক অভিযান, যার উদ্দেশ্য ভোটের মুখে তৃণমূলকে দুর্বল করা।

এই ঘটনাকে কেন্দ্র করেই দুই বিপরীত অভিযোগ হাই কোর্টে পৌঁছেছে। এক দিকে, ইডির বক্তব্য- মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করেছেন। তদন্ত চলাকালীন তিনি ও তাঁর সঙ্গীরা হস্তক্ষেপ করে জোরপূর্বক নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ নিয়ে যান, যা তদন্তে বাধা সৃষ্টি করেছে। ইডি এই অভিযোগ তুলে আদালতের হস্তক্ষেপ চেয়েছে।
অন্য দিকে, তৃণমূলের মামলায় বলা হয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজনৈতিক উদ্দেশ্যে রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। মামলায় উল্লেখ করা হয়েছে, আই-প্যাক রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করে এবং একটি বৈধ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত একটি অনুমোদিত টিম। সেই সংস্থার দফতরে হানা দিয়ে ভোটের কৌশল, ডেটা ও নথি সংগ্রহ করা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। তৃণমূলের বক্তব্য, এই ধরনের অভিযান সংবিধানের মূল কাঠামো ও যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার উপর আঘাত।

আইনি মহলের মতে, এই মামলার গুরুত্ব বহুমাত্রিক। এক দিকে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্ষমতা ও তার সীমা, অন্য দিকে রয়েছে একটি নির্বাচিত রাজ্য সরকারের অধিকার ও রাজনৈতিক দলের সাংবিধানিক স্বাধীনতা। বিচারপতি শুভ্রা ঘোষ মামলার অনুমতি দেওয়ায় স্পষ্ট, আদালত বিষয়টির গুরুত্ব অনুধাবন করেছে। শুক্রবার শুনানিতে আদালত কী অবস্থান নেয়, তার উপর নির্ভর করবে এই সংঘাত কোন দিকে মোড় নেয়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আবহে এই আইনি সংঘাতের প্রভাব রাজ্য রাজনীতিতে গভীর হতে পারে। তৃণমূল ইতিমধ্যেই ইডির অভিযানের বিরুদ্ধে জনসমক্ষে প্রতিবাদের সুর চড়িয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, ‘কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা চলছে।’ অন্য দিকে, বিজেপি শিবিরের বক্তব্য, ‘আইনের ঊর্ধ্বে কেউ নয়, তদন্তে সহযোগিতা করাই সাংবিধানিক দায়িত্ব।’ এই পরিস্থিতিতে শুক্রবারের শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। একই বেঞ্চে ইডি ও তৃণমূল, দুই পক্ষের মামলাই শোনা হলে আদালত কোন যুক্তিকে কতটা গুরুত্ব দেয়, তার উপর নির্ভর করবে পরবর্তী আইনি ও রাজনৈতিক পদক্ষেপ। আপাতত নজর কলকাতা হাই কোর্টের দিকেই।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Mamata Banerjee Bhabanipur win | ‘ভুয়ো ভোটার ছাড়া জেতা অসম্ভব’ : ভবানীপুরের জয় নিয়ে বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের, পাল্টা তৃণমূলের তীব্র জবাব

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন