India vs South Africa Eden test 2025 : ইডেনে ঘূর্ণির দোলাচলে ভরাডুবি: মাত্র ৩০ রানে টেস্ট হারল ভারত

SHARE:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন টেস্টে মাত্র ৩০ রানে হারল ভারত। হার্মারের ৮ উইকেট, বাভুমার ৫৫ রানের ইনিংস ও ভারতের ব্যাটিং বিপর্যয়। পূর্ণ বিশ্লেষণ।

সুজয়নীল দাশগুপ্ত ★ সাশ্রয় নিউজ ডেস্ক : ইডেন গার্ডেনের (Eden Gardens) মাটিতে ফের একবার ঘূর্ণির ফাঁদে পড়ে মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শুরুতেই এমন বিধ্বংসী পরাজয় যে, ক্রিকেট বিশেষজ্ঞদের কথায়,  “এটা চিন্তার থেকেও বড় সংকেত”। মাত্র ৩০ রানে ম্যাচ হারা ঘটনা ভারতের ক্রিকেট ইতিহাসে বিরল। আর সেই লজ্জার সাক্ষী রইল কলকাতার সবুজ-লাল ইডেন। গত বছর নিউজিল্যান্ড (New Zealand) সিরিজেও একই রকম স্পিন ট্র্যাপে পড়ে সমস্যায় পড়েছিল ভারত। এ বছর সেই গল্প যেন নতুন করে জীবন্ত হয়ে উঠল। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে দল যেন নিজেরাই তৈরি করল নিজের পতনের পথ- বিশেষজ্ঞদের এমনই অভিযোগ।

আজকের সকালে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma) খেললেন লড়াকু ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তার ব্যাটেই দ্বিতীয় ইনিংসে লড়াইয়ে ফেরে প্রোটিয়ারা। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার সহকারী কোচ বলেন, “এই পিচে ৫০ রানের ইনিংসও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বাভুমা ঠিক সেটাই করেছে।” কিন্তু দিনের নায়ক নিঃসন্দেহে সাইমন হার্মার (Simon Harmer)। দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট তুলে নিয়ে ম্যাচ সেরার পুরস্কার তাঁর দখলে যায়। বিশেষজ্ঞদের ভাষায়, “ইডেনের ঘূর্ণি সে যেন হাতের তালুর মতো চেনে।”

ভারতের আশার আলো ছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রথম দিন বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে মাত্র ৩০ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন। তার আগুনে স্পেলে ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। মনে হচ্ছিল, ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই আসবে। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার চিত্র আবার ফুটে উঠল। প্রথম ইনিংসে মাত্র১৮৯ রানে অলআউট হয়ে যায় ভারত। তিন অঙ্কে রানের ইনিংস খেলতে পারেননি কেউই।

ভারতের পক্ষে স্কোরকার্ডে কিছুটা আলোকিত করেন : কেএল রাহুল (KL Rahul) ৩৯, ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ২৯, ঋষভ পন্ত (Rishabh Pant) ২৭, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ২৭, অক্ষর প্যাটেল (Axar Patel) ১৬, এদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে হার্মার ৪ উইকেট, মার্কো জানসেন (Marco Jansen), নিলেন ৩ উইকেট, আর কেশব মহারাজ (Keshav Maharaj) এবং কর্বিন বশ (Corbin Bosch) পেলেন ১ করে উইকেট। ভারত প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার থেকে মাত্র ৩০ রানেই এগিয়ে ছিল।

দ্বিতীয় ইনিংসে জাদেজাদের সাফল্য, কিন্তু ব্যাটিং ভাঙল মুহূর্তেই। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ১৫৩ রানে অলআউট হলেও ভারতীয় বোলারদের শৃঙ্খলাপূর্ণ বোলিং নজর কাড়ে। ভারতের ব্যাটার জাদেজা ৪ উইকেট, কুলদীপ যাদব (Kuldeep Yadav) ২ উইকেট, মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ২ উইকেট, বুমরা ১ উইকেট, অক্ষর ১ উইকেট, লক্ষ্য ছিল মাত্র ১২৩ রান। কিন্তু এ যেন ভারতের জন্য অতিকায় পাহাড়। শুভমন গিল (Shubman Gill) অনুপস্থিতি আর টপ অর্ডারের ভীষণ দুর্বলতা ম্যাচ হারিয়ে দিল দ্রুততম সময়ের মধ্যেই। ভারত গুটিয়ে গেল মাত্র ৯৩ রানে।

সর্বোচ্চ ৩১ রান করেন ওয়াশিংটন সুন্দর, ২৬ করেন অক্ষর প্যাটেল। বাকিরা যেন নিজেদের ছায়া। দক্ষিণ আফ্রিকার বোলিং কার্ডে আবারও শীর্ষে হার্মার ৪ উইকেট। জানসেন ও মহারাজ নিলেন ২টি করে।

দর্শকদের মতে, “ইডেনে এমন ভরাডুবি কল্পনাও করা যায় না! এটা শুধু হার নয়, আত্মবিশ্বাসের ধাক্কা।” ক্রিকেট বিশ্লেষকদের ব্যাখ্যা আরও কঠোর, ঘূর্ণি পিচে বারবার পরিকল্পনাহীন ব্যাটিং ভারতের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলছে। এখন প্রশ্ন, ভারত কি আবার স্পিন পিচে নিজেদের পুরনো ভুলগুলোর পুনরাবৃত্তি করছে? নাকি সমস্যাটা আরও গভীরে, মনস্তাত্ত্বিক, টেকনিকাল নাকি দলীয় ভারসাম্যে? পরবর্তী টেস্টের আগে এ নিয়ে বড়সড় মূল্যায়ন দরকার বলেই মত বিশেষজ্ঞদের। নাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপে শুরুতেই পিছিয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

ছবি : সংগৃহীত 

আরও পড়ুন : 

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন