Dalai Lama tourism initiative | ধর্মশালার নতুন পর্যটন যুগের সূচনা: দালাই লামার হাতে উদ্বোধন ‘VisitDharamshala.com’

SHARE:

সাশ্রয় নিউজ ডেস্ক ★ ধর্মশালা : হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কাঙড়া জেলার (Kangra District) ধর্মশালায় শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো নতুন পর্যটন পোর্টাল ‘VisitDharamshala.com’*যা উত্তর ভারতের পাহাড়ি স্বর্গকে আরও সহজলভ্য করে তুলবে বিশ্বের পর্যটকদের কাছে। তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা -এর (Dalai Lama) হাতেই সম্পন্ন হয় এই ওয়েবসাইটের সফট লঞ্চ, মেকলিওডগঞ্জের (McLeodganj) তাঁর বাসভবনে আয়োজিত এক সাদামাটা অথচ ঐতিহাসিক অনুষ্ঠানে। এই ওয়েবসাইট তৈরির উদ্যোগ নিয়েছে : ধর্মশালা হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন (Dharamshala Hotel and Restaurant Association)*। এর উদ্দেশ্য, একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এনে ধর্মশালা ও কাঙড়া ভ্যালির সমগ্র পর্যটন সম্ভাবনাকে তুলে ধরা, যাতে দেশি-বিদেশি পর্যটকরা সহজে ঘুরে দেখতে পারেন প্রকৃতি, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশ্বিনী বম্বা (Ashwani Bamba), চেয়ারম্যান ওঙ্কার নেহরিয়া (Onkar Nehria), জেলা পর্যটন আধিকারিক বিনয় ধিমান (Vinay Dhiman), স্থানীয় উদ্যোক্তা, অ্যাডভেঞ্চার অপারেটর, ওয়েস্ট ওয়ারিয়র্স (Waste Warriors) সংগঠনের সদস্য এবং অন্যান্য অতিথিরা।দালাই লামা তাঁর বক্তব্যে বলেন, “এই ওয়েবসাইটটি ধর্মশালার পর্যটনকে আন্তর্জাতিক মানচিত্রে নতুন করে চিহ্নিত করবে। এটি কেবল একটি প্রযুক্তিগত পদক্ষেপ নয়, বরং প্রকৃতি ও সংস্কৃতির সম্মিলনে হিমাচলের ভবিষ্যৎ উন্নয়নের এক মাইলফলক।” পরে সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশ্বিনী বম্বা বলেন, “VisitDharamshala.com এমন একটি পোর্টাল, যেখানে পর্যটকরা কাঙড়ার প্রতিটি সৌন্দর্যবিন্দু সম্পর্কে সঠিক তথ্য পাবেন, রিয়েল টাইম আবহাওয়া, হোটেল বুকিং, স্থানীয় আকর্ষণীয় স্থান, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি থেকে শুরু করে রেস্তোরাঁর তথ্য সব এক জায়গায়।” বম্বা আরও বলেন, “আমাদের লক্ষ্য শুধু পর্যটন নয়, টেকসই ও ইকো-ফ্রেন্ডলি ভ্রমণকে উৎসাহিত করা। যাতে স্থানীয় মানুষদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ে, কিন্তু প্রকৃতি ক্ষতিগ্রস্ত না হয়।” তিনি জানান, ওয়েবসাইটে শুধুমাত্র যাচাইকৃত হোটেল, গেস্টহাউস ও সার্ভিস প্রোভাইডারদেরই স্থান দেওয়া হয়েছে, যাতে পর্যটকরা নির্ভরযোগ্য সেবা পান। কাঙড়া জেলার ১০০-রও বেশি রেজিস্টার্ড হোটেলের সঙ্গে সরাসরি বুকিং সুবিধা থাকবে। যেখানে বুকিং কনফার্মেশন সরাসরি হোটেলের কাছেই পৌঁছে যাবে।

ওয়েবসাইটে ধর্মশালার চারপাশের দর্শনীয় স্থান, মঠ (monasteries), মন্দির, জলপ্রপাত, লেক, স্থানীয় খাবার, শিল্প ও সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এছাড়া আছে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য ট্রেকিং, প্যারাগ্লাইডিং, এবং নেচার ট্রেইল-এর মতো অভিজ্ঞতার তালিকা। জেলা পর্যটন আধিকারিক বিনয় ধিমান জানান, “কাঙড়া জেলা ইতিমধ্যেই রাজ্য সরকারের ঘোষণায় ‘ট্যুরিজম ডিস্ট্রিক্ট’ হিসেবে চিহ্নিত। তিনটি শক্তিপীঠ (Shakti Peethas) এবং দু’টি প্রধান মঠ থাকার কারণে এই অঞ্চল নিজেই এক অনন্য ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। এখন VisitDharamshala.com সেই ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে একটি ডিজিটাল সেতু হিসেবে কাজ করবে।” ওঙ্কার নেহরিয়া বলেন, “ধর্মশালা এখন শুধু দালাই লামার আবাস বা তিব্বতীয় সংস্কৃতির কেন্দ্র নয়, এটি ধীরে ধীরে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হয়ে উঠছে। নতুন পোর্টালটি সেই গতি আরও বাড়াবে।” এই উদ্যোগের মাধ্যমে ধর্মশালা এক নতুন পর্যটন দিগন্তে পা রাখল, যেখানে প্রযুক্তি ও ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে উঠছে স্মার্ট ও সাসটেইনেবল হিমালয়ান ট্যুরিজমের এক মডেল। প্রকৃতি, আধ্যাত্মিকতা ও স্থানীয় সংস্কৃতির সমন্বয়ে গড়ে ওঠা এই উদ্যোগের লক্ষ্য, বিশ্বজুড়ে ধর্মশালাকে তুলে ধরা এক শান্তি, সৌন্দর্য ও সহাবস্থানের প্রতীক হিসেবে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Dalai Lama | দলাই লামার উত্তরসূরি বাছাইয়ে ভারতের কড়া বার্তা, চিনের অনুমোদন নয়, চলবে প্রচলিত নিয়মেই

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন