Richa Ghosh | বিশ্বজয়ী রিচা ঘোষে শিলিগুড়িতে পদার্পণ, মেয়েদের খেলাধুলায় তাঁর আহ্বান

SHARE:

রিচার কথায়, “আরও বেশি মেয়েরা খেলাধুলায় আসুক। আমাদের সমাজে মেয়েরা খেলাধুলা নিয়ে এখনও অনেক সময় পিছিয়ে থাকে। কিন্তু যদি নিষ্ঠা আর আত্মবিশ্বাস থাকে, তাহলে মেয়েরাও বিশ্বজয় করতে পারে।”

শোভনা মাইতি, সাশ্রয় নিউজ ডেস্ক ★ শিলিগুড়ি : শিলিগুড়ি আবার একবার গর্বে ভরেছে। কারণ, শহরেরই মেয়ে রিচা ঘোষ (Richa Ghosh) ফিরেছেন বিশ্বজয়ের গৌরব নিয়ে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ক্রিকেট বিশ্বকাপ জয় করার পর শুক্রবার সকালেই বাগডোগরা বিমানবন্দরে পা রাখেন ভারতের এই তরুণ তারকা। আর তাঁকে ঘিরে উৎসবের আবহ! ঢাকঢোল, ফুলের মালা, ব্যানার-পোস্টারে সেজে ওঠে গোটা শহর। বিমানবন্দর থেকে শিলিগুড়ি পর্যন্ত হুডখোলা জিপে রিচাকে দেখতে রাস্তায় নেমে পড়েন হাজারো মানুষ। এই উচ্ছ্বাস যেন শহরের প্রতিটি গলিতে প্রতিধ্বনিত হচ্ছিল, ‘রিচা, তুমি শিলিগুড়ির গর্ব!’

আরও পড়ুন : Mobile Recharge Cost in India | মোবাইল রিচার্জের বাড়তি চাপ: সংকটে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার, জরুরি পদক্ষেপের দাবি

শুক্রবার সকাল থেকেই রিচাকে স্বাগত জানাতে ছিল শহরজুড়ে সাজো সাজো রব। বাগডোগরা বিমানবন্দরেই তাঁকে ফুলে ভরিয়ে দেন অনুরাগীরা। তারপর শুরু হয় শহর পরিক্রমা। সুভাষপল্লির নিজের বাড়িতে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিচা বলেন, “নিষ্ঠা, কঠোর পরিশ্রম আর শৃঙ্খলাই আমার সাফল্যের মূল মন্ত্র। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম ভারতের হয়ে খেলার, বিশ্বকাপ ট্রফি জেতার। এবার সেটা সত্যি হল। আমার মা-বাবা আমার সবচেয়ে বড় সহায়ক। তাঁদের ছাড়া আমি কিছুই করতে পারতাম না।” রিচার এই কথায় ফুটে উঠল এক সংগ্রামী মেয়ের গল্প, তিনি একদিন ক্রিকেট মাঠে নিজের জায়গা করে নিতে লড়েছেন সমাজের নানা প্রতিবন্ধকতার বিরুদ্ধে।

বিশ্বকাপে ভারতের হয়ে রিচার পারফরম্যান্স ছিল নজরকাড়া। ১২টি ছক্কা হাঁকিয়ে তিনি হয়েছেন টুর্নামেন্টের ‘সিক্স কুইন’। শুধু তাই নয়, সেমিফাইনাল ও ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দলের হাল ধরেছিলেন তিনি। নিজের পারফরম্যান্স প্রসঙ্গে রিচা বলেন, “আমার মনে ছিল, একবার কোয়ালিফাই করতে পারলেই কেউ আমাদের আটকাতে পারবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচটাই আমার সেরা পারফরম্যান্স। এবার লক্ষ্য টি-২০ বিশ্বকাপ।” ঝুলন গোস্বামী (Jhulan Goswami) -এর নামও উল্লেখ করেন তিনি। বলেন, “ঝুলনদিরা আমাদের অনুপ্রেরণা। তাঁদের দেখেই বড় হয়েছি, তাঁদের পথেই হাঁটতে চাই।”

শহরের মেয়েদের প্রতি বিশেষ বার্তাও রাখলেন তিনি। রিচার কথায়, “আরও বেশি মেয়েরা খেলাধুলায় আসুক। আমাদের সমাজে মেয়েরা খেলাধুলা নিয়ে এখনও অনেক সময় পিছিয়ে থাকে। কিন্তু যদি নিষ্ঠা আর আত্মবিশ্বাস থাকে, তাহলে মেয়েরাও বিশ্বজয় করতে পারে।” উল্লেখ্য যে, শুক্রবার বিকেল জুড়ে শিলিগুড়ির নানা অনুষ্ঠানে সংবর্ধনা রিচার। পুরনিগম থেকে শুরু করে স্থানীয় ক্রীড়া সংগঠন, সর্বত্রই তাঁকে অভিনন্দন জানাতে মুখিয়ে রয়েছে শহরবাসী। বাঘাযতীন পার্কে তাঁর সংবর্ধনার জন্য ইতিমধ্যেই রাস্তা জুড়ে লাল গালিচা পাতা হয়েছে। রাস্তার দুই পাশে থাকবেন স্থানীয় মহিলা ক্রিকেটাররা, ব্যাট তুলে তাঁরা রিচাকে দেবেন গার্ড অফ অনার। শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান জানিয়েছেন, “রিচা আমাদের শহরের গর্ব। তাঁর কৃতিত্ব প্রতিটি মেয়েকে নতুন করে অনুপ্রেরণা দেবে।”

শনিবার কলকাতায়ও (Kolkata) তাঁকে সম্মান জানাতে চলেছে সিএবি (CAB)। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও ঝুলন গোস্বামী। তাঁকে সোনার ব্যাট ও বল উপহার দেওয়া হবে, যাতে সৌরভ ও ঝুলনের সই থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, শুক্রবারের দিনটি তাই শুধু রিচার নয়, গোটা শিলিগুড়ির এক ইতিহাসে লেখা রইল। এক মেয়ের হাতে বিশ্বজয়ের মুকুট, যা প্রমাণ করল, সাফল্যের রাস্তায় সবচেয়ে বড় অস্ত্র হল নিষ্ঠা, শৃঙ্খলা আর অবিচল পরিশ্রম। আসলে, রিচা ঘোষ এই সময় কেবল ক্রিকেটার নন, তিনি উত্তরবঙ্গের প্রতিটি মেয়ের প্রেরণা, প্রতিটি স্বপ্নবাজ কিশোরীর চোখে ‘নিজের মতো করে জেতার সাহস’।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India Women Champions, Pratika Rawal News, ICC Medal Update | অবশেষে প্রতিকার হাতে উঠল বিশ্বজয়ের সোনার পদক, আইসিসি চেয়ারম্যান জয় শাহর উদ্যোগে পূরণ হল প্রতিকার অপূর্ণ স্বপ্ন

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন