মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউডে (Bollywood) বচ্চন পরিবারের (Bachchan Family) নাম মানেই গ্ল্যামার, ঐতিহ্য আর আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু গত রবিবারের ফিল্মফেয়ার (Filmfare) মঞ্চে যা ঘটল, তার রেশ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যম পর্যন্ত। অভিনয় জীবনের প্রথম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ হাতে নিয়ে চোখে জল নিয়ে স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে (Aishwarya Rai Bachchan) উৎসর্গ করলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। সেই মুহূর্তে জুনিয়র বচ্চনের গলায় কৃতজ্ঞতার কম্পন স্পষ্ট ছিল। কিন্তু পরের দিনই ঐশ্বর্যর ইনস্টাগ্রাম পোস্টে (Instagram Post) একটিও শব্দ নেই তাঁর এই প্রসঙ্গে! এই নীরবতাই এখন গোটা নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।
এই বছর বচ্চন পরিবারের জন্য বিশেষ। একসঙ্গে তিন-তিনটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড উঠেছে পরিবারের ঝুলিতে। দর্শকদের ভালবাসায় আপ্লুত হয়ে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নিজেও একটি ধন্যবাদ পোস্ট করেন, লেখেন, “এই ভালবাসাই আমাদের চলার প্রেরণা।” কিন্তু তার চব্বিশ ঘণ্টার মধ্যেই ভাইরাল ঐশ্বর্যর পোস্ট। মনীশ মালহোত্রা (Manish Malhotra)-এর ডিজাইন করা কালো শেরওয়ানি লুকে হাজির ‘ওয়ার্ল্ড বিউটি’ ঐশ্বর্য, প্যারিস ফ্যাশন উইক (Paris Fashion Week) থেকে শেয়ার করা ছবিতে ঝলমল করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “Thank you, Manish!” মাত্র এইটুকু।
অভিষেকের আবেগমাখা বক্তৃতা আর সেই পোস্টের সময়সাম্যই জল্পনা জাগিয়েছে। অনেকেই ভেবেছিলেন, হয়ত ঐশ্বর্য শিগগিরই স্বামীর উদ্দেশ্যে মিষ্টি কিছু লিখবেন, হয়ত একটা অভিনন্দনবার্তা, হয়ত একটিমাত্র ইমোজিই। কিন্তু তা আর হল না। ফলত, সোশ্যাল মিডিয়ায় ভক্তরা হতাশ। একজন লিখেছেন, “অভিষেক এত ভালবাসা দিয়ে ঐশ্বর্যর নাম উচ্চারণ করলেন, অথচ উনি একটাও শব্দ বললেন না! এটা খুব ঠাণ্ডা লাগছে।” অন্য একজনের মন্তব্য, “এদের সম্পর্কের মধ্যে যে দূরত্ব আছে, তা আর লুকোনো যাচ্ছে না।” উল্লেখ্য, অভিষেক বচ্চন এবার পুরস্কার পেয়েছেন তাঁর সাম্প্রতিক ছবি ‘আই ওয়ান্ট টু টক’ (I Want to Talk) -এর জন্য। উল্লেখ্য, এ বছরই বলিউডে তাঁর ২৫ বছর পূর্ণ হল। এক চতুর্থাংশ শতাব্দীর কেরিয়ার জুড়ে বহু উত্থান-পতনের পর এই প্রথম সেরা অভিনেতার ফিল্মফেয়ার তাঁর হাতে। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, “ঐশ্বর্য আর আরাধ্যা (Aaradhya), তোমাদের ধন্যবাদ। তোমরা না থাকলে আমি আজ এখানে পৌঁছতে পারতাম না। এই পুরস্কার তোমাদের ত্যাগেরই ফল।” এই বক্তব্যে দর্শকরা করতালিতে ভরিয়ে দেন তাঁকে।
তবে ঐশ্বর্যর নীরবতা আরও গভীর হল তাঁর পোশাকের ডিজাইনে থাকা একটি উক্তির জন্য। সেই কালো পোশাকে লেখা ছিল, “Know Your Worth” অর্থাৎ “নিজের মূল্য বোঝো।” নেটিজেনদের একাংশের মতে, এই বার্তাটি কেবল ফ্যাশন নয়, তা সম্পর্কের প্রতীকও হতে পারে। কেউ লিখেছেন, “এটা ঐশ্বর্যর পরোক্ষ উত্তর।” কেউ বা বলছেন, “ঐশ্বর্য এখন নিজের জগতে বাঁচতে শিখেছেন।” উল্লেখযোগ্য, এদিনের ফিল্মফেয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক ও জয়া বচ্চন (Jaya Bachchan)। তবে অমিতাভ বচ্চন শুটিংয়ের কারণে অনুপস্থিত ছিলেন। কিন্তু তিনি টুইটারে লিখেছেন, “অভিষেক, তুমি আমার গর্ব। তোমার কাজ প্রমাণ করছে তুমি নিজের পথ নিজে তৈরি করছ।” ছেলের সাফল্যে গর্বিত পিতা বিগ বি (Big B) আরও যোগ করেছেন, “আমার চোখ ভিজে গেছে।”
ফিল্মফেয়ার অনুষ্ঠানে অভিষেকের এক বিশেষ মুহূর্তও নেটিজেনদের মুগ্ধ করেছে। মা জয়া বচ্চনের সঙ্গে নাচের একটি ভিডিও এখন ভাইরাল। দর্শকাসনে বসে হাসিমুখে ছেলের সাফল্য উপভোগ করতে দেখা যায় জয়া বচ্চনকে। অনেকের মতে, বচ্চন পরিবারের এই ফ্রেমই প্রমাণ করে, সম্পর্ক যতই জটিল হোক, ভালোবাসার জায়গা এখনও অবিকল রয়েছে।অন্যদিকে, ঐশ্বর্য বর্তমানে ফ্রান্সে ব্যস্ত। লরিয়াল (L’Oréal)-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে প্যারিস ফ্যাশন উইকের শোতে অংশ নিচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন লুক নিয়ে মাতামাতি চরমে। একজন লিখেছেন, “ঐশ্বর্যর মতো ক্লাস আর কারও নেই।” তবে একই সঙ্গে অনেকে প্রশ্ন তুলেছেন, “একটা ছোট্ট অভিনন্দন বার্তা দিতেই বা সমস্যা কোথায়?” এই সবের মাঝেই পুরনো গুঞ্জন ফের মাথা তুলেছে, ঐশ্বর্য ও অভিষেক কি আলাদা থাকছেন? যদিও এই নিয়ে মুখ খোলেননি কেউই। তবে সাম্প্রতিক ঘটনাক্রম দেখে নেটিজেনদের অনুমান, সম্পর্কের টানাপোড়েন এখনও রয়ে গিয়েছে। কিন্তু শেষ কথা বললেন এক সিনিয়র ফ্যান ক্লাবের সদস্য, “এদের ভালবাসা বহু ঝড়-ঝাপটা পেরিয়ে এসেছে। একটা ইনস্টাগ্রাম পোস্টে সবকিছুর বিচার হয় না। অভিষেকের চোখে জলই প্রমাণ, ঐশ্বর্য এখনও তাঁর প্রেরণা।”
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Aishwarya Rai Bachchan Abhishek Bachchan News | অশালীন ডিপফেক ভিডিওতে ঐশ্বর্যা-অভিষেকের মুখ! ক্ষতিপূরণে কোটি টাকার দাবি, আদালতের দ্বারস্থ তারকা দম্পতি




