পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী দত্ত (Tanushree Dutta) ফের শিরোনামে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন ভিডিও প্রকাশ করে তিনি দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরে তাঁকে হেনস্তা ও অপমানের মুখে পড়তে হচ্ছে। সেই ভিডিও ঘিরে বিতর্ক, সমালোচনা এবং ট্রোলের ঝড় ওঠে। অনেকেই বলেন, আসন্ন রিয়েলিটি শো বিগ বস (Bigg Boss) -এর প্রচারে জায়গা করে নেওয়ার জন্যই নাকি এই নাটক। কিন্তু এবার মুখ খুলে নিজেই পরিস্থিতির পাল্টা জবাব দিলেন অভিনেত্রী। জানালেন, শো থেকে তাঁকে কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা সোজাসুজি ফিরিয়ে দিয়েছেন।

তনুশ্রীর ভাষায়, “গত ১১ বছর ধরে আমাকে বিগ বস ঘরে ঢোকানোর জন্য টানা অফার দেওয়া হচ্ছে। সম্প্রতি তো প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকার অফার দিয়েছিল। আমি তাঁদের স্পষ্ট জানিয়ে দিয়েছি, আমি এত সস্তা নই। আমাকে এতটা হালকা ভাবে ভেবো না। এসব বন্ধ করা উচিত।”

অভিনেত্রী জানান, তিনি কখনওই এমন কাজ করতে রাজি নন যেখানে তাঁকে নিজের মর্যাদা, ব্যক্তিত্ব এবং নীতির সঙ্গে আপস করতে হবে। তাঁর কথায়, “বিগ বসের ঘরে যে সব কিছু ঘটে, তা আমার কাছে অনৈতিক। আমি কোনও অবস্থাতেই ওইসব অংশ নেব না। শুধুমাত্র টাকার লোভে নিজের সম্মান বিসর্জন দেওয়ার মানুষ আমি নই।” তনুশ্রীর এহেন মন্তব্যে ফের নড়েচড়ে বসেছে বলিউড। এক সময় আশিক বানায়া আপনে (Aashiq Banaya Aapne) ছবির সাহসী দৃশ্যের জন্য যিনি চর্চায় ছিলেন, অভিনেত্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলছেন, গ্ল্যামার জগতের আড়ালে রয়েছে এক অন্ধকার জগৎ।
আরও পড়ুন : Ratan Tata refused invitation | রাজকীয় সম্মানের চেয়েও মানবিকতা বড়: রতন টাটার ব্যতিক্রমী সিদ্ধান্ত

২০০৫ সালে মুক্তি পাওয়া আশিক বানায়া আপনে সিনেমাটি ঝড় তুলেছিল তরুণ দর্শকের মনে। বিশেষত শিরোনামের গানটিতে তনুশ্রী দত্ত (Tanushree Dutta) ও ইমরান হাশমি (Emraan Hashmi)-র দৃশ্যায়ণ সে সময় হইচই ফেলে দিয়েছিল। এ প্রসঙ্গে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ওই গান শুট করার সময় এমন কিছু ঘটেছিল যা আজও ভোলার নয়। বলিউডে নারী শিল্পীদের ওপর চাপ কতটা থাকে, সেই অভিজ্ঞতা থেকে আমার নিজের লড়াই শুরু হয়েছিল।”

উল্লেখ্য, একদিকে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন, অন্যদিকে কাজের জগত থেকে দূরত্ব, সব মিলিয়ে তনুশ্রীকে ঘিরে সব সময়ই বিতর্ক লেগেই থাকে। হাতে নেই কোনও নতুন সিনেমা বা সিরিজ, ফিল্মি পার্টিতেও আর নিয়মিত দেখা যায় না তাঁকে। তবে বারবারই আলোচনায় উঠে আসে তাঁর নাম। কখনও ট্রোলের শিকার, কখনও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এবার নিজের স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, অর্থের বিনিময়ে নিজেকে ছোট করতে চান না।

অনেকেই বলছেন, তাঁর এই বক্তব্যে হয়ত বিগ বস (Bigg Boss) প্রযোজক দলের ওপর চাপ তৈরি হবে। কারণ বিগত কয়েক বছর ধরে নানা বিতর্কিত ব্যক্তিত্বদের টেনে এনে টিআরপি বাড়ানোই শোয়ের মূল কৌশল। সেখানে তনুশ্রীর মত একজন প্রাক্তন অভিনেত্রীর এমন সাফ প্রত্যাখ্যান প্রমাণ করছে, এখনও অনেকেই টাকার প্রলোভনে নতিস্বীকার করতে চান না। তবে সমালোচকদের একাংশ মনে করছেন, বিষয়টি অন্য দিকেও মোড় নিতে পারে। কেউ কেউ বলছেন, এই ‘না’-এর গল্পও এক ধরনের কৌশল। প্রচারের আলোয় ফেরার জন্যই হয়তো এমন সাহসী মন্তব্য করছেন তনুশ্রী। যদিও অভিনেত্রীর বক্তব্য, “আমার পাবলিসিটি দরকার নেই। আমি চাই মানুষ আমাকে আমার কাজের জন্য মনে রাখুক, কোনও সস্তা বিতর্কের জন্য নয়।”

প্রসঙ্গত, এক সময়ের বলিউড সেনসেশন এখন নিজের মত করে জীবন কাটাচ্ছেন। কিন্তু তাঁর এই প্রত্যাখ্যান, স্পষ্ট বক্তব্য এবং সাহসী অবস্থান আবারও তাঁকে খবরের শিরোনামে এনে দিল। প্রশ্ন উঠছে, যিনি বলিউডে একসময় সাহসী ইমেজে জায়গা করে নিয়েছিলেন, তিনি কি আবারও নিজের নীতির জোরে নতুন উদাহরণ গড়ছেন? নাকি এও কোনও কৌশল? সময়ই তার উত্তর দেবে।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Emraan Hashmi Tanushree Dutta kiss scene Aashiq Banaya Aapne | ‘আমি তো ওকে ভাই ভাবছিলাম!’ ইমরান হাসমির চুমুর দৃশ্যে কীভাবে নিজেকে সামলেছিলেন তনুশ্রী দত্ত?




