IIT Kharagpur AI and Data Science Courses in Bengali | খড়গপুর আইআইটিতে বাংলায় AI শিক্ষা ও ডেটা সায়েন্স শেখার সুযোগ

SHARE:

এবার বাংলাতেও এআই ও ডেটা সায়েন্স পড়ানোর উদ্যোগ নিল। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চার বছরের বিএস ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স বাংলায় করা যাবে।

তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ খড়গপুর : খড়গপুর (IIT Kharagpur) আইআইটি এবার মাতৃভাষা বাংলাকে (Bengali) গুরুত্ব দিয়ে বড় পদক্ষেপ নিল। কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI), ডেটা সায়েন্স (Data Science) -এর মতো উচ্চপ্রযুক্তির গুরুত্বপূর্ণ বিষয় বাংলাতেও পড়ানো হবে। জাতীয় শিক্ষানীতি ২০২০ (National Education Policy 2020) -এর নির্দেশ অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শুধু পড়ুয়ারা নয়, চাকুরিরতরাও বাংলায় এই আধুনিক বিষয়গুলি শিখতে পারবেন। বিশেষ করে ইংরেজিতে দুর্বল অথচ মেধাবী ও প্রান্তিক সমাজের শিক্ষার্থীরা এবার প্রযুক্তির মূলধারায় অংশ নিতে পারবে।

এবার বাংলাতেও এআই ও ডেটা সায়েন্স পড়ানোর উদ্যোগ নিল। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চার বছরের বিএস ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স বাংলায় করা যাবে।
ছবি : সংগৃহীত

খড়গপুর আইআইটির অধিকর্তা অধ্যাপক সুমন চক্রবর্তী (Prof. Suman Chakraborty) জানান, “এখন গোটা বিশ্ব জুড়ে এআই ও ডেটা সায়েন্সের চাহিদা বাড়ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই কোর্সগুলি বাংলায় পড়ানোর। যাঁরা চার বছরের পূর্ণ কোর্স শেষ করবেন তাঁদের বিএস (BS) ডিগ্রি দেওয়া হবে। এটি বি.টেক (B.Tech) ও বিএসসি (B.Sc) ডিগ্রির সমতুল্য। আবার যারা সংক্ষিপ্ত কোর্স করবেন তাঁরা ডিপ্লোমা (Diploma) বা সার্টিফিকেট (Certificate) পাবেন।” অন্যদিকে, সম্প্রতি মাদ্রাজ (Madras) আইআইটির অধিকর্তা ভি কামাকোতি (V. Kamakoti) ও অধ্যাপক সুমন চক্রবর্তী -এর মধ্যে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। মাদ্রাজ আইআইটির এনপিটিইএল (NPTEL) ও বিএস প্রোগ্রামের একটি প্রতিনিধি দল খড়গপুর আইআইটিতে এসে এই উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলায় এআই (AI) ও ডেটা সায়েন্স পড়ানোর পাশাপাশি অনলাইন কোর্স, ডিপ্লোমা ও সার্টিফিকেট প্রোগ্রামও চালু করা হবে। অধ্যাপক সুমন চক্রবর্তী স্পষ্ট করে বলেন, “প্রযুক্তিগত বিষয়গুলির টেক্সটবুক ইংরেজিতেই থাকবে। তবে ক্লাসে ও প্রেজেন্টেশনে বাংলাকেও সমান্তরাল মাধ্যম হিসেবে রাখা হবে, যাতে পড়ুয়ারা সহজে বুঝতে পারেন। এতে বাংলাভাষী শিক্ষার্থীদের একটি বড় অংশ উপকৃত হবে।”

-প্রতীকী চিত্র

জাতীয় শিক্ষানীতি ২০২০ বলছে, মাতৃভাষায় শিক্ষাদানের মাধ্যমে পড়ুয়াদের বোধগম্যতা বাড়ে। এর ফলে শুধু পড়াশোনার মান নয়, কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসে। বিশেষজ্ঞরা মনে করছেন, খড়গপুর আইআইটির এই পদক্ষেপ বাংলাভাষী শিক্ষার্থীদের জন্য যুগান্তকারী হতে চলেছে। কারণ এতদিন টেকনিক্যাল শিক্ষায় ভাষার বাধা ছিল বড় চ্যালেঞ্জ। সেই বাধা কাটাতেই এই পদক্ষেপ। একজন প্রাক্তন গবেষক, যিনি বর্তমানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তিনি জানান, “বাংলায় পড়াশোনার এই সুযোগ অনেক প্রতিভাবান শিক্ষার্থীর জন্য আশীর্বাদ হবে। অনেকেই শুধু ভাষার কারণে টেকনিক্যাল সাবজেক্ট থেকে দূরে থাকেন। এখন তাঁরা সহজে শিখতে পারবেন।”

এবার বাংলাতেও এআই ও ডেটা সায়েন্স পড়ানোর উদ্যোগ নিল। জাতীয় শিক্ষানীতি ২০২০ অনুসারে চার বছরের বিএস ডিগ্রি, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স বাংলায় করা যাবে।
-প্রতীকী চিত্র

প্রসঙ্গত, শুধু ছাত্রছাত্রী নয়, চাকরিজীবীরাও এই কোর্সে অংশ নিতে পারবেন। খড়গপুর আইআইটি কর্তৃপক্ষের বক্তব্য, অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই কোর্স চালু করা হবে। গ্র্যাজুয়েট, পেশাজীবী এমনকি যেকোনও বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবেন। শিক্ষামহলে ইতিমধ্যেই এই উদ্যোগের প্রশংসা শুরু হয়েছে। শিক্ষাবিদদের মতে, বাংলায় এই ধরনের আধুনিক কোর্স পড়ানো হলে প্রযুক্তির দুনিয়ায় বাংলাভাষী শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও মাতৃভাষার গুরুত্ব ফুটে উঠবে। খড়গপুর আইআইটির এই সিদ্ধান্ত একদিকে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন, অন্যদিকে বাংলাকে প্রযুক্তির আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার এক বড় পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে বাংলার পাশাপাশি অন্যান্য আঞ্চলিক ভাষাতেও একইভাবে উচ্চশিক্ষার এই ধারা চালু হতে পারে।

সব ছবি: সংগৃহীত ও প্রতীকী 
আরও পড়ুন : Educate Girls Ramon Magsaysay Award | ভারতীয় এনজিওর ঐতিহাসিক সাফল্য, র‍্যামন ম্যাগসেসে পুরস্কারে সম্মানিত সেফিনা হুসেনের ‘এডুকেট গার্লস’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন