শর্মিষ্ঠা সাহা মৈত্র, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মেলবন্ধনে তৈরি হচ্ছে নতুন প্রেমকাহিনি? সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও দক্ষিণী জনপ্রিয় নায়িকা শ্রীলীলার (Sreeleela) নাম জড়িয়ে জোরদার গুঞ্জন ছড়িয়ে পড়েছে টিনসেল টাউনে। যদিও দু’জনের কেউই প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি, কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

অনেক দিন ধরেই বি-টাউনের অলিন্দে শোনা যাচ্ছিল, কার্তিকের জীবনে এবার হয়ত প্রবেশ করেছেন দক্ষিণী এই নায়িকা। এর আগে সারা আলি খান (Sara Ali Khan), জাহ্নবী কপূর (Janhvi Kapoor) থেকে অনন্যা পাণ্ডে (Ananya Panday) বহু তারকার সঙ্গে নাম জড়িয়েছে অভিনেতার। তবে তিনি সব খবরকেই উড়িয়ে দিয়েছেন। নিজেকে প্রকাশ্যে বারবার ‘সিঙ্গল’ বলেই পরিচয় দিয়েছেন। কিন্তু গণেশচতুর্থীর দিনে ফাঁস হওয়া একটি ছবি এবার যেন ভিন্ন ইঙ্গিত দিচ্ছে।
ছবিতে দেখা গিয়েছে, একই ফ্রেমে দাঁড়িয়ে আছেন কার্তিক এবং শ্রীলীলা। শুধু তাই নয়, তাঁদের দু’জনের পোশাকেও ছিল রঙের মিল। দু’জনেই সাদা ঐতিহ্যবাহী পোশাক পরে গণেশপুজোয় অংশ নিয়েছিলেন। ছবির এক পাশে কার্তিককে দেখা যায় শ্রীলীলার মায়ের পাশে দাঁড়িয়ে থাকতে, আর অন্য পাশে শ্রীলীলা ছিলেন কার্তিকের মায়ের পাশে। এই বিশেষ মুহূর্তে দুই পরিবারের ঘনিষ্ঠতা অনুরাগীদের মধ্যে একটাই প্রশ্ন তুলেছে, সম্পর্ক কি ইতিমধ্যেই পাকাপাকি পথে? কার্তিক-শ্রীলীলার একসঙ্গে কাজ করার সূত্রপাত হয়েছে অনুরাগ বসুর (Anurag Basu) আগামী ছবিতে। প্রথমবার জুটি বেঁধেই তাঁরা আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুটিং সেট থেকেই তাঁদের রসায়ন নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। শ্রীলীলার উপস্থিতি কার্তিকের জীবনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তা নিয়ে আলোচনা তুঙ্গে।

বলিপাড়ায় ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়েছে যে, কার্তিকের মা নাকি শ্রীলীলাকে যথেষ্ট পছন্দ করেন। তাঁর হবু বৌমার মধ্যে যে সমস্ত গুণ খুঁজছিলেন, সেগুলি নাকি রয়েছে শ্রীলীলার মধ্যেই। যদিও এ বিষয়ে কার্তিক বা শ্রীলীলা কারও তরফ থেকেই এখনও স্পষ্ট কোনও বক্তব্য আসেনি। তবে নায়কের পরিবারের এই গ্রহণযোগ্যতাকে অনুরাগীরা প্রায় সিলমোহর হিসেবেই দেখছেন। উল্লেখ্য, শ্রীলীলা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ‘কিস্সিক’ (Kissik) গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। বিশেষ করে ‘পুষ্পা ২’ (Pushpa 2) ছবিতে তাঁর নাচ দর্শকদের নজর কাড়ে। এরপর থেকে তিনি বলিউডেও পরিচিত মুখ হয়ে ওঠেন। অন্যদিকে, কার্তিক আরিয়ান ইতিমধ্যেই বলিউডে নিজের জায়গা পাকা করে ফেলেছেন একাধিক হিট ছবির মাধ্যমে। ফলে তাঁদের এই জুটি শুধু রুপোলি পর্দাতেই নয়, বাস্তব জীবনেও যে অনুরাগীদের কল্পনা উসকে দেবে, তা বলাই বাহুল্য।
এক অনুরাগীর মন্তব্য, “গণেশচতুর্থীর ছবিটাই যথেষ্ট! এত মিল, এত পারিবারিক পরিবেশ, সবকিছুই একটা সম্পর্কের আভাস দেয়।” আরেকজন লিখেছেন, “কার্তিক-শ্রীলীলা যদি সত্যিই সম্পর্কে থাকেন, তাহলে বলিউডের সবচেয়ে আকর্ষণীয় জুটিগুলির মধ্যে তাঁরা অন্যতম হয়ে উঠবেন।” প্রসঙ্গত, শেষ কথা এখনও বলেননি দুই তারকা। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে তাঁরা বরাবরের মতো নীরব রয়েছেন। কিন্তু গুঞ্জন থামছে না। বরং সময়ের সঙ্গে তা আরও বেড়েই চলেছে। এখন শুধু দেখার বিষয়, তাঁরা কবে এই প্রেমের আভাসকে খোলাখুলি স্বীকার করবেন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : SRK | Love Story of Shah Rukh Khan and Gouri Khan : শাহরুখ-গৌরীর প্রেম এক আশ্চর্য রূপকথা



