মিলন দত্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : সিনেমার আঙিনায় ভারতের জয়যাত্রা আরও এক ধাপ এগোল। ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের (Venice Film Festival) ৮২ তম আসরে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন ভারতীয় তরুণী অনুপর্ণা রায় (Anupurna Roy)। তাঁর নির্মিত চলচ্চিত্র “Songs of Forgotten Trees” এই সম্মান এনে দিয়েছে দেশকে। উৎসবের অন্যতম আলোচিত বিভাগ অরিজন্টিতে (Orizzonti) শ্রেষ্ঠ পরিচালকের খেতাব জিতে ভারতীয় সিনেমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করলেন অনুপর্ণা। মঞ্চে পুরস্কার গ্রহণের সময় আবেগ সামলাতে পারেননি পরিচালক। সাদা শাড়িতে সেজে, অশ্রুসজল চোখে তিনি সেরা পরিচালকের পুরস্কার গ্রহণ করেন। ফরাসি চলচ্চিত্রকার জুলিয়া ডুকুরনো (Julia Ducournau) তাঁর হাতে সম্মানটি তুলে দেন। এই ঐতিহাসিক মুহূর্ত কেবল অনুপর্ণার জন্যই নয়, ভারতীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছেও এক গর্বের অধ্যায় হয়ে উঠল।

সূত্রের খবর, সিনেমাটি মূলত মুম্বইয়ে বসবাসকারী দুই নারীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত। দুই সাধারণ নারী, যাঁদের স্বপ্ন, সংগ্রাম, ভালোবাসা এবং ব্যথার কাহিনি উঠে এসেছে ছবির ক্যানভাসে। অভিনয়ে ছিলেন নাজ শেখ (Naz Sheikh) ও সুমি বাঘেল (Sumi Baghel)। ছবির প্রযোজনায় রয়েছেন বিভাংশু রায় (Bibhashu Roy), রোমিল মোদী (Romil Modi) এবং রঞ্জন সিং (Ranjan Singh)। আর ছবিটি প্রয়োজনা করেছেন বলিউডের খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)।
পুরস্কার হাতে নিয়ে অনুপর্ণা রায় বলেন, “এই ছবিটি আসলে প্রতিটি মহিলার লড়াইয়ের গল্প। যারা প্রতিদিন নিঃশব্দে সমাজের বাঁধাধরা নিয়মের বিরুদ্ধে লড়াই করে যান অথচ তাঁদের কণ্ঠস্বর শোনা যায় না, তাঁদের উৎসর্গ করলাম এই কাজ। আশা করি এই জয় তাঁদের নীরব বিপ্লবকে ভাষা দেবে, শক্তি দেবে।” তাঁর বক্তব্যে যেন প্রতিফলিত হলো নারীশক্তির দৃঢ় অবস্থান এবং অবহেলিত কণ্ঠকে মঞ্চে আনার এক আন্তরিক প্রয়াস। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, অনুপর্ণার ছবির ভাষা অত্যন্ত কাব্যিক এবং বাস্তবতাকে নতুন আঙ্গিকে তুলে ধরেছে। আন্তর্জাতিক পর্যায়ে বিচারক মণ্ডলীর চোখে ছবিটির নির্মাণশৈলী ও নারীকেন্দ্রিক আখ্যান আলাদা করে জায়গা করে নেয়। ভারতের চলচ্চিত্রের ইতিহাসে এই জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ মাইলফলক।

ভারতীয় চলচ্চিত্র এখন আন্তর্জাতিক ফেস্টিভ্যালগুলিতে ক্রমশ নতুন করে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক ভারতীয় নির্মাতা ইউরোপ ও আমেরিকার উৎসবমঞ্চে প্রশংসিত হয়েছেন। তবে ভেনিসের মতো বিশ্বমানের আসরে সেরা পরিচালকের খেতাব পাওয়া নিঃসন্দেহে ঐতিহাসিক। চলচ্চিত্র সমালোচকদের দাবি, “Songs of Forgotten Trees” কেবল একটি চলচ্চিত্র নয়, এটি নারীদের অস্তিত্বের লড়াইয়ের দলিল হয়ে উঠবে। সমাজে উপেক্ষিত হলেও তাঁদের স্বপ্ন ও অনুভূতির যে গভীরতা, তা তুলে ধরার চেষ্টা করেছেন অনুপর্ণা। তাঁর নির্মাণশৈলীতে সামাজিক বার্তা ও নান্দনিকতার নিখুঁত মিশ্রণ দেখা যায়। অন্যদিকে, এই জয় শুধু পরিচালকের ব্যক্তিগত সাফল্য নয়, ভারতীয় সিনেমার সম্মানও বহুগুণ বাড়িয়ে দিল। দেশজুড়ে ইতিমধ্যেই অনুপর্ণার জয়কে ঘিরে অভিনন্দনের ঢল নেমেছে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, তিনি নতুন প্রজন্মের নারী পরিচালকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। এদিকে, দেশের দর্শক এখন অপেক্ষা করছে কখন মুক্তি পাবে এই ছবিটি। আন্তর্জাতিক মঞ্চে জয়যাত্রার পর দেশীয় প্রেক্ষাগৃহেও “Songs of Forgotten Trees” যে আলোড়ন তুলবে, তা আর বলার অপেক্ষা রাখে না। অনুপর্ণা রায়কে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যতকে আরও উজ্জ্বল করে তুলছে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Anuparna Roy Best Director, Venice Film Festival Winner | বাংলার মেয়ে অনুপর্ণার বিশ্বজয়, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা পরিচালকের সম্মান, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা



