তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : সচিন তেন্ডুলকর-এর (Sachin Tendulkar) পরিবারে একের পর এক খুশির বার্তা। সম্প্রতি তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকর-এর (Arjun Tendulkar) বাগ্দান হয়েছে ব্যবসায়ী পরিবারের কন্যা সানিয়া চন্দোক-এর (Saniya Chandhok) সঙ্গে। ঘরোয়া পরিবেশে সম্পন্ন হওয়া এই আচার অনুষ্ঠানের পর থেকেই বলিউড ও ক্রিকেট মহল জুড়ে বাড়ছে আলোচনার ঝড়। তবে এবার সেই জল্পনা আরও খানিক উসকে দিলেন সচিন কন্যা সারা তেন্ডুলকর (Sara Tendulkar)। তাঁর পোস্ট করা কিছু ছবিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন করে ‘মধুচন্দ্রিমা’ বিতর্ক।

গত মাসেই সানিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাগ্দান সেরে ফেলেছেন অর্জুন। কিন্তু ঠিক তার আগেই দুবাই সফরে গিয়ে সারা যে ছবিগুলো শেয়ার করেছিলেন, তা ঘিরে উঠেছে নানা প্রশ্ন। দেখা যাচ্ছে, সারার সঙ্গে রয়েছেন তাঁর হবু বউদি সানিয়া। এমনকী সেই ভ্রমণে উপস্থিত ছিলেন অর্জুনও।

দু’টি ছবি একই সময়ে, একই পরিবেশে তোলা, সেখানে সারা ও সানিয়াকে প্রায় একই পোশাকে দেখা গিয়েছে। ফলে অনেকেই মন্তব্য করছেন, ‘বিয়ের আগেই যেন হানিমুন সেরে ফেললেন অর্জুন।’ এই প্রসঙ্গে নেটিজেনদের কৌতূহল চরমে উঠেছে। কেউ কেউ লিখেছেন, ‘সচিন-পুত্র তো বিয়ের আগেই ভ্রমণ সেরে ফেললেন হবু স্ত্রীর সঙ্গে।’ আবার অনেকেই সারার পোস্ট করা ছবির মাধ্যমে বোঝাতে চাইছেন, পরিবারের সকলে মিলে এই সম্পর্ককে ইতিমধ্যেই পূর্ণ সমর্থন দিয়েছেন।

বাগ্দানের পর থেকে সানিয়াকে সচিন পরিবারের নানা অনুষ্ঠানে একাধিকবার দেখা গিয়েছে। সারার স্টুডিও উদ্বোধনের আগে তেন্ডুলকর বাড়ির পূজায় তিনি উপস্থিত ছিলেন। এমনকী স্টুডিও উদ্বোধনের সময়ও ফিতে কাটার অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তবে সেইসব সময়ে অর্জুনকে দেখা যায়নি। অবশেষে গত ২৯ আগস্ট সচিনের মা রজনী তেন্ডুলকর-এর (Rajni Tendulkar) জন্মদিনে সানিয়াকে অর্জুনের পাশে দেখা যায়।
সচিন নিজেই সেই পারিবারিক অনুষ্ঠানের ছবি শেয়ার করেনন। সেখানে উপস্থিত ছিলেন স্ত্রী অঞ্জলি (Anjali Tendulkar), কন্যা সারা ও পুত্র অর্জুন। আর সেই ফ্রেমেই প্রথমবার একসঙ্গে ধরা দিলেন সানিয়া ও অর্জুন। অর্জুন-সানিয়ার বাগ্দান নিয়ে সচিন এতদিন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি। তবে কয়েক দিন আগে এক ভক্ত ‘আস্ক মি এনিথিং’ (Ask Me Anything) পর্বে তাঁকে সরাসরি প্রশ্ন করেন, সত্যিই কি পুত্রের বাগ্দান হয়ে গিয়েছে? সচিন সোজাসুজি উত্তর দেন, ‘হ্যাঁ, ওর বাগ্দান হয়েছে। ওর ভবিষ্যৎ জীবনের কথা ভেবে আমরা সকলেই খুব উত্তেজিত।’ এই বক্তব্যে সব জল্পনার অবসান ঘটান মাস্টার ব্লাস্টার।

সানিয়া চন্দোক ব্যবসায়ী রবি ঘাই (Ravi Ghai)-এর নাতনি। ঘাই পরিবার মুম্বইয়ের হোটেল, ফুড চেইন এবং আইসক্রিম ব্যবসার জন্য বিশেষ পরিচিত। তবে সানিয়া পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত নন। পড়াশোনা করেছেন ক্যাথিড্রাল অ্যান্ড জন ক্যানন স্কুলে। এর পর লন্ডন স্কুল অফ ইকনমিক্স (London School of Economics) থেকে বিজনেস ম্যানেজমেন্টে ডিগ্রি লাভ করেন। ২০২০ সালে পড়াশোনা শেষ করে দেশে ফিরে তিনি শুরু করেন নিজস্ব উদ্যোগ, ‘Mr. Paws Pet Spa & Store’। মুম্বইয়ে পোষ্য প্রাণীর যত্নের জন্য খোলা এই স্পা ও স্টোর শহরের তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে ব্যবসা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। সানিয়া নিজেকে একজন প্রাণীপ্রেমী উদ্যোক্তা হিসেবেই পরিচিত করতে চান। অন্যদিকে, ক্রিকেটার হওয়ার পাশাপাশি অর্জুন আইপিএল-এ (IPL) মুম্বই ইন্ডিয়ান্স-এর (Mumbai Indians) হয়ে খেলছেন। বাবা সচিনের উত্তরাধিকার বহন করা তাঁর জন্য সহজ নয়, তবুও তিনি ধারাবাহিকভাবে নিজেকে গড়ে তুলছেন। আর ব্যক্তিগত জীবনে সানিয়ার সঙ্গে সম্পর্ককে প্রকাশ্যে আনার পর থেকে অর্জুন আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কিন্তু, এখন সকলের নজর সানিয়া ও অর্জুনের আসন্ন বিয়েতে। সচিন-অঞ্জলির পুত্রবধূ হিসেবে সানিয়াকে দেখতে কেমন লাগে, তা নিয়েও উৎসাহের শেষ নেই। ক্রিকেটমহল থেকে শুরু করে বলিউড সবাই অপেক্ষায় রয়েছে সেই দিনের জন্য। তবে তার আগেই ‘বিয়ের আগেই মধুচন্দ্রিমা’ জল্পনা সোশ্যাল মিডিয়ায় যে তুঙ্গে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
সব ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sara Tendulkar viral video, Sachin Tendulkar family, Arjun Tendulkar Sania Chandok engagement | শচীন তেন্ডুলকরের পরিবারে মিষ্টি মুহূর্ত, সানিয়া চণ্ডকের সঙ্গে সারা তেন্ডুলকরের ভিডিও আবার ভাইরাল




