শুভ্রাংশু রায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : থামানো যাচ্ছে না পিভি সিন্ধুকে (PV Sindhu)। ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন ভারতীয় এই তারকা শাটলার। শেষ ষোলোর ম্যাচে তিনি উড়িয়ে দিলেন চিনের প্রতিপক্ষ ওয়াং ঝি ই (Wang Zhi Yi)-কে। স্ট্রেট গেমে ২১-১৯, ২১-১৫ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন সিন্ধু।
এবারের টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকেই ছন্দে রয়েছেন সিন্ধু। সেই ধারাবাহিক ছন্দের প্রমাণ মিলল প্যারিসে শেষ ষোলোর মঞ্চেও। ম্যাচ শুরুর আগেই একটি পরিসংখ্যান ভারতীয় সমর্থকদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল, বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোনও দিনও চিনা প্রতিপক্ষের কাছে হারেননি সিন্ধু। ওয়াং ঝি ই-র বিরুদ্ধে তাঁর রেকর্ড ছিল ২-২। ফলে সিন্ধু পিছিয়ে থেকে নয়, বরং আত্মবিশ্বাস নিয়েই নামেন কোর্টে। শুরুতেই দেখা গেল সেই দাপট। ওয়াংয়ের খাটো উচ্চতার সুযোগ নিয়ে সিন্ধু তাকে পুরো কোর্ট জুড়ে খেলতে বাধ্য করলেন। দ্রুত পয়েন্ট সংগ্রহ করে একসময় ১১-৬ এগিয়ে যান ভারতীয় তারকা। তবে ম্যাচে ফিরতে দেরি করেননি ওয়াং। তিনি সিন্ধুকে নেটের কাছে টেনে এনে চাপ সৃষ্টি করেন এবং টানা ছ’টি পয়েন্ট তুলে নেন। তখনই ১১-১২ পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়েন সিন্ধু। কিন্তু, ভারতীয় শাটলার ভেঙে পড়েননি। ১৯-১৯ অবস্থায় পর পর দু’টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে নিয়ে প্রথম গেমে জয় ছিনিয়ে আনেন তিনি। গেম শেষের মুহূর্তে সিন্ধুর শরীরী ভাষা ও শট নির্বাচনে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাঁর আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে উঠেছে।
দ্বিতীয় গেমে সেই আত্মবিশ্বাসই পরিণত হয় দাপটে। শুরুটা হাড্ডাহাড্ডি হলেও মাঝপথে নিয়ন্ত্রণ নেন সিন্ধু। ওয়াং ঝি ই একাধিক আনফোর্সড এরর করেন, যার সুযোগ নেন ভারতীয় তারকা। প্রতিপক্ষের বেশ কয়েকটি শট কোর্টের বাইরে পড়ায় ফাঁকা জায়গা খুঁজে পয়েন্ট তোলেন সিন্ধু। একবার লিড নেওয়ার পর আর পিছনে তাকাতে হয়নি তাঁকে। শেষ পর্যন্ত ২১-১৫-এ গেম জিতে ম্যাচও নিশ্চিত করেন সিন্ধু। এই জয়ের পর ভারতীয় সমর্থকদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। যে মেজাজে সিন্ধু খেলছেন, তাতে তাঁর হাত ধরে আবারও বিশ্ব মঞ্চে পদক আসতে পারে বলে মনে করছেন অনেকেই। সিন্ধুর নিজের কথায়, ‘প্রতিটি ম্যাচই কঠিন। তবে আমি কোর্টে নামার পর শুধু একটাই চেষ্টা করি, নিজেকে সেরা ছন্দে নিয়ে যাওয়া। আজকের জয়ে আত্মবিশ্বাস আরও বেড়ে গেল।’
ভারতের জন্য বৃহস্পতিবার সকালটা আরও সুখবর বয়ে আনে। মিক্সড ডবলসে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ধ্রুব কপিলা (Dhruv Kapila) ও তানিশা ক্রাস্টো (Tanisha Crasto)। শেষ ষোলোর ম্যাচে হংকংয়ের তাং চুন মান (Tang Chun Man) ও সে ইং সুয়েত (Tse Ying Suet)-এর বিরুদ্ধে প্রথম গেমে ১৯-২১ হেরে কিছুটা চাপেই পড়েছিলেন ভারতীয় জুটি। কিন্তু দ্বিতীয় গেম থেকে নাটকীয়ভাবে ম্যাচে ফেরেন তাঁরা। ধারাবাহিক স্ম্যাশ আর সঠিক প্লেসমেন্টে প্রতিপক্ষকে কোনও সুযোগ না দিয়েই ২১-১২-এ দ্বিতীয় গেম জেতেন। এরপর তৃতীয় গেমেও একই ছন্দে খেলেন ধ্রুব-তানিশা। ২১-১৫ ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তাঁরা।ভারতের হয়ে একই দিনে মিক্সড ডবলস ও মহিলা সিঙ্গলসে দুটি বড় জয় ভারতীয় ব্যাডমিন্টনের জন্য বড় প্রাপ্তি। বিশেষজ্ঞদের মতে, সিন্ধুর এই পারফরম্যান্স আগামী ম্যাচগুলিতে তাঁকে আরও এগিয়ে দেবে। ব্যাডমিন্টন বিশেষজ্ঞরা বলছেন, ‘পিভি সিন্ধুর শক্তি হলো তাঁর বড় মঞ্চের অভিজ্ঞতা। গুরুত্বপূর্ণ সময়ে তিনি চাপ সামলে খেলতে জানেন। আজকের ম্যাচ তার প্রমাণ।’
প্যারিসে ভারতীয় দলের কোচিং স্টাফও সিন্ধুর লড়াইয়ের প্রশংসা করেছেন। তাঁদের মতে, শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলানোর ক্ষমতাই সিন্ধুকে অন্যদের থেকে আলাদা করেছে। এখন দেখার বিষয়, কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ কে হন এবং সেই ম্যাচে তিনি কেমন ছন্দে খেলেন। যেভাবে এগোচ্ছেন সিন্ধু, তাতে ভারতীয় সমর্থকেরা আবারও বিশ্ব ব্যাডমিন্টনে নতুন কীর্তির স্বপ্ন দেখতে শুরু করেছেন।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Anushka Sharma London | লন্ডনের রাস্তায় বিরুষ্কা, হঠাৎ চিনে ফেললেন দম্পতি, ভাইরাল হল মুহূর্ত




