Adaso Kapesa, SPG woman officer | মণিপুরের সাহসী কন্যা প্রধানমন্ত্রীর ঢাল: এসপিজি-তে ইতিহাস গড়লেন আদাসো কাপেসা

SHARE:

আদাসো কাপেসা, মণিপুরের সাহসী কন্যা, যিনি এসপিজি-তে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের অংশ হলেন। জানুন তাঁর যাত্রাপথ, সংগ্রাম ও সাফল্যের গল্প।

সাশ্রয় নিউজ ডেস্ক ★ নতুন দিল্লি: দৃঢ় চোয়াল, নিস্পলক দৃষ্টি, চেহারায় ফুটে উঠছে অতুলনীয় আত্মবিশ্বাস। তিনি কোনও বলিউড সিনেমার চরিত্র নন, বাস্তবের এক সাহসী সেনা, আদাসো কাপেসা (Adaso Kapesa)। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিদেশ সফরের সময় ভাইরাল হওয়া এক ভিডিও-তেই তাঁকে প্রথমবার চোখে পড়ে দেশবাসীর। কালো স্যুট পরিহিতা, অস্ত্রধারী এই অফিসার ছিলেন প্রধানমন্ত্রীর একেবারে পেছনে। দৃশ্যটা ছিল নজরকাড়া, কিন্তু তার চেয়েও বড় ছিল এর গুরুত্ব, কারণ তিনিই প্রথম মহিলা যিনি দেশের সবচেয়ে ‘এলিট’ সিকিউরিটি ফোর্স SPG বা স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপে যোগ দিয়েছেন।

কাপেসার এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্বই নয়, দেশের নিরাপত্তা ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণের এক নতুন দিগন্তের সূচনা। মণিপুরের সেনাপতি জেলার (Senapati district) প্রত্যন্ত কাইবি গ্রামে (Kaibi village) তাঁর জন্ম। ছোটবেলায় অবহেলা, দারিদ্র‍্য আর সীমিত সুযোগের মধ্যে দিয়েই বেড়ে উঠেছেন কাপেসা। কিন্তু তাতে তিনি দমে যাননি। নিজের অধ্যবসায়, মানসিক দৃঢ়তা ও কঠোর শারীরিক প্রস্তুতির মাধ্যমে পৌঁছে গেছেন সেই জায়গায়, যেটা আজও বহু পুরুষের কাছেও এক স্বপ্ন। বর্তমানে আদাসো কাপেসা ‘সশস্ত্র সীমা বল’ বা SSB-এর ৫৫ নম্বর ব্যাটেলিয়নের (55th Battalion) সদস্য হিসেবে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে (Pithoragarh, Uttarakhand) নিযুক্ত। সেখান থেকেই তাঁকে বেছে নেওয়া হয় SPG-এর জন্য। এই দলটি প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করে, দেশে বা বিদেশে। বুলেটপ্রুফ পোশাক, কাঁধে FN P90 সাব-মেশিন গান, কোমরে গ্লক পিস্তল, এসপিজি সদস্যরা সর্বদা প্রস্তুত থাকে যে কোনও সম্ভাব্য হামলা রুখে দিতে।কিন্তু SPG-তে যোগ দেওয়া মানেই শুধু অস্ত্র চালানো নয়। এর জন্য পেরোতে হয় ভয়ঙ্কর রকম কঠিন ট্রেনিং পর্ব। স্পিড, রিফ্লেক্স, মনোসংযোগ, অ্যাডভান্সড ফায়ারিং টেকনিক, সাইকোলজিক্যাল টেস্ট, সবকিছুতে সফল হলেই তবেই সুযোগ মেলে এই বিশেষ ইউনিটে কাজ করার। কাপেসার সেই পরীক্ষাগুলিতেই নজরকাড়া পারফরম্যান্সই তাঁকে এনে দেয় এই অনন্য সুযোগ।

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, কাপেসার SPG-তে যোগদান ভারতীয় নিরাপত্তা বাহিনীতে মহিলাদের জায়গা আরও দৃঢ় করল। উত্তর-পূর্ব ভারতের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে আজ দেশের শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা রক্ষাকারী দলের গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু মেয়েদের ক্ষমতায়নের নিদর্শনই নয়, তা দেশের মূল ভূখণ্ড ও উত্তর-পূর্বের মধ্যে দীর্ঘদিনের ব্যবধান ঘোচানোর এক ইতিবাচক পদক্ষেপ। নিরাপত্তা বিশ্লেষক বিপিন শর্মা (Bipin Sharma) বলেন, “এসপিজি-র মতো ইউনিটে একজন মহিলা অফিসারের উপস্থিতি যেমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত, তেমনি আদাসো কাপেসার মতো সাহসী এবং দক্ষ অফিসার তার যোগ্যতা প্রমাণ করে দেখিয়েছেন, নারীরাও দেশের সর্বোচ্চ নিরাপত্তা স্তরে অবদান রাখতে পারে।”

এই সাফল্যের জন্য কাপেসাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দেশের নানা প্রান্তের মানুষ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘মণিপুরের দুর্গা’ বলে আখ্যা দেওয়া হয়েছে। তাঁর নাম এখন ভারতের সাহসী নারীদের অনুপ্রেরণার তালিকায় জায়গা করে নিয়েছে। অন্যদিকে, এই পদক্ষেপের মধ্যে দিয়ে মোদী সরকারের ‘নতুন ভারত’ নীতি যেন আরও স্পষ্ট। যেখানে লিঙ্গ নয়, যোগ্যতাই শেষ কথা। যেখানে দেশের প্রত্যন্ত গ্রামের এক কন্যাও হয়ে উঠতে পারেন জাতীয় নিরাপত্তার রক্ষাকর্তা। এবং যেখানে নারীরাই হয়ে উঠছেন শক্তির প্রতীক, সাহসের মূর্তি।আদাসো কাপেসার দায়িত্ব আজকের যুব প্রজন্মের কাছে শিক্ষণীয় যে, কঠিন পরিস্থিতি থেকে উঠে এসেও নিজের লক্ষ্যে পৌঁছানো সম্ভব, নিজের ভেতরে যদি থাকে আত্মবিশ্বাস, নিষ্ঠা আর অধ্যবসায়।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi, Charles III Meeting | রাজা চার্লসকে ‘সোনোমা ডাভ ট্রি’ উপহার দিলেন মোদী, ব্রিটেন-ভারত মুক্ত বাণিজ্য চুক্তিতেও সই

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন