শুভ্রাংশু চন্দ ★ সাশ্রয় নিউজ, নতুন দিল্লি : ভারতীয় দাবায় নতুন ইতিহাসের জন্ম দিলেন দিব্যা দেশমুখ (Divya Deshmukh)। মাত্র ১৯ বছর বয়সেই মহিলা বিশ্বকাপ দাবার ফাইনালে পৌঁছনো প্রথম ভারতীয় হিসেবে রেকর্ড গড়লেন এই আন্তর্জাতিক মাস্টার। চিনের (China) প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন তাং ঝাংজি (Tan Zhongyi)-কে সেমিফাইনালে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন দিব্যা। কিন্তু নিজে কি খুশি? প্রশ্নের উত্তরে দিব্যার সরল স্বীকারোক্তি, “আরও ভাল খেলা উচিত ছিল।” ম্যাচ জেতার পর সাংবাদিকদের সামনে আবেগে ভেঙে পড়েছিলেন নাগপুরের (Nagpur) এই কন্যা। কান্না আটকাতে পারেননি। স্বপ্নের ফাইনালে ওঠার পরও যেন বিশ্বাস করতে পারছিলেন না। কিছুটা ধাতস্থ হয়ে দিব্যা বলেছেন, “গত ক’য়েক দিন ভীষণ চাপের মধ্যে কেটেছে। ঠিক মতো ঘুমোতে পারিনি। এখন ফাইনালের আগে একটাই ইচ্ছে, ভাল করে ঘুমোতে চাই। একটু ঘুম না হলে শরীর ও মাথা কাজ করে না। আর হ্যাঁ, পেট ভরে খেতেও চাই।”

ফাইনালে দিব্যার প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। অন্য সেমিফাইনালে মুখোমুখি হয়েছেন ভারতের কনেরু হাম্পি (Koneru Humpy) ও চিনের লি তিংজি (Lei Tingjie)। তাদের ম্যাচ টাইব্রেকারে গিয়েছে। তাই প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পরই ফাইনালের প্রস্তুতি শুরু করবেন দিব্যা। তাঁর কথায়, “এখনও জানি না ফাইনালে কার সঙ্গে খেলতে হবে। জানার পর সেই অনুযায়ী পরিকল্পনা করব।” নিজের পারফরম্যান্স নিয়েও অবশ্য সন্তুষ্ট নন দিব্যা। ম্যাচের পর স্পষ্ট বলেছেন, “জানি না কী বলব! আমার মনে হচ্ছে আরও ভাল খেলা উচিত ছিল। একটা সময় মনে হচ্ছিল জিতে যাব। কিন্তু পরে মাঝের খেলায় বেশ কিছু ভুল করে ফেলি। তখন মনে হয়েছিল ম্যাচটা ড্র হয়ে যাবে। শেষ পর্যন্ত ভাগ্য আমাকে সঙ্গ দিয়েছে।” তবে প্রতিপক্ষ তাং ঝাংজি (Tan Zhongyi)-কেও কৃতিত্ব দিয়েছেন তিনি। বলেছেন, “মাঝে ঝাংজি বেশ ভাল খেলতে শুরু করেছিল। আমার সহজে জেতা উচিত ছিল।”
দেশজুড়ে ক্রীড়াপ্রেমীরা যখন দিব্যার কৃতিত্বে উচ্ছ্বসিত, তিনি সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আবেগে ভরা কণ্ঠে বলেছেন, “আপনাদের ভালবাসা আর সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আপনারা আছেন বলেই আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি। এ ছাড়া আর কিছু বলার নেই।” উল্লেখ্য, দিব্যা দেশমুখের (Divya Deshmukh) এই জয়ে শুধু যে নতুন ইতিহাস তৈরি হল তা নয়, আগামী দিনে ঐতিহ্যশালী ক্যান্ডিডেট টুর্নামেন্টে খেলার ছাড়পত্রও পেলেন তিনি। অর্থাৎ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে তাঁর পথ আরও প্রশস্ত হল। ভারতের দাবা মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে উচ্ছ্বাসের জোয়ার। তবে সেই উচ্ছ্বাস থেকে অনেক দূরে দিব্যা। আপাতত তাঁর লক্ষ্য একটাই, ফাইনালের আগে দু’দিন ভাল ঘুম এবং পেট ভরে খাওয়া। তারপর? লড়াই ফাইনালে, যেখানে আরেকটি স্বপ্নপূরণের অপেক্ষা ভারতের।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : India vs England 4th Test Day 2 | ম্যাঞ্চেস্টার টেস্টে বাজ়বল, পন্থের লড়াই ম্লান, কম্বোজের অভিষেকেও হতাশার দ্বিতীয় দিন




