বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ, ইম্ফল : প্রখ্যাত নাট্যকার ও নির্দেশক রতন থিয়ম (Ratan Thiyam) আর নেই। বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মণিপুরের (Manipur) এই নাট্যকৃতি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে মণিপুর সহ সমগ্র ভারতীয় নাট্যজগতে নেমে এসেছে শোকের আবহ।
‘থিয়েটার অফ রুটস’ আন্দোলনের অন্যতম পথপ্রদর্শক ছিলেন রতন থিয়ম। মণিপুরের সীমা অতিক্রম করে তিনি ভারতীয় নাট্যচর্চায় এনে দিয়েছিলেন নতুন দিশা ও দর্শন। নাট্যগুরু হিসেবে তিনি শুধুমাত্র মঞ্চনির্দেশনাতেই থেমে থাকেননি, লিখেছেন একের পর এক প্রভাবশালী নাটক। তাঁর নাটকে প্রাচীন ভারতীয় মিথ ও সংস্কৃতিকে বোনা হত সমসাময়িক রাজনৈতিক, সামাজিক ও দার্শনিক ভাবনায়। এই অনন্য মিশ্রণই তাঁকে পৌঁছে দিয়েছিল এক বিশেষ উচ্চতায়। তাঁর অন্যতম বিখ্যাত নির্মাণ ‘চক্রব্যূহ’ (Chakravyuha) ও ‘ঋতুসংহারম’ (Ritusamharam)। ‘চক্রব্যূহ’ নাটকে মহাভারতের অভিমন্যুর বীরত্ব ও করুণ পরিণতিকে তিনি বুনেছিলেন যুদ্ধের নিষ্ঠুরতা ও মানবিকতার প্রশ্নে। আর ‘ঋতুসংহারম’-এ ঋতু পরিবর্তনের আধ্যাত্মিক ব্যাখ্যা মিশেছিল নান্দনিক নৃত্য, সঙ্গীত ও দৃশ্যতত্ত্বের সঙ্গে। ১৯৮৯ সালে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকার তাঁকে পদ্মশ্রী (Padma Shri) সম্মান প্রদান করে।
রতন থিয়মের জীবনজুড়ে যুক্ত ছিল নানা দায়িত্ব ও সম্মান। সঙ্গীত নাটক আকাডেমি (Sangeet Natak Academy)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভারতের অন্যতম নাট্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল অফ ড্রামা (National School of Drama)-তে চেয়ারপার্সন পদে নিযুক্ত ছিলেন। তাঁর শিক্ষাদান ও দৃষ্টিভঙ্গি নাট্য শিক্ষার্থীদের কাছে ছিল এক অমূল্য সম্পদ। উল্লেখ্য, তাঁর প্রয়াণে মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ (Nongthombam Biren Singh) গভীর শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি লেখেন, ‘শ্রী রতন থিয়ামের মৃত্যুতে গভীর ভাবে শোকপ্রকাশ করছি। ভারতীয় নাট্যজগতের অন্যতম নক্ষত্র ছিলেন, তিনি মণিপুরের অমূল্য সম্পদ। শিল্পের প্রতি তাঁর ভালবাসা, নিষ্ঠা ও মণিপুরি শিল্পের প্রতি তাঁর টান শুধুই বিশ্বের নাটককে সমৃদ্ধ করেনি। আমাদের পরিচিতিকেও সমৃদ্ধ করেছে।’
প্রয়াত এই শিল্পীর নাট্যশিল্প নতুন প্রজন্মের নাট্যকর্মীদের কাছে প্রেরণা হিসেবে থেকে যাবে। তিনি প্রমাণ করেছিলেন, নাটক কেবল বিনোদনই নয়, তাঁর নাটক বৃহৎ দার্শনিক ও রাজনৈতিক ভাষ্য। তাঁর ভাবনা ও নির্মাণ ভবিষ্যতেও ভারতীয় নাট্যমঞ্চকে আলো দেবে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : PM Narendra Modi Namibia visit | নামিবিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: গান স্যালুটে স্বাগত, প্রবাসীদের উপহারে ভরা উষ্ণ অভ্যর্থনা



