পারিজাত গঙ্গোপাধ্যায় ★ হায়দরাবাদ : ভারতীয় পেসার মহম্মদ শামি (Mohammed Shami) কি এবার আইপিএল (IPL) থেকেও বাদ পড়তে চলেছেন? এমনই জল্পনা ছড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-এর শিবিরে। ইংল্যান্ড সফরের দলে না থাকা শামির ওপর চাপ আগেই ছিল, এবার সানরাইজার্স-এর বোলিং কোচের মন্তব্যে সেই চাপ আরও বাড়ল!
সোমবার হায়দরাবাদ ঘোষণা করেছে যে, জেমস ফ্রাঙ্কলিন (James Franklin)-এর পরিবর্তে তাদের নতুন বোলিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বরুণ অ্যারন (Varun Aaron)। কিন্তু বোলিং কোচ হওয়ার আগে বিশ্লেষকের আসনে বসে বরুণ যা বলেছিলেন, তা নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। গত আইপিএলের গত মরশুমে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের পক্ষ থেকে বরুণকে প্রশ্ন করা হয়েছিল, কাকে ছাড়লে হায়দরাবাদের ভাল হবে? জবাবে তিনি সাফ বলেছিলেন, “আমি শামির নাম বলব। ও কেরিয়ারের শেষের দিকে পৌঁছে গিয়েছে। ফিটনেস সমস্যা হচ্ছে। তাই ছেড়ে দেওয়া উচিত।” পাশাপাশি ঈশান কিশন (Ishan Kishan)-এর নামও তুলেছিলেন বরুণ। তাঁর মতে, “ওদের কিনতে অনেক টাকা খরচ হয়েছে। ওদের ছেড়ে কম টাকায় ভাল ক্রিকেটার কেনা উচিত ছোট নিলামে।”
বরুণের এই পুরনো মন্তব্যের ভিডিও ফের ভাইরাল হয়েছে সোমবার, যখন তাঁর কোচ হওয়ার খবর ঘোষণা করা হয়েছে। সমর্থকদের বক্তব্য, বরুণ যখন একজন বিশ্লেষক হিসেবে শামিকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, এখন তিনি নিজেই বোলিং কোচ। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাঁর হাতেই থাকবে। তাই আগামী মরশুমে হায়দরাবাদের জার্সিতে শামিকে দেখা যাবে কি না, তা নিয়ে প্রবল সন্দেহ তৈরি হয়েছে।উল্লেখ্য, গত বছরের বড় নিলামে হায়দরাবাদ শামিকে ১০ কোটি টাকা দিয়ে কিনেছিল। শুরুতে তাঁকে খেলানোও হয়েছিল। কিন্তু পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিনি ৯টি ম্যাচে ৫৬.১৬ গড়ে মাত্র ৬ উইকেট পেয়েছেন। রান দিয়েছেন প্রচুর। তাই শেষদিকে প্রথম একাদশ থেকেও বাদ পড়তে হয় তাঁকে। এবার হয়ত পুরো দল থেকেই বাদ যেতে পারেন বাংলার এই পেসার। ছোট নিলামে নামলেও শামি দল পাবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ তাঁর ফিটনেস ও ফর্ম দুটোই এখন বড় প্রশ্নচিহ্ন।
ঈশান কিশন নিয়েও একই রকম সমস্যা তৈরি হয়েছে হায়দরাবাদ শিবিরে। যদিও মরশুমের শুরুটা তাঁর ভাল ছিল। হায়দরাবাদের হয়ে প্রথম শতরানও করেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু তারপর ফর্ম হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত ১৪টি ম্যাচে মাত্র ৩৫৪ রান করেছেন, গড় ৩৫.৪০। তাছাড়া হায়দরাবাদের ওপেনিং জুটি ট্রাভিস হেড (Travis Head) ও অভিষেক শর্মা (Abhishek Sharma) দু’জনেই বাঁহাতি। ফলে তিন নম্বরে আরেক বাঁহাতি ব্যাটারকে রাখার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে দলের অন্দরমহল। অন্যদিকে, হায়দরাবাদের সমর্থকরা মনে করছেন, বরুণ অ্যারন বোলিং কোচ হওয়ার পর দলের পেস আক্রমণে নতুন রদবদল হতে পারে। বিশেষ করে শামির ক্ষেত্রে কোচের পুরনো মন্তব্যই এখন বড় ইঙ্গিত। ফলে আগামী দিনে শামির জন্য আইপিএল-এ পথ সহজ থাকছে না বলেই আশঙ্কা করছেন অনেকেই। দেশের জার্সিতে কবে ফিরবেন তাও যেমন অনিশ্চিত, তেমনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর ভবিষ্যৎ ঘিরে দেখা দিয়েছে নতুন প্রশ্ন!
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli | জীবন বদলে দেওয়া তিন বই পড়ে বিরাট হলেন ‘বিরাট’



