Rohan Thakkar Anshula Kapoor wedding | অর্জুন কাপুরের বাড়িতে বাজছে বিয়ের সানাই, কনের নাম শুনলে অবাক হবেন

SHARE:

কৌশিক রায় ✪ সাশ্রয় নিউজ বিনোদন ডেস্ক : মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের শোনা যাচ্ছে বিয়ের ঘণ্টা। এবার কাপুর পরিবারে। বহুদিন ধরেই বনি কাপুরের (Boney Kapoor) বাড়িতে বিয়ের জল্পনা ছিল। বিশেষ করে, তাঁর তিন সন্তান জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), অর্জুন কাপুর (Arjun Kapoor) এবং অনশূলা কাপুর (Anshula Kapoor) সকলেই প্রাপ্তবয়স্ক ও প্রতিষ্ঠিত। তবে জাহ্নবী কাপুর আপাতত তাঁর প্রেমিক শিখর পাহাড়িয়া (Shikhar Pahariya)-র সঙ্গে প্রেমে মশগুল। অন্যদিকে অর্জুন কাপুর সম্প্রতি মালাইকা অরোরা (Malaika Arora)-র সঙ্গে ব্রেকআপের পর একাই রয়েছেন। ফলে এবার বাজতে চলেছে সানাই অনশূলা কাপুরের জন্যই।

অনশূলা ওয়েডিং রিং। ছবি: সংগৃহীত 

হ্যাঁ, বনি কাপুরের কন্যা অনশূলা কাপুর এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। পাত্র তাঁর বহুদিনের প্রেমিক রোহন ঠক্কর (Rohan Thakkar)। সূত্র মারফৎ জানা গিয়েছে, সম্প্রতি নিউ ইয়র্কে অনশূলার অনামিকায় আংটি পরিয়ে বাগদান সেরেছেন রোহন। এই স্পেশ্যাল মোমেন্টে উপস্থিত ছিলেন ভাই অর্জুন কাপুরও। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি প্রকাশ্যে আসতেই কাপুর পরিবারের ঘনিষ্ঠ মহলে শুরু হয়েছে শুভেচ্ছা বার্তার বন্যা।

অনশূলা কাপুর বরাবরই লাইমলাইটের আড়ালে থাকতে পছন্দ করেন। কিন্তু রোহন ঠক্করর সঙ্গে তাঁর সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে গোপন ছিল না। গত এক বছরে তাঁদের একাধিক ছবি ভাইরাল হয়েছে। কিন্তু বাগদানের খবর সামনে আসতেই বলিউডপ্রেমীরা উচ্ছ্বসিত। অর্জুন কাপুরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “অনশূলা জীবনে সত্যিই সুখী। রোহনের সঙ্গে ওর বোঝাপড়া অসাধারণ।” অন্যদিকে, অনশূলা কাপুরের জীবনে ভাই অর্জুন কাপুরের অবদান অগাধ। মা মোনা শৌরির (Mona Shourie) মৃত্যুর পর বোনকে সামলে নতুন জীবন দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন অর্জুন। যদিও শ্রীদেবী (Sridevi)-র সঙ্গে বনি কাপুরের বিয়ের পর অর্জুন ও অনশূলার সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয়েছিল। অর্জুন নিজেই বহু সাক্ষাৎকারে জানিয়েছেন, শ্রীদেবীর সঙ্গে সম্পর্ক কখনওই খুব মধুর ছিল না। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। এখন বনি কাপুর ও অর্জুন কাপুরের সম্পর্ক যথেষ্ট উষ্ণ ও শ্রদ্ধাপূর্ণ। বনি কাপুর নিজেও জানিয়েছেন, “জাহ্নবী (Janhvi), খুশি (Khushi), অর্জুন (Arjun) ও অনশূলা (Anshula) চারজনই আমার হৃদয়ের অংশ।”

রোহন-অনশূলা। ছবি: সংগৃহীত 

এদিকে বাগদান হলেও এখনও বিয়ের তারিখ ঘোষণা করেননি অনশূলা ও রোহন। তবে কাপুর পরিবার সূত্রে খবর, শীঘ্রই মুম্বইতে হবে জমকালো রাজকীয় বিয়ে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রাথমিক প্রস্তুতি। পরিবারের ঘনিষ্ঠ মহল বলছে, বনি কাপুর নিজেই চাইছেন মেয়ের বিয়ে যেন জীবনের সবচেয়ে স্পেশ্যাল দিন হয়ে ওঠে। আর তাই নাকি মুম্বইয়ের নামী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে।অনশূলা কাপুর যদিও অভিনয় জগতে আসেননি, তবে কাপুর পরিবারের গ্ল্যামার থেকে কখনও দূরে ছিলেন না। অর্জুন কাপুর সবসময়ই বোনের পাশে থেকেছেন। তাঁদের সম্পর্ক নিয়ে অর্জুন বলেছিলেন, “জীবনে যা কিছু ভাল, তার প্রেরণা অনশূলা। ওর হাসিই আমার শক্তি।” এই মন্তব্যেই স্পষ্ট, কেন বোনের বাগদানের মুহূর্তে ভাই অর্জুনের চোখে জল চলে এসেছিল। এই মুহূর্তে সকলের একটাই প্রশ্ন, কবে হবে কাপুর পরিবারের এই খানদানি বিয়ে? তবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে। আপাতত কাপুর পরিবারে আনন্দের হাওয়া বইছে, আর সোশ্যাল মিডিয়ায় অনশূলা ও রোহনকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন বলিউডের অনুরাগীরা।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Hollywood side-eye photo story, Jayne Mansfield Sophia Loren dinner photo : হলিউডের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত সাইড-আই, সোফিয়া লরেন ও জেন ম্যান্সফিল্ডের সেই রাত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment