Numerology| জন্ম সংখ্যা ১ ও ২৮ তারিখে জন্মালে কেমন কাটবে জীবন?

SHARE:

সোমনাথ আচার্য : সংখ্যাতত্ত্বের (Numerology) জগতে জন্ম ১ সংখ্যা ও ২৮ তারিখে জন্মানো মানুষদের বিশেষ গুরুত্ব রয়েছে। ১ সংখ্যা মানে সূর্যের প্রভাব। আর ২৮ তারিখে জন্মানোদের সংখ্যাতত্ত্বেও শেষমেষ যোগফল ১ হয় (২+৮=১০, ১+০=১)। তাই এঁরা মূলত ‘লিডার’ (Leader) প্রকৃতির হয়ে থাকেন। চলুন দেখে নেওয়া যাক, কেমন যেতে পারে এঁদের কাজ, প্রেম, সংসার ও বিয়ের জীবন। এঁদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে বিশেষজ্ঞরা বলেন, এঁরা আত্মবিশ্বাসী, স্পষ্টবাদী ও অত্যন্ত উদ্যমী। জীবনে ছোট কোনও লক্ষ্য থাকে না। সব কিছুতেই এঁরা সেরার দিকে ছুটতে চান। এঁরা নেতৃত্ব দিতে ভালবাসেন। দায়িত্ব এড়ানো এঁদের স্বভাবের মধ্যে পড়ে না। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের মধ্যেও এঁরা এমন জায়গা করে নেন যে, সকলেই ওঁদের উপরে নির্ভর করতে শুরু করেন। কাজের দিক থেকে দেখলে, জন্ম ১ সংখ্যার জাতক-জাতিকারা প্রশাসনিক কাজ, ম্যানেজমেন্ট, ব্যবসা, মিডিয়া, আর্মি বা পুলিশ সার্ভিস, এমনকী পলিটিকসেও (Politics) দারুণ সফল হন। কারণ সূর্যের প্রভাব এঁদের নেতৃত্বের গুণ দেয়। তবে সমস্যা একটাই এঁরা কখনও কখনও আত্মতুষ্টিতে ভোগেন। নিজের সিদ্ধান্তকেই শেষ কথা ভাবা, অন্যের কথা না শোনা, এই প্রবণতা থাকলে জীবনে সুযোগ আসার পরও তা নষ্ট হতে পারে।

এবার এঁদের প্রেম ও বৈবাহিক জীবনের দিকে আসা যাক। ১ সংখ্যা ও ২৮ তারিখে জন্মানোদের প্রেমজীবন সাধারণত নাটকীয় ও আবেগপ্রবণ হয়। এঁরা প্রেমে পড়লে, সর্বস্ব দিয়ে দেন। কিন্তু জেদ ও অধিকারবোধের কারণে সম্পর্কে চাপ আসতে পারে। ফলে এঁদের পক্ষে সবচেয়ে ভাল হয়, যদি সঙ্গী হয় ২, ৩, ৬ বা ৯ সংখ্যার। বিশেষজ্ঞরা বলেন, ২ সংখ্যার জাতক-জাতিকারা চন্দ্রের প্রভাবে কোমল হন, যা সূর্যের প্রভাবাধীন ১ সংখ্যার জাতকদের অহমকে সহজে প্রশমিত করতে পারে। ৩ সংখ্যা জন্মানোরা বুদ্ধিমান, প্রাণোচ্ছল ও সামাজিক। ৬ সংখ্যা হল ভেনাসের প্রভাবাধীন, রোম্যান্টিক ও শিল্পবোধসম্পন্ন। আর ৯ সংখ্যার জাতক-জাতিকারা হন উদার ও শক্তিশালী। তাই এঁদের সঙ্গে ১ সংখ্যার মানুষের সম্পর্ক স্থিতিশীল হতে পারে। সংসারজীবনে এঁরা পরিবারকেন্দ্রিক হলেও ব্যক্তিগত স্পেস ও স্বাধীনতা চান। জীবনের প্রথম ভাগে পারিবারিক বা আর্থিক চ্যালেঞ্জ এলেও, নিজের পরিশ্রম আর নেতৃত্বগুণে ৩৫-৪৫ বছর বয়সের মধ্যে স্থিতি ও সাফল্য আসে। তবে কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এঁদের অহং কমানো এমনকী নম্রতা শেখা প্রয়োজন। অর্থের দিক থেকেও এঁরা ভাগ্যবান। বেশিরভাগ সময়েই জীবনে দুই-তিনটি বড় সুযোগ আসে, যা কাজে লাগাতে পারলে প্রতিষ্ঠা নিশ্চিত। কিন্তু লটারি বা শর্টকাটের দিকে না গিয়ে নিয়মিত পরিশ্রমই এঁদের জন্য মঙ্গলজনক। বিশেষজ্ঞরা বলেন, রবিবার এঁদের জন্য অত্যন্ত শুভ। এদিন মানত, দান, সূর্যকে জল অর্ঘ্য দেওয়া বা গুরুজনের আশীর্বাদ নেওয়া ভাল ফল দেয়। মনে রাখতে হবে, জন্ম ১ সংখ্যা ও ২৮ তারিখে জন্মানো মানুষদের জীবন কখনও থমকে থাকে না। এঁদের জন্য মূল মন্ত্র, আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অহং ত্যাগ করুন। নেতৃত্ব দিন, তবে সহমর্মিতা ভুলবেন না। তবেই প্রেম, কাজ ও সংসারে মিলবে পূর্ণতা। সংখ্যাতত্ত্বের আলোকে এটাই ভবিষ্যতের স্পষ্ট ইঙ্গিত।

-প্রতীকী চিত্র
আরও পড়ুন : Lottery Win : লটারি জিতলে ইনকাম ট্যাক্স কেন কাটা উচিত নয়?

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন