AR Rahman food habits | মাঝরাতের খিদে, এআর রহমানের পছন্দের তালিকায় কী কী খাবার?

SHARE:

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : তিন দশকেরও বেশি সময় ধরে সঙ্গীত জগতে রাজত্ব করছেন এআর রহমান (AR Rahman)। অস্কার, গ্র্যামি-সহ অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত এই শিল্পী নিজের শরীরের যত্নে বরাবরই সচেতন। তবে মাঝরাতের খিদে পেলে আর কোনও নিয়ম মানতে ইচ্ছে করে না তাঁর। সুরকারের ভাষায়, “রাত বাড়লেই খাই খাই ভাবটা বেড়ে যায়।” রাত যত গভীর হয়, ততই জাঙ্ক ফুডের প্রতি টান বাড়ে রহমানের। পিৎজা কিংবা বার্গার অর্ডার করতে একটুও দেরি করেন না তিনি। কখনও নিজেই অর্ডার দেন, আবার কখনও ছেলেকে দিয়েও বার্গার আনিয়ে নেন মাঝরাতে। শুধু তাই নয়, খিদে পেলে আইসক্রিম, চকোলেট, ফ্রিজে রাখা মিষ্টি সব কিছুর দিকেই হাত চলে যায় এই সঙ্গীত পরিচালক ও গায়ক-গীতিকারের।

-প্রতীকী চিত্র

তবে বিশেষজ্ঞদের মতে, রাতে এই ধরনের খাবার শরীরের পক্ষে ক্ষতিকর। মাঝরাতে শরীরের বিপাক হার অনেক কমে যায়। সেই সময়ে ভারী বা মশলাদার খাবার খেলে তা হজম হতে দেরি হয়। বাড়তে পারে গ্যাস-অম্বলের সমস্যা। অম্লরস খাদ্যনালিতে উঠে এসে গলা-বুক জ্বালার সমস্যাও তৈরি করে। তাই এমন খাবার না খেয়ে কিছু হালকা ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন, মাঝরাতের খিদে মেটাতে এআর রহমানেরও (AR Rahman) রয়েছে স্বাস্থ্যকর বিকল্প। কখনও তিনি খান বেরি দিয়ে গ্রিক ইয়োগার্ট, কখনও পিনাট বাটার, আবার কখনও পপকর্ন। পুষ্টিবিদদের মতে, এই ধরনের খাবারে ক্যালোরির পরিমাণ কম এবং তা সহজে হজম হয়।

রাতের খিদে মেটাতে কী কী খাওয়া যেতে পারে? পুষ্টিবিদদের কথায়, বাদাম জাতীয় খাবার, যেমন আমন্ড বা আখরোট, হতে পারে সেরা বিকল্প। ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ক্যালশিয়াম, আয়রন ও পটাশিয়াম সমৃদ্ধ এই দুই বাদাম অনেক ক্ষণ পেট ভর্তি রাখে। কর্ন সেদ্ধও হতে পারে সহজ ও উপকারী খাবার। লেবুর রস ছড়িয়ে খেলে স্বাদও বাড়ে। এছাড়া, পিনাট বাটার দিয়ে টোস্ট, অ্যাভোকাডো টোস্ট, কিশমিশ, বেরি, খেজুর, পেস্তা ইত্যাদি ড্রাই ফ্রুটও খাওয়া যেতে পারে। তবে এআর রহমানের (AR Rahman) মতো যদি মাঝরাতে আপনারও বার্গার বা পিৎজার লোভ জাগে, তা হলে একটু নিয়ন্ত্রণে রাখা ভাল। কারণ, দিনের পর দিন রাতের বেলায় এই ধরনের খাবার খেলে ওজন বৃদ্ধি থেকে শুরু করে হজমের নানা সমস্যা তৈরি হতে পারে। তাই রাতের খাবারের তালিকায় যতটা সম্ভব হালকা, স্বাস্থ্যকর ও সহজপাচ্য খাবার রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শরীর ঠিক রাখতে গেলে নিয়ন্ত্রণই আসল চাবিকাঠি। আর এ কথা জানেন এআর রহমানও (AR Rahman)। তাই তো বার্গার-পিৎজার পাশাপাশি মাঝেমধ্যে পপকর্ন, গ্রিক ইয়োগার্টের দিকেও হাত বাড়ান তিনি। তাতে খিদেও মেটে, আবার শরীরও থাকে ফিট।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Alia Bhatt : দ্বিতীয়বার মা হচ্ছেন আলিয়া! 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন