Rinku Singh | যোগী আদিত্যনাথ সরকারের শিক্ষা দফতরে রিঙ্কু সিংহ! রিঙ্কু সিং-এর জীবনযাত্রা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়

SHARE:

ভ্রমর সেন ★ সাশ্রয় নিউজ : ভারতের ক্রিকেটপ্রেমীদের চেনা মুখ রিঙ্কু সিং (Rinku Singh) এখন আর কেবল মাঠের ২২ গজে সীমাবদ্ধ নেই। এবার তিনি পা রাখলেন সরকারি দফতরের দায়িত্বপূর্ণ আসনে। উত্তরপ্রদেশ সরকারের তরফে তাঁকে নিযুক্ত করা হয়েছে ‘জেলা প্রাথমিক শিক্ষা অফিসার’-এর (District Basic Education Officer) পদে। এই সিদ্ধান্ত যেন দুই বিপরীত রাজনৈতিক মেরুর এক অদ্ভুত সংমিশ্রণ। কারণ যাঁকে সম্মান জানিয়ে এই পদ, সেই রিঙ্কু বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সমাজবাদী পার্টির (Samajwadi Party) সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে। যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তরপ্রদেশে বরাবরই ক্রীড়াক্ষেত্রে সাফল্য অর্জন করা প্রতিভাদের সরকারি চাকরির মাধ্যমে সম্মানিত করে এসেছে। তারই ধারাবাহিকতায় এবার জায়গা করে নিলেন জাতীয় দলের এই উদীয়মান ক্রিকেটার। রাজ্য শিক্ষা দফতরের এক আধিকারিক জানালেন, “রিঙ্কু সিং রাজ্যের গর্ব। ও শুধু খেলার মাঠে নয়, সমাজ গঠনের ক্ষেত্রেও অনুপ্রেরণা হতে পারে।”

যোগী আদিত্যনাথ ও রিঙ্কু সিং। ছবি : সংগৃহীত

উল্লেখ্য যে, ২৬ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার রিঙ্কু যেভাবে জীবনের সঙ্গে লড়াই করে উঠে এসেছেন, তাতেই মুগ্ধ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ। ১৯৯৭ সালে আলিগড়ের (Aligarh) এক দরিদ্র পরিবারে জন্ম রিঙ্কুর। বাবা খইলাল সিংহ (Khailal Singh) ছিলেন গ্যাস সিলিন্ডার সরবরাহকারী। সংসারের হাল ধরতে ছোটবেলাতেই বাবার সঙ্গে কাজ করতে হতো তাঁকে। কিন্তু মাঠে অনুশীলনের সময় তিনি কখনও কমাননি। ক্রিকেটই তাঁর স্বপ্নের একমাত্র দিকচিহ্ন। রিঙ্কুর জীবনের মোড় ঘুরতে শুরু করে স্কুল পর্যায়ের আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁর দুরন্ত পারফরম্যান্সের পর। সেখান থেকেই নজরে আসেন একাধিক ক্লাব ও ট্যালেন্ট স্কাউটদের। এরপর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর হয়ে আইপিএলে (IPL) আত্মপ্রকাশ এবং ২০২৩ মরশুমে অবিশ্বাস্য এক ইনিংসের সৌজন্যে রাতারাতি জাতীয় নায়ক হয়ে ওঠেন। ভারতের হয়ে এখনও পর্যন্ত তিনি খেলেছেন দু’টি ওয়ানডে এবং ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। শুধু ক্রিকেট নয়, রিঙ্কুর ব্যক্তিগত জীবনও বর্তমানে চর্চার কেন্দ্রে। তিনি বিয়ে করতে চলেছেন সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতা শরৎ সরোজের (Sharad Saroj) কন্যা ও বর্তমানে সংসদ প্রিয়া সরোজকে। দুই পরিবার ইতিমধ্যেই আংটি বদল সম্পন্ন করেছে। আগে ঠিক ছিল ১৮ নভেম্বর, বারাণসীতে (Varanasi) রাজকীয় আয়োজনের মাধ্যমে এই বিয়ের অনুষ্ঠান হবে। তবে সেই সময়ে জাতীয় দলের ব্যস্ত সূচী থাকায় রিঙ্কু বিয়ের তারিখ পিছিয়ে দেন। সূত্রের খবর, এখন ঠিক হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের চার হাত এক হবে। রিঙ্কু ও প্রিয়ার এই বিয়ের খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। বিজেপি ও সমাজবাদী পার্টি দুই বিপরীত মেরুর রাজনৈতিক দল। কিন্তু এই দুই দলের মধ্যে এখন যেন সেতুবন্ধনের নাম রিঙ্কু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, “এই বিয়ের মধ্য দিয়ে দুই দলের মধ্যে এক নতুন মাত্রার সম্পর্ক তৈরি হতে পারে। যদিও রিঙ্কু বরাবরই রাজনীতির বাইরে থাকতে চেয়েছেন।”

যোগী সরকারের এই নিয়োগকেও অনেকেই রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। কিন্তু সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে, “এটি নিছকই সম্মান জানানোর উদ্দেশ্যে। রিঙ্কুর জীবনের সংগ্রাম, সাফল্য অনেক তরুণের জন্য প্রেরণা হতে পারে। সেই কারণেই শিক্ষা ক্ষেত্রে এই পদে তাঁকে রাখা হয়েছে।” রিঙ্কু নিজেও এই দায়িত্ব পেয়ে আপ্লুত। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ উত্তরপ্রদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। আমার পরিবারের লড়াই আজকের এই দিনে এসে পৌঁছেছে। আমি চেষ্টা করব, এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে।” প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে জাতীয় দলের ব্যস্ত সফরের মাঝে রিঙ্কুর সময় খুবই কম। তবে সরকারের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে প্রতীকী নিয়োগ হলেও ভবিষ্যতে তাঁকে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রকল্প ও প্রণোদনার প্রচারে যুক্ত করা হবে।একজন গ্যাস সরবরাহকারীর ছেলে থেকে জাতীয় দলের ক্রিকেটার, আর এখন সরকারি দফতরের দায়িত্বশীল কর্মী, রিঙ্কু সিং-এর জীবনযাত্রা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তার উপর রাজনীতির দুই বিপরীত শিবিরের তিনি যোগসূত্রও হয়ে উঠেছেন। ক্রিকেট, কর্তব্য আর প্রেম তিনটি দিকেই এখন রিঙ্কুর ব্যাটে যেন লাগাতার ছক্কা!

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Rinku-Priya Love story : রিঙ্কু-প্রিয়ার প্রেমকাহিনি, ক্রিকেট মাঠ থেকে সংসদের অন্দরমহল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন