পরিধি চক্রবর্তী, সাশ্রয় নিউজ ★ মুম্বই: বলিউডে পা রেখেছেন সবে ক’য়েক বছর। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঝলমলে কেরিয়ার থাকলেও এক ছবিতে বদলে গিয়েছিল তাঁর জীবন। সেই ছবির নাম ‘পুষ্পা: দ্য রাইজ (Pushpa: The Rise)’। আল্লু অর্জুন (Allu Arjun)-এর বিপরীতে এই ছবিতে ‘শ্রীভল্লি’-র চরিত্রে অভিনয়ের পর থেকেই রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna)-র জনপ্রিয়তা ছড়িয়েছে সারা দেশে। ৩০-এর ঘরে পা রাখার আগেই বিলাসবহুল জীবনযাপন আর সম্পত্তির পরিমাণে পেছনে ফেলেছেন বলিউডের অনেক সিনিয়র তারকাকেও। বর্তমানে রশ্মিকার ঝুলিতে রয়েছে পরপর তিনটি হাইগ্রসিং ছবি, যার প্রতিটির বক্স অফিস কালেকশন ৫০০ কোটিরও বেশি। ‘অ্যানিম্যাল (Animal)’, ‘পুষ্পা ২ (Pushpa 2)’ এবং ‘ছাবা (Chhava)’ এই তিনটি ছবি তাঁকে ভারতের সবচেয়ে সফল নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছে। তাঁর অভিনীত অধিকাংশ ছবিই হয়েছে সুপারহিট, ফলে শুধু জনপ্রিয়তায় নয়, উপার্জনের দিক দিয়েও রশ্মিকা এখন অগ্রগণ্য।

একদিকে সিনেমার ব্যস্ত শিডিউল, অন্যদিকে রাশিয়ালি সম্পত্তি। দেশজুড়ে পাঁচ শহরে বিলাসবহুল বাড়ির মালিক তিনি। মুম্বই, গোয়া, বেঙ্গালুরু, কুর্গ ও হায়দ্রাবাদে (Mumbai, Goa, Bengaluru, Coorg, Hyderabad) রয়েছে তাঁর নিজস্ব রিয়েল এস্টেট। বেঙ্গালুরুর বাড়িটি একটি ৮ কোটি টাকার বিলাসবহুল বাংলো, যেখানে সুইমিং পুল থেকে শুরু করে ব্যক্তিগত গার্ডেন সবই আছে। গোয়ায় রয়েছে একটি সমুদ্রের ধার ঘেঁষা ভিলা, যেখানে মাঝে মধ্যেই ছুটি কাটাতে যান তিনি। শুধু রিয়েল এস্টেট নয়, গাড়ির প্রতি রশ্মিকার ভালোবাসাও অনন্য। একাধিক দামি ও বিলাসবহুল গাড়ির মালিক এই অভিনেত্রী। তাঁর গ্যারাজে চোখ রাখলেই দেখা যাবে অডি কিউ ৩ (Audi Q3), যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। রয়েছে মার্সিডিজ বেঞ্জ সি-ক্লাস (Mercedes Benz C-Class), যার দাম প্রায় ৫০ লাখ। তাছাড়াও তাঁর সংগ্রহে আছে রেঞ্জ রোভার স্পোর্টস (Range Rover Sports), এসইউভি যার দাম প্রায় ১.৮৪ কোটি টাকা, টয়োটা ইনোভা ক্রিস্টা (Toyota Innova Crysta)-র মতো গাড়িও। বিলাস আর বৈভব উভয় দিক থেকেই এই অভিনেত্রী বহু পুরোনো বলি তারকাদের ছাড়িয়ে গিয়েছেন।

রশ্মিকার এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর পরিশ্রম, বেছে বেছে ছবির চিত্রনাট্য বাছা এবং নিরলস অনুশীলন। দক্ষিণের ছবিতে নিজের জায়গা মজবুত করার পর তিনি বলিউডে পা রাখেন আত্মবিশ্বাসের সঙ্গেই। সেই বিশ্বাস যে ভুল ছিল না, তা প্রমাণিত তাঁর বর্তমান অবস্থান থেকেই। এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেছিলেন, “আমি সবসময় চাই দর্শকের ভালোবাসা ধরে রাখতে। সিনেমা আমার প্যাশন। বিলাসবহুল জীবন ভালো লাগলেও আমি কাজেই সবচেয়ে বেশি আনন্দ পাই।”

সূত্রের খবর, বর্তমানে রশ্মিকা মন্দানা-র মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। যা তাঁর বয়স ও সময়ের তুলনায় রীতিমতো বিস্ময়কর। সামাজিক মাধ্যমে তাঁর ফলোয়ার সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বিভিন্ন নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে তাঁকে। এক অর্থে রশ্মিকা এখন দেশের অন্যতম ‘ফ্যাশন ও ইয়ুথ আইকন’।দক্ষিণে শুরু করে বলিউডে স্থায়ী আসন করে নেওয়ার পাশাপাশি আগামী দিনে হলিউডেও কাজ করতে চান রশ্মিকা। এমন ইঙ্গিত আগেই দিয়েছেন তিনি। আর তাঁর ক্যারিশমা এবং পছন্দমতো চিত্রনাট্য বেছে নেওয়ার কৌশল দেখে একথা বলা যেতেই পারে এই ‘ন্যাশনাল ক্রাশ’-এর ঝুলিতে এখনও বহু চমক অপেক্ষা করে আছে।

যাঁরা ভাবতেন অভিনয় কেবল গ্ল্যামার বা ক্যামেরার সামনে আসার মাধ্যম, তাঁদের জন্য রশ্মিকার জীবন এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বয়সে এমন সাফল্য, এমন অর্থসম্পদ ও একান্ত নিজস্ব স্টাইল সব মিলিয়ে রশ্মিকা মন্দানা আজকের দিনে এক অনুপ্রেরণার নাম।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Koel Mallick : বাংলা সিনেমার রাজকন্যা কোয়েল মল্লিক



