Skin Care | Shahnaz Husain : এক রাতেই জেল্লা নয় ত্বকের যত্নে চাই নিয়মিত পরিচর্যা, বলছেন শাহনাজ় হুসেন

SHARE:

সৌমিক দাস ★ সাশ্রয় নিউজ : সৌন্দর্যের মাপকাঠি আজ শুধু রূপ নয়, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও আত্মবিশ্বাসের প্রতিফলন। কিন্তু অনেকেই ভেবে বসেন, মুখে এক দিন প্যাক বা সিরাম মাখলেই ত্বকে ফিরে আসবে উজ্জ্বলতা। এই ভুল ধারণার বিরুদ্ধে মুখ খুলেছেন বিশ্বজোড়া খ্যাতিসম্পন্ন রূপবিশেষজ্ঞ ও প্রাকৃতিক সৌন্দর্যচর্চার পথিকৃৎ শাহনাজ় হুসেন (Shahnaz Husain)। তাঁর মতে, “সুন্দর ত্বক রাতারাতি পাওয়া সম্ভব নয়। নিয়মিত যত্ন ও ধৈর্যের মাধ্যমেই তা অর্জন করতে হয়।” রূপচর্চার জগতে শাহনাজ় হুসেন এক বিশিষ্ট নাম। প্রাকৃতিক উপাদানকে ভিত্তি করেই যুগান্তকারী গবেষণা করে গড়ে তুলেছেন নিজস্ব সৌন্দর্যব্র্যান্ড। একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি বিশ্বাস করেন, “সৌন্দর্য মানে প্রকৃতির সঙ্গে সখ্যতা গড়ে তোলা।” আর সে কারণেই তাঁর পরামর্শ, “ত্বকের যত্ন শুরু করা উচিত ছোট বয়স থেকেই। কৈশোরে বা তার আগেই যদি সচেতন হওয়া যায়, তবে ভবিষ্যতে ত্বকের বার্ধক্যকে অনেকটাই রোখা সম্ভব।” কিন্তু কীভাবে? শাহনাজ় জানাচ্ছেন কিছু সহজ, ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্যার উপায়, যা প্রতিদিনের অভ্যাসে পরিণত করলে দীর্ঘমেয়াদে মিলবে ফল।তিনি বলেন, “প্রথম এবং প্রধান বিষয়, ত্বক যেন সব সময় পরিষ্কার থাকে। ধুলো, দূষণ, ঘাম এই সবকিছুই ত্বকের ছিদ্র বন্ধ করে দেয়, যার ফলে ব্রণ, দাগ ও অন্যান্য সমস্যা দেখা দেয়।” পরিচ্ছন্নতা রক্ষার পাশাপাশি তিনি বিশেষ গুরুত্ব দেন চারটি ধাপে, এক্সফোলিয়েশন, মাস্ক, সিরাম এবং আর্দ্রতা।

এক্সফোলিয়েশন প্রসঙ্গে শাহনাজ় বলেন, “ত্বকের উপরে প্রতিদিন মৃত কোষ জমে, যার ফলে মুখে ম্লানভাব আসে। সপ্তাহে দু’বার ঘরোয়া উপায়ে স্ক্রাব করলেই এই সমস্যা দূর হয়।” কীভাবে? তিনি পরামর্শ দেন, “১ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ অলিভ অয়েল বা মধু মিশিয়ে হালকা হাতে মুখে মাসাজ করুন। কয়েক মিনিট ঘষে তারপর ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার হবে, আর্দ্রতাও বজায় থাকবে।” মাস্ক ব্যবহারের প্রসঙ্গেও তিনি জোর দিয়ে বলেন, “বাজারি মাস্কে রসায়ন থাকতে পারে। অথচ ঘরে ওট্‌স (Oats) ও টক দই ব্যবহার করলেই চমৎকার প্রাকৃতিক মাস্ক তৈরি হয়।” তাঁর পরামর্শ, “আধ কাপ ওট্‌স গুঁড়ো করে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে নরম, কোমল ও দীপ্তিময়।” শুধুই মাস্ক নয়, সিরামও গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা ত্বকের কালচে ভাব ও নিস্প্রভতা নিয়ে চিন্তিত। শাহনাজ় বলেন, “১ টেবিল চামচ মধু এবং কয়েক ফোঁটা পাতিলেবুর রস মিশিয়ে মুখে লাগান। মিনিট ১৫ পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণ ত্বককে উজ্জ্বল করে, কালচে দাগ হালকা করে।”

সবশেষে আসে আর্দ্রতা। শাহনাজ় হুসেনের মতে, “ত্বক যতই পরিষ্কার থাকুক, যদি তা শুকনো হয়, তাহলে জেল্লা দেখা যাবে না। এ জন্য অ্যালো ভেরা (Aloe Vera) জেল খুবই কার্যকরী।” তাঁর মতে, “অ্যালো ভেরা শুধু আর্দ্রতা বজায় রাখে না, প্রদাহ ও র‌্যাশ কমাতেও সাহায্য করে।” তবে তাঁর সতর্কবাণী। এই সব কিছু এক দিনের কাজ নয়। শাহনাজ় স্পষ্ট জানান, “এক রাতের প্যাক বা একটি নতুন সিরাম মাখলেই যে ত্বকে বদল আসবে, তা নয়। নিয়মিত পরিচর্যা ও জীবনের অংশ করে তোলাটাই আসল চাবিকাঠি। রূপচর্চাকে কোনও ম্যাজিকাল পদ্ধতি ভাবা ভুল।” একই সঙ্গে তিনি মনে করিয়ে দেন, “সুন্দর ত্বকের জন্য শুধু বাইরের পরিচর্যা নয়, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তিও সমান গুরুত্বপূর্ণ। ত্বক শরীরের আয়না। ভিতর থেকে যত সজীব থাকবেন, বাইরেও তার প্রতিফলন পড়বেই।” প্রসঙ্গত, আজকের দিনে, যখন বাজার ছয়লাপ ত্বক ফর্সা করার প্রতিশ্রুতি দিয়ে তৈরি নানা প্রসাধনীতে, সেখানে শাহনাজ় হুসেনের এই বার্তা এক বাস্তবমুখী সতর্কতা। তাঁর মতে, “সৌন্দর্য কোনও গন্তব্য নয়, এটা একটা যাত্রাপথ। আর সেই পথে আপনার সততা, ধৈর্য আর স্বাভাবিক উপকরণই আপনাকে নিয়ে যাবে কাঙ্ক্ষিত সৌন্দর্যের দিকে।”
ছবি: প্রতীকী 
আরও পড়ুন : Lipstick : লিপস্টিক থাকবে অটুট, খাওয়ার পরেও! জানুন রূপটান বিশেষজ্ঞদের ৫টি গোপন টিপস

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment