পরিধি চক্রবর্তী, সাশ্রয় নিউজ ★ মুম্বাই : বলিউডে সেলেব ও তাদের ‘লুক-আ-লাইক’ নিয়ে চর্চার শেষ নেই। কিন্তু কিছু মিল এক সময় গায়ে গিয়েছিল তকমা, যা সরিয়ে ফেলা কঠিন ছিল। তেমনই এক নাম, স্নেহা উল্লাল (Sneha Ullal)। ‘লাকি: নো টাইম ফর লাভ’ (Lucky: No Time For Love) ছবির মাধ্যমে যাঁর বলিউড যাত্রা শুরু, আর সেই শুরুতেই তীব্র আলোচনার কেন্দ্রে তিনি, কারণ তিনি যেন হুবহু ঐশ্বর্য রাই (Aishwarya Rai)-এর প্রতিচ্ছবি!

চোখের ছায়া থেকে হাসির রেখা, সব মিলিয়ে তাঁকে অনেকেই ডাকত ‘নকল রাই’ বলে। ২০০৫ সালে মুক্তি পাওয়া ছবিটির ট্রেলারে সালমান খান (Salman Khan) যখন এই নবাগতা নায়িকার পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে আসেন তখন থেকেই বলিউডে গুঞ্জন, ভাইজান হয়ত ঐশ্বর্যর ছায়া খুঁজেই এনেছেন স্নেহাকে।

দীর্ঘদিনের সম্পর্কভঙ্গের পরে ঐশ্বর্যর সঙ্গে সম্পর্ক একেবারেই ছিন্ন হয়েছিল সালমানের। তার ঠিক পরেই স্নেহার সঙ্গে কাজ করা ও তাঁর মুখশ্রীতে প্রাক্তন প্রেমিকার ছায়া দেখে বলিপাড়ায় নানা রকম ফিসফাস শুরু হয়। স্নেহা নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, “প্রথমদিকে এই তুলনায় আমি হতবাক হয়ে গিয়েছিলাম। একটা সময় পর এটা বিরক্তিকর হয়ে দাঁড়ায়। নিজের পরিচয় তৈরি করতে চাইলেও সবাই ঐশ্বর্যর নামেই আমায় চিনত।”
স্নেহার জন্ম হায়দরাবাদে, পড়াশোনাও সেখানেই। বলিউডে আসার কোনও পরিকল্পনা ছিল না। কিন্তু ভাগ্য অন্যকিছু লিখে রেখেছিল। সালমান যখন নিজের প্রযোজিত ছবির জন্য নতুন মুখ খুঁজছেন, ঠিক তখনই নজর পড়ে স্নেহার দিকে। চেহারা দেখে তিনি অবাক হয়ে যান। এমন একজনকে পর্দায় আনতেই চাইছিলেন, যার চোখে-মুখে ঐশ্বর্যর ছায়া থাকবে। কিন্তু হয়ত অভিনয়ে সেই জাদু ধরা দিল না। ‘লাকি’ মুক্তি পেলেও বক্স অফিসে সুবিধা করতে পারেনি। অভিনয়ে ছিল তারুণ্যের ছাপ। অভাব ছিল আবেগের ঘনত্বের। তার পরবর্তী ছবি ‘আর্যন’ (Aryan), যেখানে স্নেহার বিপরীতে ছিলেন সোহেল খান (Sohail Khan)। সেটিও দর্শক মনে দাগ কাটতে পারেনি। টানা দু’টো ছবি মুখ থুবড়ে পড়তেই বলিউডে তাঁর যাত্রাপথ থেমে যায়। এরপর স্নেহা ফিরলেন পড়াশোনার জগতে। তিনি আইনের ছাত্রী হয়ে উঠলেন। এখন সফলভাবে কাজ করছেন পশু-অধিকার রক্ষা আইনজীবী হিসেবে। পশুদের উপর নিষ্ঠুরতা, অবৈধ পরিবহন ও হত্যার বিরুদ্ধে তিনি লড়াই করছেন দীর্ঘদিন ধরে। একাধিক এনজিও (NGO) ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছেন একটি শক্তিশালী নেটওয়ার্ক, যেখানে পশু-হিংসার বিরুদ্ধে আইনি লড়াই চালান তিনি নিজে। স্নেহার কথায়, “শুরুতে হয়ত সবাই আমাকে ঐশ্বর্যর ছায়া বলেই দেখেছে। কিন্তু আমি চাই মানুষ জানুক, আমি কে, আমি কী করছি।” তাঁর এই রূপান্তর সত্যিই বিস্ময়কর। গ্ল্যামার দুনিয়া থেকে সমাজসেবামূলক কাজে এমনভাবে মিশে যাওয়া বহু বলিউড তারকার পক্ষেই সম্ভব হয়নি।

সূত্রের খবর, দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন স্নেহা। সূত্রের খবর, দক্ষিণ ভারতের এক পরিচালক তাঁকে নতুন একটি ছবির জন্য চূড়ান্ত করেছেন। তবে এই বিষয়ে স্নেহা এখনও মুখ খোলেননি। এক ঘনিষ্ঠ সূত্র বলছে, “স্নেহার অভিনয়ে ফেরার ইচ্ছা ছিল, কিন্তু তিনি কোনও দিনও ঘন ঘন ছবি করতে চাননি। এবার চরিত্রটা তাঁর পছন্দমতো হওয়ায় রাজি হয়েছেন।” তবে স্নেহা এবার নিজেকে কোনও নায়িকা হিসেবে নয়। একজন চরিত্রাভিনেত্রী হিসেবেই দেখতে চান। তিনি নিজেও এক সাক্ষাৎকারে বলেছেন, “যদি ফিরিও, আমি চাই এমন চরিত্রে অভিনয় করতে, যা সমাজে বার্তা পৌঁছে দিতে পারে।” এক সময়ের ‘নকল রাই’ এখন নিজের পরিচয়ে দৃঢ়। সময় বদলেছে, রূপালি পর্দা তাঁকে ফিরিয়ে আনছে কি না তা সময়ই বলবে। তবে তিনি যে নিজের লড়াইয়ে জয়ী, তা আর বলার অপেক্ষা রাখে না। স্নেহা প্রমাণ করে দিয়েছেন, ছায়া থেকে বেরিয়ে আলোয় পৌঁছনো সম্ভব।শুধু দরকার নিজের বিশ্বাসে স্থির থাকা।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Deepika Padukone | স্তনের আকার নিয়ে মন্তব্য, শুটিং ছেড়ে বেরিয়ে গেলেন দীপিকা




