সাশ্রয় নিউজ ★ সোদপুর : রবিবার সোদপুরের দেশবন্ধু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলে অনুষ্ঠিত হল টংলক শিশু কিশোর সাহিত্য পত্রিকার নববর্ষ সংখ্যা (১৪৩২, এপ্রিল-মে ২০২৫) মোড়ক উন্মোচন ও কবি সম্মেলন। পত্রিকার চতুর্থ বর্ষের এই সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশকে ঘিরে গোটা অনুষ্ঠানটি পরিণত হয় এক মনোজ্ঞ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে। এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক, প্রাবন্ধিক ও ছোটগল্পকার শিবশঙ্কর বক্সী (Shibshankar Baksi)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন রায় চৌধুরী (Ratan Ray Chowdhury) ও বিশিষ্ট কবি, শিক্ষাবিদ মোহন লাল রায় (Mohan Lal Ray)। এছাড়াও উপস্থিত ছিলেন নাট্যকর্মী, টিভি সিরিয়ালের চিত্র নির্মাতা, কবি ও গল্পকার কৌশিক ঘোষ (Kaushik Ghosh) সহ বহু বিশিষ্ট সাহিত্যিক ও সৃজনশীল মানুষ।

পত্রিকার সম্পাদক কৌশিক শীল (Kaushik Shil) তাঁর বক্তব্যে জানান, “শিশুদের উপযোগী সাহিত্য পত্রিকার বড় অভাব থেকেই টংলক-এর জন্ম। আবেগ, রস ও মননশীলতার মেলবন্ধনে গড়ে ওঠা এই পত্রিকা আজ নানা বাধা পেরিয়ে মহীরুহে পরিণত হওয়ার পথে এগোচ্ছে।”

তিনি আরও আশা ব্যক্ত করেন, সকল কবি বন্ধু ও শুভানুধ্যায়ী মিলেই পত্রিকাটি ভবিষ্যতে হয়ে উঠবে একটি সমৃদ্ধ সাহিত্য সম্পদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য পাপিয়া দে (Papia Dey), তনয়া দাস সামন্ত (Tanaya Das Samanta) ও মমতা রায় চৌধুরী (Mamta Ray Chowdhury)। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পাপিয়া দে ও মমতা রায় চৌধুরী। অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানোর পর পর্ব শুরু হয় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে।

পত্রিকার মোড়ক উন্মোচনের পর মূল অনুষ্ঠান পর্বে ছিল মননশীল বক্তৃতা, কবিতা পাঠ, সংগীত ও নৃত্য পরিবেশনা। প্রতিটি সাহিত্যিক এ লেখকদের হাতে তুলে দেওয়া হয় টংলক-এর নববর্ষ সংখ্যা ও সম্মাননাপত্র।সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য মমতা রায় চৌধুরী। সাহিত্য, সংগীত ও সংস্কৃতির মেলবন্ধনে আজকের অনুষ্ঠান শিশু ও কিশোরদের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ বাড়াতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল বলে অভিমত অনেক অতিথির।
আরও খবর : Cherthala Travelog : সবুজ জলরেখায় হারিয়ে যাওয়া, চের্থালা ভ্রমণ



