স্নিগ্ধা বসু ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : বয়স কি সত্যিই কিছু বোঝে? বলিউড যেন এখন একে নির্দ্বিধায় ‘না’ বলতে শিখে গেছে। ৫৭ বছর বয়সে ফের বাবা হওয়ার পথে পা বাড়ালেন অভিনেতা ও পরিচালক আরবাজ় খান (Arbaaz Khan)। পাশে রয়েছেন তাঁর ৩৪ বছর বয়সী স্ত্রী সুরা খান (Sshura Khan)। প্রেম, সংসার আর সন্তানের অপেক্ষা। এই তিনটি শব্দ যেন নতুন করে বর্ণ ছুঁইয়ে দিল আরবাজ়ের জীবনে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের পিতৃত্বের খবর নিশ্চিত করেছেন আরবাজ়। যদিও বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছিল।সন্তান আসতে চলেছে খান দম্পতির জীবনে। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছিল সুরার বেবি বাম্প। কিন্তু তাঁদের মুখে ছিল নীরবতা। সেই নীরবতা ভেঙে এবার নিজের মুখেই বললেন, “যে খবর চারদিকে ছড়িয়েছে, তা আমি অস্বীকার করছি না। আমাদের পরিবার জানে। বাইরের লোকেরাও একদিন না একদিন জানতে পারত। তবে আমরা চেয়েছিলাম সময় মতো জানাতে।” পিতৃত্বের প্রসঙ্গে বলতে গিয়ে আরবাজ়ের গলায় শোনা গেল উত্তেজনার সুর। বললেন, “এই মুহূর্তটা আমার জীবনে খুব স্পেশাল। আমি আবার বাবা হতে চলেছি। এটা একেবারে নতুন অনুভূতি। অনেক বছর পর ফের একবার সেই আনন্দ উপভোগ করব। সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছি। নতুন করে দায়িত্ব নিতে প্রস্তুত।”
২০১৭ সালে প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা (Malaika Arora)-র সঙ্গে ১৯ বছরের দাম্পত্যজীবনের ইতি টেনেছিলেন আরবাজ়। তাঁদের একমাত্র সন্তান, আরহান খান (Arhaan Khan) বর্তমানে ২২ বছরের যুবক। একদিকে বড় ছেলের পরিণত বয়স, অন্যদিকে আসন্ন নবজাতকের আগমন, এই দুই ছায়ার মধ্যে নতুন এক আলো খুঁজে পাচ্ছেন আরবাজ়। আরবাজ ২০২৩ সালের ডিসেম্বর মাসে সুরা খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেকআপ আর্টিস্ট হিসেবে বলিউডে কাজ করতে গিয়ে আরবাজ়ের সঙ্গে আলাপ হয় সুরার। সেই পরিচয় ধীরে ধীরে রূপ নেয় ঘনিষ্ঠতায়। আর এখন, তাঁরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। আরবাজ় বলেন, “জীবনে কখন কী আসবে, বলা যায় না। তবে বয়স কোনও বাধা নয়। এই বিশ্বাসে আমি ভরসা রাখি। বাবা হওয়ার অনুভূতি সব বয়সেই সমান সুন্দর।”
বলিউড তারকাদের সাম্প্রতিক ব্যক্তিগত জীবন যেন একটাই বার্তা দিচ্ছে যে, প্রেম, পরিবার, সন্তান, সবই সময়ের ধারায় নয়, হৃদয়ের টানে আসে। ৬০ বছর বয়সে আমির খান (Aamir Khan) নতুন প্রেমের কথা শেয়ার করে যে আবহ তৈরি করেছিলেন। এবার সেখানে আরবাজ় খান যোগ করলেন আরও একটি আবেগঘন অধ্যায়। এই নতুন যাত্রাপথে তাঁদের জীবনে যে আনন্দের তরঙ্গ বয়ে যাচ্ছে, তা স্পষ্ট অভিনেতার কণ্ঠে। সুরা ও আরবাজ়ের এই খুশির খবর বলিউড অনুরাগীদের মাঝেও সাড়া ফেলেছে। এখন শুধু অপেক্ষা, নতুন অতিথিকে স্বাগত জানানোর। বয়স হোক পঞ্চাশ কিংবা ষাট, ভালবাসা ও নতুন জীবনের শুরু কখনও দেরিতে আসে না। এটাই প্রমাণ করলেন আরবাজ়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Arijit Singh- Ed Sheeran : গঙ্গা বক্ষ দেখল অরিজিৎ সিং ও এড শিরনের বন্ধুত্বের সুর




