পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ, লন্ডন : ২০ জুন থেকে টেস্ট ক্রিকেটে শুরু হতে চলেছে ভারতীয় (Team India) দলের এক নতুন অধ্যায়। পাঁচ ম্যাচের ইংল্যান্ড (England) সফরে ভারতীয় দলের নেতৃত্বে দেখা যাবে শুভমন গিল (Shubman Gill)-কে। এই তরুণ অধিনায়কের নেতৃত্বে টিম ইন্ডিয়ার (Team India) পারফরম্যান্স ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে পা রাখল গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল।
নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ। গিলকে ঘিরে যতই প্রত্যাশার পাহাড় তৈরি হোক, ইংল্যান্ডে নেমেই দলের মুখে দেখা গেল স্বস্তির হাসি। বিমানবন্দরে দলকে প্রাণবন্ত মেজাজে দেখা গেল। শুভমন, কুলদীপ যাদব (Kuldeep Yadav) সহ অন্যান্য ক্রিকেটারদের হাসিখুশি উপস্থিতি বোঝাল, কঠিন লড়াইয়ের আগে মানসিকভাবে অনেকটাই প্রস্তুত তাঁরা। তবে এই হাসিমুখের মধ্যেও মজা আরও মজা করতে ছাড়েননি যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় দলের যাত্রার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিসিসিআই (BCCI)। তাতেই দেখা যায়, রাতের বেলাতেও চশমা পরে রয়েছেন শুভমন গিল। আর তা নিয়েই ঠাট্টা করতে দেখা গেল বুমরাকে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “এই দেখো, রাতেও লোকজন চশমা পরে রয়েছে!” স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গিলের দিকে এই খোঁচা দিয়েই সমানে হেসে ফেলেন ভারতীয় পেসার। তবে ঠাট্টা-মশকরা হোক বা ক্যামেরার সামনে হাসি। পেছনে যে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করে আছে, তা অনস্বীকার্য। পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজ। তার মধ্যেই আবার নেই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও রবিচন্দ্রন অশ্বিন (R. Ashwin)-এর মতো অভিজ্ঞ মুখ। এই তিন স্তম্ভকে ছাড়া ইংল্যান্ডের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই যে সহজ হবে না, তা স্পষ্ট।
তবুও এই চ্যালেঞ্জকে ইতিবাচক ভঙ্গিতেই নিচ্ছে ভারতীয় শিবির। সফরের আগে অনেক ক্রিকেটারই পৌঁছে গিয়েছেন ইংল্যান্ডে। ‘এ’ দলের হয়ে তাঁরা প্রস্তুতি ম্যাচেও অংশ নিয়েছেন। তাঁদের লক্ষ্য ছিল একটাই, ইংল্যান্ডের পরিবেশ ও পিচ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। সেই তালিকায় রয়েছেন নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), করুণ নায়ার (Karun Nair) ও কেএল রাহুল (KL Rahul)। এই তিন ক্রিকেটারই প্রাথমিক প্রস্তুতিতে নজর কেড়েছেন। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে করুণ ও রাহুলের পারফরম্যান্স উল্লেখযোগ্য। প্রথম আনঅফিসিয়াল টেস্টে করুণ নায়ার করেন দ্বিশতরান। দ্বিতীয় টেস্টে আলো ছড়ান কেএল রাহুল। নর্দাম্পটন (Northampton)-এ অনুষ্ঠিত সেই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড লায়ান্স। ওপেনার হিসেবে ব্যাট করতে নেমে কেএল রাহুল প্রথম দিনেই দুরন্ত সেঞ্চুরি হাঁকান। ১৫১ বলে ১০০ পূর্ণ করে শেষমেশ ১৬৮ বলে ১১৬ রান করে তিনি আউট হন। রাহুলের এই ইনিংস নিঃসন্দেহে প্রমাণ করে দিল, দীর্ঘ চোট-পর্ব কাটিয়ে তিনি ফিরে এসেছেন নিজস্ব ছন্দে। হাফসেঞ্চুরি করেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। ব্যাট হাতে রান পান করুণ নায়ারও। প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের স্কোর দাঁড়ায় ৩১৯/৭। ক্রিজে ছিলেন তনুশ কোটিয়ান (Tanush Kotian) পাঁচ রানে ও অংশুল কম্বোজ (Anshul Kamboj) এক রানে। সিরিজ শুরুর আগেই এই অনুশীলন ম্যাচ থেকে আত্মবিশ্বাস পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। শুভমন গিলের অধিনায়কত্বে প্রথম টেস্ট শুরু হতে বাকি এখনও ক’টা দিন। তার আগে এই পারফরম্যান্স তরুণদের মনে সাহস জোগাবে, আর সিনিয়রদের অনুপস্থিতিতে সেটাই হবে ভারতের মূল পাথেয়।
ইংল্যান্ডে এই সিরিজ ভারতের জন্য শুধুই এখন আরেকটি ক্রিকেট সিরিজ নয়। কিন্তুএটিই সেই প্ল্যাটফর্ম, যেখানে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে শুভমনের মানসিক দৃঢ়তা, মাঠের মধ্যে অধিনায়কোচিত কৌশল, চাপের মুখে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও নিজস্ব ব্যাটিং দক্ষতা সব মিলিয়ে তৈরি হবে তাঁর আসল পরিচয়। এখন দেখার, শুভমনের হাত ধরে ভারতের নতুন যুগ কতটা সফল হয়।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : India A : রিজার্ভ বেঞ্চের রূপ উন্মোচন: ইংল্যান্ড লায়ন্সের সামনে প্রশ্নের মুখে ভারত ‘এ’ দল



