Gandib : অক্ষরকথার কবিতা ও আবৃত্তি উৎসব : প্রকাশিত গাণ্ডীব-এর নতুন সংখ্যা

SHARE:

মমতা রায় চৌধুরী ★ কলকাতা : অক্ষরকথার পক্ষ থেকে দু’দিনের কবিতা ও আবৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হল বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাঘরে। এই অনুষ্ঠানে অমিত কাশ্যপ সম্পাদিত ‘গাণ্ডীব’ (Gandib) পত্রিকার প্রথম বর্ষের চতুর্থ সংখ্যা আনুষ্ঠানিক প্রকাশিত হয়। পত্রিকাটির এসংখ্যার আনুষ্ঠানিক উন্মোচন করেন অক্ষরকথা-এর সম্পাদক স্বরূপ চক্রবর্তী, রবীন্দ্রগবেষক প্রাবন্ধিক ও কবি পার্থসারথি গায়েন, কবি জয়দীপ চট্টোপাধ্যায়, কবি ফটিক চৌধুরী ও বিশিষ্ট ব‍্যক্তিদের হাত ধরে।

 

গাণ্ডীব -এর সাম্প্রতিক সংখ্যা।

 

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা সাহিত্যের নতুন পত্রিকা ‘গাণ্ডীব’। মূলত মাসিক কবিতা পত্রিকা। সম্পাদনা  করছেন, কবি অমিত কাশ্যপ। সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রথম বর্ষের চতুর্থ সংখ্যা। ‘আমাদের কথা’-তে সম্পাদক লিখেছেন, ‘নিষ্ঠা ও একাগ্রতা থাকলে সমস্ত পত্রিকাকেই শোভন-সুন্দর করা যায়। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, সততা আমাদের পাথেয়। ‘গাণ্ডীব’ মাসিক পত্রিকার প্রথম বর্ষের আগষ্ট সংখ্যাটি আমাদের চতুর্থ সংখ্যা। ইতিমধ্যে চারটি সংখ্যা মিলিয়ে একশো তিরিশজনের বেশি কবির কবিতা প্রকাশ করতে পেরেছি।’ সম্পাদক একই কলামে চমৎকার লিখেছেন, ‘সুস্থ-সংস্কৃতির বড় অভাব বলে কেউ কেউ ভাবেন বা প্রশ্ন তোলেন। আমাদের উত্তর, সুন্দর পত্রিকা, সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান তো হচ্ছে, আমরা কি সেগুলি না, না সুন্দর বলে ভাবি না। ভাবনা ঠিক থাকলে সবই সুন্দর, সবই রুচিশীল বোধ হবে। বিতর্কে বিতর্ক বাড়ে, ভালো সম্পর্কের কোনও রং হয় না।’

নিজস্ব পরিসর নিয়ে কবিতা নিয়ে কাজ করে চলেছে পত্রিকাটি। অল্প সময়ের ভেতর চমক সৃষ্টি করবার প্রয়াস লক্ষ্য করা যায়। অন্যদিকে, নবীন ও প্রবীণ  লেখকদের সমন্বয় পত্রিকাটির ভারসাম্য লক্ষ্যণীয়। কবিতা লিখেছেন : কানাইলাল জানা, আব্দুস শুকুর খান, অরূপ আচার্য, শতদল মিত্র, নাগসেন, রিতা মিত্র, অমলেন্দু বিশ্বাস, তাপস বৈদ্য, সন্দীপ বিশ্বাস, নিখিলকুমার সরকার, শ্রীময়ী চক্রবর্তী, শীলা বিশ্বাস, সমরেশ মণ্ডল, আফজল আলি, রুদ্রাণী মিশ্র, স্বপন শর্মা, কল্যাণ চট্টোপাধ্যায়, সন্দীপন বিশ্বাস, অমৃতা চট্টোপাধ্যায়, রফিক উল ইসলাম প্রমুখ। এছাড়াও একঝাঁক নতুন কবির কবিতা পত্রিকাটিতে নবীন প্রাণের হিল্লোল তুলেছে। কবি অমিতাভ রায় তাঁর কবিতায় লিখেছেন, ‘কখনও কাউকে ভালোবেসেছি বুঝতে পারিনি তা! /অথচ জীবন সহস্রবার মিশেছে জ্যোৎস্নাতে।’ আশিস গোস্বামী তাঁর কবিতায় লিখেছেন, ‘আমার মাথা নত /অন গড বলছি /মন থেকে।’ কবি আব্দুস শুকুর খান-এর স্বতন্ত্র উচ্চারণ, ‘যত নতুন করে ভাবি তত ভাবে সব পুরানো হয়ে যায়।’ ‘গাণ্ডীব’ -এর সাম্প্রতিক সংখ্যায় অনেকগুলি সুখপাঠ্য কবিতা, পাঠকদের পাঠ-খিদে নিবারকের কাজ করবে।

ছবি : শর্মিষ্ঠা মাজি

আরও পড়ুন : Sasraya News | Sunday’s Literature Special, Issue 26, 28 July 2024 | সাশ্রয় নিউজ। রবিবারের সাহিত্য স্পেশাল | ২৮ জুলাই ২০২৪ | সংখ্যা ২৬

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন