ঈদে বাড়ি ফেরা হল না ঝন্টু সেখের
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ভিন রাজ্যে গিয়েছিলেন ঝন্টু সেখ। পরিযায়ী শ্রমিক। নিজ এলাকায় পর্যাপ্ত কাজ না থাকায় তাঁকে যেতে হয় কেরলে। বেশ আনন্দ করে ঈদে বাড়ি ফিরছিলেন ঝন্টু। সোমবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তানমে মৃত্যু হয় তাঁর। মৃত ঝন্টু সেখের বাড়ি ডোমকল থানার ঝাউবাড়িয়ায়।

গ্রামের বাড়িতে তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। রেল পুলিশ সূত্রে মৃত্যুর খবর পরিবারে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। মৃতের মা জানান, ‘আমার ছেলের হাতে হয়ত টাকা ছিল না। আমার কাছে চাইল। আমার মেয়ে অ্যাকাউন্টে টাকা মেরে দিল। ২৫০০ টাকা।’ জানা যায়, সংসার চালাতে হিমসিম খাচ্ছিল ঝন্টু। ৯ মাস আগে কেরলে যায় বলে পরিবার সূত্রে খবর। তাঁকে দারিদ্র চেপে ধরেছিল। সরকারি আবাস যোজনার ঘরও মেলেনি। একটি ছোট্ট ঘরে মা, স্ত্রী ও সন্তান রেখে সে কেরল যায়। তবে কীভাবে মৃত্যু হিয় তাঁর তা স্পষ্ট নয়। পরিবারের লোকেজন ও এলাকার মানুষজন জানায়, অ্যাকসিডেন্টে প্রাণ হারান যুবক। এলাকার মানুষজন ও পরিবারের লোকজন দেহ নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান বলে উল্লেখ।




