West Bengal Weather | উত্তরবঙ্গে তাণ্ডব চালিয়ে ঘূর্ণাবর্ত এখন বিহারে, তবু রাজ্যে দুর্যোগের ছায়া অটুট

SHARE:

দক্ষিণেও ঝড়বৃষ্টি, কোথায় কত সতর্কতা জারি করল হাওয়া অফিস?

সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ঘূর্ণাবর্ত সরলেও রাজ্যে আবহাওয়ার অশান্তি থামছে না। উত্তরবঙ্গের পাহাড়ঘেরা জেলাগুলো এখনও প্রবল দুর্যোগের মুখে। অন্যদিকে, কলকাতা (Kolkata) সহ গোটা দক্ষিণবঙ্গেও চলবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতরের (IMD Alipore) পূর্বাভাসে স্পষ্ট, আগামী দিনগুলোতে আরও সতর্ক থাকা জরুরি।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় আলিপুর আবহাওয়া অফিস এক বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করে জানিয়েছে, উত্তর-পূর্ব বিহার (North-East Bihar) ও সংলগ্ন উত্তরবঙ্গ (North Bengal)-এর উপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, সেটি বর্তমানে সরে গিয়ে উত্তর-পশ্চিম বিহার (North-West Bihar) এবং উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ (North-East Uttar Pradesh)-এর উপরে অবস্থান করছে। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা (Monsoon Trough), যা পশ্চিমবঙ্গের বাঁকুড়া (Bankura) ও ক্যানিং (Canning)-এর উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর (North-East Bay of Bengal) পর্যন্ত চলে গিয়েছে।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই দুইয়ের মিলিত প্রভাবে আগামী ক’য়েক দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই চলবে ঝড়বৃষ্টি। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, ‘ঘূর্ণাবর্ত সরে গেলেও তার টানাপোড়েনে রাজ্যের দক্ষিণ ও উত্তরের জেলাগুলিতে বজায় থাকবে বৃষ্টির প্রবণতা। বিশেষ করে পাহাড়ি জেলাগুলোতে আগামী সপ্তাহ জুড়ে সতর্ক থাকতে হবে।’

সোমবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য আলিপুর আবহাওয়া অফিস হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব বর্ধমান (East Bardhaman), পশ্চিম বর্ধমান (West Bardhaman), বীরভূম (Birbhum), মুর্শিদাবাদ (Murshidabad) এবং নদীয়া (Nadia) জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে উল্লেখ। এদিকে বৃহস্পতিবার (৭ আগস্ট) ফের নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর (West Midnapore), নদীয়ার জন্য। ওই দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণের জেলাগুলিতে এখনও পর্যন্ত বিপদজনক পর্যায়ের কোনও পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) ও কোচবিহার (Cooch Behar) এই পাঁচটি জেলায় সোমবার থেকে শনিবার পর্যন্ত (৪-১০ আগস্ট) জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা (Yellow & Orange Alerts)। সোমবার এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে ভূমিধসের আশঙ্কা যেমন রয়েছে, তেমনই নদী উপচে বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা। উত্তরের বাকি তিন জেলা মালদহ (Malda), উত্তর দিনাজপুর (North Dinajpur) ও দক্ষিণ দিনাজপুর (South Dinajpur)-এও হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। যদিও এই তিন জেলায় আপাতত অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই, তবুও ঝড়বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, ‘উত্তরবঙ্গের পরিস্থিতি বিশেষ নজরে রাখা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে অতিভারী বৃষ্টির কারণে ভূমিধস ও নদী ফুলে ওঠার সম্ভাবনা প্রবল। প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে সতর্কবার্তা পাঠানো হচ্ছে নিয়মিত।’ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে এনডিআরএফ (NDRF) মোতায়েন রাখা হয়েছে। জেলার ব্লক প্রশাসন এবং পুরসভাগুলিকে অ্যালার্ট রাখা হয়েছে। একাধিক নদীর ওপর নজরদারি চালানো হচ্ছে।

এদিকে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য কিছুটা স্বস্তির খবর, আগামী শনিবার (১০ আগস্ট) পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে ভয়ঙ্কর কোনও দুর্যোগের আশঙ্কা নেই। তবুও জলজমা ও বজ্রবিদ্যুৎ থেকে সাবধান থাকতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এমন পরিস্থিতি অস্বাভাবিক নয়। কিন্তু ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার যুগলবন্দীতে বৃষ্টির মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে চাষবাসের ক্ষতির আশঙ্কা যেমন থাকে, তেমনই শহরাঞ্চলেও জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Vaishno Devi Temple | পাহাড়ের দেবী বৈষ্ণোদেবী: ত্রিকূটা পর্বতের রহস্যময় সাধিকার অমরগাথা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন