পারিজাত গঙ্গোপাধ্যায় ✪ সাশ্রয় নিউজ, লন্ডন : ভারতীয় ক্রিকেটে যেন এক যুগের অবসান। রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট থেকে অবসর ঘোষণার পরই অবাক করে দিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এক সপ্তাহ কাটতে না কাটতেই তিনিও টেস্ট ফর্ম্যাটকে জানিয়ে দিলেন বিদায়। কেন এমন হঠাৎ সিদ্ধান্ত, তা নিয়ে দেশজুড়ে আলোচনা। ক্রিকেটপ্রেমীরা একে কেবল অবসর হিসেবে দেখেননি, দেখেছেন আবেগ, সময়ের স্রোতে নিজেকে গুটিয়ে নেওয়ার মতো এক সিদ্ধান্ত হিসেবে। এতদিন চুপচাপ থাকলেও অবশেষে মুখ খুললেন ‘কিং কোহলি’। লন্ডনে যুবরাজ সিং (Yuvraj Singh)-এর আয়োজিত এক অনুষ্ঠানে জানালেন, কেন তিনি আর সাদা পোশাকে নামবেন না মাঠে।
সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) থেকে ক্রিস গেইল (Chris Gayle), ব্রায়ান লারা (Brian Lara), কেভিন পিটারসেন (Kevin Pietersen), আশিস নেহরা (Ashish Nehra) এবং রবি শাস্ত্রী (Ravi Shastri)-রা উপস্থিত, সেই অনুষ্ঠানে দাঁড়িয়ে বিরাটের বক্তব্য ছিল আবেগঘন, ব্যক্তিগত ও সরাসরি। এক হাস্যরসাত্মক ইঙ্গিতের মধ্যে দিয়ে তিনি বলেন, “দু’দিন আগেই আমি আমার দাড়ি রং করেছি। প্রতি চারদিন অন্তর কাউকে যদি দাড়ি রং করতে হয়, বুঝতে হবে তার সময় এসে গিয়েছে।” হলভর্তি অতিথিদের মুখে তখন হালকা হাসি। কিন্তু এই হাসির আড়ালেই ছিল এক পরিণত সিদ্ধান্তের ইঙ্গিত।
এই বক্তব্য শুধু শারীরিক বার্ধক্যের প্রতীক নয়, মানসিক ক্লান্তির কথাও বলে। বারবার ক্রিকেটীয় চাপে পড়ে জীবন থেকে অনেক কিছুই ত্যাগ করতে হয়েছে। সাফল্যের সঙ্গে সঙ্গে এসেছে প্রত্যাশার পাহাড়। তার মধ্যেই বিরাট জানিয়েছেন, একজন কোচ হিসেবে রবি শাস্ত্রীর ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল তাঁর কেরিয়ারে। ‘রবি ভাই না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না’, কোহলির এই সরল স্বীকারোক্তি করেই তৎকালীন কোচ রবি শাস্ত্রীর প্রতি কৃতজ্ঞতাই প্রকাশ। বিরাট বলেন, ‘সত্যি বলতে, আমি যদি কোচ হিসেবে রবি শাস্ত্রীকে (Ravi Shastri) না পেতাম, আমার টেস্ট কেরিয়ার এতটা সফল হতো না। তিনি সবসময় আমার পাশে ছিলেন। এমনকী কঠিন প্রেস কনফারেন্সগুলোতে আমার হয়ে মুখ খুলেছেন, আমাকে আড়াল করেছেন। তাঁর দেওয়া আত্মবিশ্বাসেই আমি নিজের খেলায় মন দিতে পেরেছি।’
এই বক্তব্য শুধু কোচ-ক্রিকেটারের সম্পর্ক নয়, একজন Mentor-শিষ্যের নিখাদ বন্ধন প্রকাশ করে। এমন সময়েই প্রশ্ন উঠছে, বোর্ডের সঙ্গে টানাপোড়েন কি এই অবসরের পিছনে কোনওভাবে দায়ী? বিশেষত, বিসিসিআই (BCCI)-এর সাম্প্রতিক সিদ্ধান্ত ও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে বহুদিন ধরেই অনিশ্চয়তা ও গুঞ্জন চলছিল। রোহিত ও বিরাটের একের পর এক অবসর ঘিরে সেই প্রশ্ন আরও প্রবল হয়েছে। যদিও কোহলি সরাসরি সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি, তবে তাঁর বক্তব্যের ছত্রে ছত্রে ফুটে উঠেছে ক্লান্তি, একাকিত্ব ও সময়ের ভার।
ভারতীয় টেস্ট দল এখন নতুন প্রজন্মের হাতে। শুভমন গিল (Shubman Gill)-এর নেতৃত্বে ইতিমধ্যেই ইংল্যান্ড সফরে ১-১ সিরিজ সমতায় ফিরেছে ভারত। লর্ডস টেস্ট সামনে, আর সেখানেই হয়তো সব নজর থাকবে কোহলির ছায়াকে ভুলে যাওয়ার দিকে। তবে তাঁর অবসরের ব্যাখ্যা নিঃসন্দেহে নতুন আলো ফেলেছে ভারতীয় ক্রিকেটে ‘সময়ের পালাবদল’ অধ্যায়ে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, সত্যিই কি সময় শেষ হয়ে এসেছিল, নাকি শেষ হওয়ার আগেই এক যুগের ইতি টানা হল?
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli | জীবন বদলে দেওয়া তিন বই পড়ে বিরাট হলেন ‘বিরাট’




