সুজয়নীল দাশগুপ্ত, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : উৎসবের আনন্দে এবার অনিল কাপুর পরিবারে সুখবরের সম্ভাবনা। বলিউডে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, অভিনেত্রী সোনম কাপুর (Sonam Kapoor) নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন! সূত্রের দাবি, আগামী বছরের শুরুতেই নাকি অনিল-কন্যার কোলে আসতে চলেছে নতুন অতিথি। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে সোনম কিংবা তাঁর পরিবার প্রকাশ্যে কিছুই জানাননি। তবে বলিউডের অন্দরমহলে জোর গুঞ্জন, সোনম নাকি ইতিমধ্যেই ছয় মাসের অন্তঃসত্ত্বা।

২০২২ সালে প্রথমবার মা হন সোনম। সোনম-আনন্দ (আহুজা) -এর ছেলের নাম রাখেন ‘বায়ু’। সোনম ও আনন্দ প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ছেলের নানা মুহূর্ত ভাগ করে নেন। ধীরে ধীরে বড় হচ্ছে ছোট্ট বায়ু, আর সেই আনন্দই তাঁদের জীবনে নতুন মাত্রা যোগ করেছে। এবার বলিউডে প্রশ্ন উঠছে, ছেলের পর কি এবার মেয়েকে স্বাগত জানাতে চলেছেন সোনম-আনন্দ দম্পতি?অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের খবর, সোনম নাকি মনে মনে ইতিমধ্যেই কন্যাসন্তানের নাম ঠিক করে ফেলেছেন। পরিবারের কাছের একজন জানিয়েছেন, ‘‘সোনম সব সময় চেয়েছেন তাঁর সংসারে এক ছেলে, এক মেয়ে থাকুক। প্রথম সন্তান ছেলে হওয়ার পর থেকেই তিনি কন্যাসন্তানের অপেক্ষায় ছিলেন।’’ সুত্র মারফৎ জানা যায়, বর্তমানে সোনম নিজের বাবার বাড়িতেই থাকছেন ও গর্ভাবস্থার কারণে খুব বেশি জনসমক্ষে আসছেন না। কয়েকদিন আগে মুম্বইয়ের (Mumbai) এক ক্লিনিকের বাইরে তাঁকে দেখা গিয়েছে। পরনে ঢিলেঢালা পোশাক, পাশে ছিলেন স্বামী আনন্দ আহুজা।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই শুরু হয় জল্পনা। অনুরাগীরা কমেন্টে লিখেছেন, ‘‘দেখেই বোঝা যাচ্ছে সুখবর আসতে চলেছে।’’ যদিও এ ব্যাপারে সোনম কিংবা আনন্দ কেউই এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

বলিউডে সোনম কাপুর এখন অনেকটাই সক্রিয়তা কমিয়ে দিয়েছেন। দীর্ঘদিন পর ২০২৩ সালে তাঁকে দেখা যায় ‘ব্লাইন্ড’ (Blind) ছবিতে। তার আগে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘দ্য জোয়া ফ্যাক্টর’ (The Zoya Factor)। বলিউডে ঝলমলে ক্যারিয়ারের পাশাপাশি সোনম সব সময় ফ্যাশনের জন্য আলোচিত হয়েছেন। আন্তর্জাতিক মঞ্চেও তাঁর স্টাইল আইকন ইমেজ বজায় রয়েছে। তবে মা হওয়ার পর থেকে সিনেমায় বিশেষ কাজ করতে দেখা যায়নি তাঁকে। ফ্যাশন ইভেন্ট কিংবা বিজ্ঞাপনী প্রচারে মাঝেমধ্যেই দেখা গেলেও রুপোলি পর্দায় তাঁর উপস্থিতি বর্তমানে অত্যন্ত কম। ২০১৮ সালে ধুমধাম করে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনম। তারপর থেকে তাঁদের দাম্পত্য জীবনের নানান মুহূর্ত শেয়ার করতে দেখা যায় দুজনকে। ২০২২ সালে ছেলে বায়ুর জন্মের পর নিজেদের জীবনকে নতুনভাবে সাজিয়ে নেন দম্পতি। পরিবারেই এখন তাঁদের ফোকাস। ফলে বলিউডে সক্রিয়তা কমানোটা একপ্রকার স্বাভাবিক ঘটনা বলেই মনে করছেন অনুরাগীরা। কিন্তু, এবারের খবর ভক্তদের কাছে বেশ রোমাঞ্চকর। কারণ বলিউডে এমনিতেই তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি অনুরাগীদের আগ্রহ সব সময় তুঙ্গে থাকে। সোনম কাপুর যদি সত্যিই দ্বিতীয়বার মা হতে চলেন, তবে নিঃসন্দেহে সেটা হবে বলিউডের অন্যতম বড় খুশির খবর।

অন্যদিকে, এই খবরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ভক্তদের নানা জল্পনা-কল্পনা। কেউ লিখছেন, ‘‘বায়ুর বোন আসছে এবার!’’ আবার কারও দাবি, ‘‘সোনম এখন নিজের কেরিয়ার থেকে অনেক বেশি সময় পরিবারকে দিতে চান।’’ যদিও নিশ্চিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি, তবে সোনমের ঢিলেঢালা পোশাক এবং সাম্প্রতিক অনুপস্থিতি অনেকের মনেই জোরদার কৌতূহল তৈরি করেছে।
বলিউডের গুঞ্জনকে ঘিরে সাধারণত অনেক সময়ই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন অফিসিয়াল ঘোষণা শোনার জন্য। এবারও তেমনই অবস্থা। অনুরাগীরা অপেক্ষা করছেন, কবে সোনম বা আনন্দ সরাসরি সুখবরটি শেয়ার করবেন। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন, ফের কি মা হতে চলেছেন অনিল কন্যা সোনম কাপুর? উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sonam Kapoor : ওজন ঝরিয়ে সৌন্দর্য ধরে রাখা, সোনম কপূরের হেঁশেলের রহস্য প্রকাশ্যে




