তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ভারতজুড়ে এখনও ক্রিকেট জয়ের উল্লাস চলছে। কিন্তু তার মাঝেই ছড়িয়ে পড়েছে এক মিষ্টি খবর, ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। প্রেমিক, সঙ্গীতশিল্পী পলাশ মুছল (Palash Muchhal)-এর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। বিশ্বজয়ের আনন্দে মগ্ন ক্রিকেটপ্রেমীরা এখন আরও একবার উত্তেজিত, এইবার মাঠের নয়, জীবনের ‘নয়া ইনিংস’-এর অপেক্ষায়।
শোনা যাচ্ছে, আগামী ২০ নভেম্বর, বৃহস্পতিবারই নাকি বিয়ের দিন ঠিক হয়েছে। স্থান স্মৃতির জন্মভূমি মহারাষ্ট্রের সাংলি (Sangli)। সেখানে বসবে তাদের স্বপ্নের বিয়ের আসর। খবর অনুযায়ী, দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং অতি কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন এই বিয়েতে। একেবারেই ব্যক্তিগতভাবে অনুষ্ঠান সারতে চান এই সেলিব্রিটি জুটি। যদিও এখনও পর্যন্ত মান্ধানা বা মুছল পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সোশ্যাল মিডিয়ার ‘হিন্ট’ যেন অনেক কিছুই বলে দিচ্ছে।
রবিবার রাতে ভারতীয় দলের ঐতিহাসিক জয়ের পর পলাশকে আবেগে ভেসে যেতে দেখা যায়। প্রেমিকার কৃতিত্বে গর্বিত পলাশ নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “তুমি শুধু আমার নয়, সারা দেশের গর্ব।” সঙ্গে স্মৃতির বিশ্বকাপ ট্রফি হাতে হাসিমাখা ছবি। এই পোস্টই যেন ক্রিকেটপ্রেমীদের মনে বিয়ের জল্পনা আরও পোক্ত করে তুলেছে। স্মৃতি ওপলাশের প্রেমের গল্পটাও যেন সিনেমার মতো। ২০১৭ সালে মহিলা বিশ্বকাপ চলাকালীন এক মিউজিক ইভেন্টে দু’জনের আলাপ। এরপর ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, যা সময়ের সঙ্গে রূপ নেয় প্রেমে। এক সাক্ষাৎকারে পলাশ জানিয়েছিলেন, “প্রথম দিন থেকেই স্মৃতির চোখের আত্মবিশ্বাস আমাকে টেনেছিল।” পরে তিনি একটি কনসার্টে স্মৃতির সামনে দাঁড়িয়ে বলিউডি স্টাইলে প্রেম নিবেদন করেন, একটি প্রেমের গান গেয়ে। সেই মুহূর্ত থেকেই শুরু হয় তাদের প্রেমের অধ্যায়, যা আজ বিয়ের দোরগোড়ায়। প্রায় ছয় বছরের সম্পর্ক পেরিয়ে এখন তারা জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। ২০২৪ সালে সম্পর্কের পঞ্চম বর্ষপূর্তি কেক কেটে উদযাপন করেছিলেন দুজনে। স্মৃতি তার ইনস্টাগ্রামে প্রথমবার পলাশের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন গত ২২ মে, সেদিন ছিল পলাশের জন্মদিন। এরপর ১৮ জুলাই, স্মৃতির জন্মদিনে পলাশও পোস্ট করেছিলেন ভালবাসায় ভরা বার্তা: “তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুপ্রেরণা।”

বলিউড ও ক্রিকেটের এই বন্ধনে খুশি ভক্তরাও। ভারতীয় মহিলা দলের অন্যান্য সদস্যদের সঙ্গে পলাশের বন্ধুত্বও বেশ দৃঢ়। সম্প্রতি স্মৃতি ও পলাশকে একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছে, কখনও কোনও ক্রিকেট ম্যাচে, কখনও পলাশের কনসার্টে। বিশ্বকাপের ঠিক আগে পলাশ নিজের কনসার্টে গান গেয়েছিলেন হবু স্ত্রী স্মৃতিকে উৎসর্গ করে। এখন যখন ভারতের জয় ও স্মৃতির সাফল্যে দেশ আনন্দে মগ্ন, তখনই বিয়ের খবরে যেন বাড়তি খুশির হাওয়া। জানা গেছে, বিয়ের অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া। তবে বিয়ের পর মুম্বই ও দিল্লিতে আয়োজন করা হবে দু’টি রিসেপশন পার্টি, একটিতে উপস্থিত থাকবেন ক্রিকেট দুনিয়ার তারকারা, অন্যটিতে বলিউডের নামজাদা মুখ। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) বর্তমানে ‘উইমেন ইন ব্লু’-এর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার। তাঁর নেতৃত্বে ভারতের ব্যাটিং অর্ডার পেয়েছে নতুন গতি ও স্থিতি। মাঠে যেমন আত্মবিশ্বাসী, তেমনই জীবনের প্রতিটি সিদ্ধান্তেও দৃঢ় ও পরিণত। তাই বিয়ের খবর শুনে ভক্তদের মুখে একটাই কথা, “স্মৃতি এবার মাঠে-জীবনে দুই ইনিংসেই শতরান করবেন!” অন্যদিকে পলাশ মুছল (Palash Muchhal) বর্তমানে শুধু সঙ্গীতেই সীমাবদ্ধ নন, সিনেমা পরিচালনাতেও পা রেখেছেন। ইতিমধ্যেই তাঁর পরিচালিত একটি হিন্দি ছবির শুটিং শেষ পর্যায়ে। পলাশের বোন পলোমি মুছল (Palomi Muchhal) বলিউডের জনপ্রিয় গায়িকা। ফলে, একদিকে ক্রিকেট, অন্যদিকে সঙ্গীত, দু’টি জগতের এই মেলবন্ধন এখন ভারতীয় গণমাধ্যমের নতুন প্রিয় গল্প। স্মৃতি মান্ধানা আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ক্রিকেট আমার প্রথম ভালবাসা, কিন্তু জীবনে এমন মানুষও দরকার, যে আমাকে বোঝে, সমর্থন করে।” মনে হচ্ছে, সেই মানুষটি তিনি খুঁজে পেয়েছেন পলাশের মধ্যে। তাই এই সম্পর্ক এখন শুধু ভালোবাসার নয়, পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার এক সুন্দর উদাহরণও। বিশ্বজয়ের আনন্দের মাঝেই এই বিয়ের খবর যেন ভারতীয় ক্রিকেটভক্তদের কাছে ‘পারফেক্ট হ্যাপি এন্ডিং’। একদিকে ট্রফি হাতে দেশের গর্ব, অন্যদিকে জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ, এই দুই সাফল্যই যেন স্মৃতিকে আরও উজ্জ্বল করে তুলছে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Smriti Mandhana Record CWC 2025 Final | স্মৃতি মান্ধানার রেকর্ড, হরমনপ্রীতের নকআউট ব্যর্থতায় ছায়া: বিশ্বকাপ ফাইনালে দুই মেরু ভারতের




