Siliguri Sikkim Road Block Landslide | সিকিমে বিপর্যয়, বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক! ধসের জেরে নাজেহাল পর্যটক ও স্থানীয় মানুষজন

SHARE:

নবারুণ দাস, সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : সিকিম (Sikkim) ও শিলিগুড়ির (Siliguri) মধ্যে সংযোগকারী অন্যতম প্রধান রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল মঙ্গলবার। সোমবার রাতেই সেবক (Sevoke) এলাকার করোনেশন ব্রীজ (Coronation Bridge) সংলগ্ন অংশে ধস নামার ফলে ধীরে ধীরে বিপর্যস্ত হয় পরিস্থিতি। পরদিন সকালেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দা রতন ছেত্রী (Ratan Chettri) বলেন, “প্রতিদিনের বাজার, অফিস, স্কুল সব কিছুর জন্য এই রাস্তার উপর আমরা নির্ভরশীল। এখন ঘুরপথে যেতে হচ্ছে, যেখানে ভাড়া ও সময় দুই-ই বেশি লাগছে।” পর্যটকরাও পড়েছেন চরম সমস্যায়। গ্যাংটক (Gangtok) ঘুরতে আসা কলকাতার (Kolkata) পর্যটক মধুমিতা ঘোষ (Madhumita Ghosh) বললেন, “ছুটি নিয়ে এসেছি, কিন্তু ধসের কারণে এখন এক জায়গায় আটকে আছি। ফিরে যাওয়ার উপায় নেই, আবার গ্যাংটকেও পৌঁছতে পারছি না।”

জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, ধস সরানোর কাজ চলছে। পাহাড় থেকে নেমে আসা বিশাল পাথরের চাঁই ভাঙতে ও রাস্তা পরিষ্কার করতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। তবে কাজ শেষ হতে সময় লাগবে। ওই আধিকারিক বলেন, “ধস সরানোর পাশাপাশি পাহাড় থেকে নতুন করে পাথর না নামে, সেই ব্যবস্থাও করতে হবে। সুতরাং পরিস্থিতি এখনই স্বাভাবিক হবে না।”

প্রসঙ্গত, ১০ নম্বর জাতীয় সড়ককে সিকিমের ‘লাইফলাইন’ বলা হয়। এই সড়ক দিয়েই শিলিগুড়ি থেকে গ্যাংটক, কালিম্পং (Kalimpong) এমনকী সেনাবাহিনীর প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছায়। বিকল্প রাস্তা নেই বললেই চলে। তাই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষ ও পর্যটকদের যাতায়াত পুরোপুরি বিপর্যস্ত। সিকিম ট্রাভেল এসোসিয়েশনের সভাপতি বিকাশ রাই (Bikash Rai) জানালেন, “শুধু পর্যটন ব্যবসা নয়, দৈনন্দিন জীবনের জন্যও এই রাস্তার গুরুত্ব অপরিসীম। ধসের সমস্যা দ্রুত না মেটালে সিকিমের অর্থনীতিতেও বড় প্রভাব পড়বে।” জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। তবে পরিস্থিতি বিবেচনা করে সেই সময়সীমা বাড়তেও পারে। এদিকে, শিলিগুড়ি ও সিকিমের মধ্যে যাতায়াতকারী বাস এবং গাড়ির চালকেরা সমস্যায় পড়েছেন। অনেক চালক জানিয়েছেন, ঘুরপথে যেতে খরচও বেড়ে যাচ্ছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের ধৈর্য ধরতে বলা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দফতর পরিস্থিতির উপর নজর রাখছে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা থাকায় আশঙ্কা আরও বাড়ছে। পর্যটন ব্যবসায়ী সমিতির সদস্য সঞ্জয় ছেত্রী (Sanjay Chettri) বললেন, “এভাবে রাস্তা বন্ধ থাকলে বুকিং বাতিল হবে। এতদিন পর পর্যটন ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছিল। এখন আবার লোকসান হবে।” উল্লেখ্য, বর্ষার মরসুমে এই জাতীয় সড়কে ধস নতুন কিছু নয়। তবে এত বড় পাথর নেমে আসায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা যায়। তবে ঠিক কবে থেকে রাস্তা চালু হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Himachal landslide 2025, Dog Saves Lives | কুকুরের তৎপরতায় বাঁচল ৬৭ প্রাণ! হিমাচলে ধসের আগে সতর্ক করে ‘নীরব নায়ক’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন