Shubman Gill captaincy skills, Gary Kirsten advice for Gill | শুভমনকে ধোনির মতো হতে হবে? কী বলছেন গ্যারি কার্স্টেন

SHARE:

পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : শুভমন গিল (Shubman Gill) কি ভারতের পরবর্তী সফল টেস্ট অধিনায়ক হয়ে উঠতে পারবেন? এই প্রশ্নেই সরগরম ভারতীয় ক্রিকেট মহল। মাত্র তিনটি টেস্টে অধিনায়কত্বের সুযোগ পেয়েই মিশ্র ফল করেছেন গিল। তার মধ্যে জয় এসেছে একটি ম্যাচে, হার দু’টি। তবে গিলের নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন ২০১১ বিশ্বকাপজয়ী দলের প্রাক্তন কোচ গ্যারি কার্স্টেন (Gary Kirsten)। তাঁর মতে, শুধু ব্যাটে রান করলেই চলবে না, একজন অধিনায়ক হিসেবে ধোনি (MS Dhoni)-র মতো ম্যান ম্যানেজমেন্টের দক্ষতা গড়তে হবে শুভমনের। গ্যারি কার্স্টেনের কথায়, ‘আমি মনে করি গিলের মধ্যে ভাল নেতৃত্বের সম্ভাবনা রয়েছে। ও-একজন চমৎকার ব্যাটসম্যান, খেলার গভীরতা বোঝে। তবে অধিনায়ক হতে গেলে একসঙ্গে অনেক কিছু নিখুঁতভাবে করতে জানতে হয়।’ কার্স্টেন স্পষ্ট জানিয়েছেন, ম্যান ম্যানেজমেন্ট ছাড়া কোনও নেতা পূর্ণতা পায় না। তাঁর মন্তব্য, ‘দলের খেলোয়াড়দের ম্যানেজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধোনি এই দিক দিয়ে ছিল অসাধারণ। শুভমন যদি সেটাই শিখতে পারে, তাহলে ভারতের অনন্য অধিনায়ক হতে পারে।’

প্রথম দুই টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন শুভমন। একদিকে টেস্ট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, অন্যদিকে পরপর দুই টেস্টে সেঞ্চুরি। কিন্তু লর্ডসের (Lords) তৃতীয় টেস্টে রান পাননি। সঙ্গে শুরু হয়েছে সমালোচনা। হেডিংলির (Headingley) প্রথম টেস্টে গিলের শরীরী ভাষাকে যথেষ্ট আগ্রাসী মনে হয়নি সমর্থকদের কাছে। আবার লর্ডসে অতিরিক্ত আগ্রাসনকে অনেকে তুলনা করেছেন বিরাট কোহলি (Virat Kohli)-র নাটুকে ভঙ্গির সঙ্গে। ফলে দুই টেস্টেই পরাজয়ের পরে গিলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

এখন ভারতীয় দল খেলছে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ২৩ জুলাই, ম্যাঞ্চেস্টারে (Manchester)। সেই ম্যাচে একাধিক পরিবর্তন আসার সম্ভাবনা প্রবল।

অন্যদিকে, বিরাট কোহলি ও রোহিত শর্মা (Rohit Sharma)-র অবসরের পর আট বছর বাদে টেস্টে প্রত্যাবর্তন হয়েছে করুণ নায়ার (Karun Nair)-এর। দেশের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান হিসেবে তাঁর উপর বিশেষ নজর ছিল। কিন্তু ছয়টি ইনিংসে ব্যর্থ হন করুণ। লর্ডসেই তাঁকে বাদ দেওয়ার আলোচনা ছিল। তবে অভিজ্ঞতার কারণে খেলার সুযোগ পেয়েছিলেন। লিডসে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। পরের ম্যাচেই বাদ পড়তে হয় তাঁকে। অন্যদিকে, অভিমন্যু ঈশ্বরণ দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করলেও এখনও জাতীয় দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাননি। ভারত এ দলের অধিনায়ক হিসেবেও তিনি পরিচিত। উল্লেখ্য যে, গ্যারি কার্স্টেন মনে করছেন, সময়ের সঙ্গে শুভমন গিলের নেতৃত্ব আরও পরিণত হবে। তবে ধোনির ম্যান ম্যানেজমেন্ট স্টাইলকে শিখতে পারলেই, তাঁর নেতৃত্বের সফর হবে আরও সফল। এখন দেখার, আসন্ন ম্যাঞ্চেস্টার টেস্টে দল ও গিল উভয়ের ভাগ্যে কী লেখা রয়েছে!

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Vice President Jagdeep Dhankhar resignation | উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আকস্মিক ইস্তফা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন