বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডের কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan) শুধু পর্দার রোমান্স কিং নন, বাস্তবেও তিনি সহকর্মীদের প্রতি সহৃদয় ও প্রেরণাদায়ী মানুষ হিসেবে পরিচিত। সম্প্রতি অভিনেত্রী অমৃতা রাও (Amrita Rao) একটি সাক্ষাৎকারে এমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা প্রমাণ করে শাহরুখের একটি উপদেশ কিভাবে তাঁর জীবন ও কেরিয়ারকে নতুন মোড় দিয়েছিল।
Read Read : Deepika Padukone Walk of Fame | দীপিকার হলিউড জয়, ‘ওয়াক অফ ফেম’-এ নাম উঠল অভিনেত্রীর
উল্লেখ্য, ঘটনাটি প্রায় দুই দশক আগের। ফারহা খান (Farah Khan) পরিচালিত প্রথম ছবি ম্যাঁয় হুঁ না-এর (Main Hoon Na) শুটিং চলাকালীনই ঘটেছিল এই বিশেষ ঘটনা। শাহরুখের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছিলেন অমৃতা। কিন্তু সেটে শুধু সহঅভিনেতা নয়, মেন্টরের ভূমিকাতেও হাজির হয়েছিলেন শাহরুখ। অমৃতা জানান, শুটিংয়ের মাঝের বিরতিতে শাহরুখ অন্য একটি ছবির কাজে ব্যস্ত ছিলেন। সেই ফাঁকে তিনি অমৃতা ও তাঁর মাকে ডেকে নিয়ে গিয়ে প্রশংসায় ভরিয়ে দেন। কিং খান বলেছিলেন, অমৃতার মধ্যে একজন সফল তারকা হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা রয়েছে। মায়ের সামনেই কন্যার প্রতিভা নিয়ে এমন উচ্ছ্বসিত মন্তব্য শুনে অমৃতার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।

অমৃতা সাক্ষাৎকারে বলেন, “শাহরুখ সেদিন আমাকে বলেছিলেন, ‘তুমি হয়ত ২০০টা ছবির প্রস্তাব পাবে, কিন্তু তার মধ্যে বেছে নিতে হবে দুটো। আর সেসবের মধ্যে একটা এমন ছবি থাকবে যেটা দর্শক বারবার দেখতে চাইবে।’ সেই উপদেশ আজও আমার কেরিয়ারের মূল মন্ত্র হয়ে আছে।” শাহরুখ-এরএই উপদেশই তাঁকে বেছে কাজ করার শিক্ষা দিয়েছে বলে জানালেন অভিনেত্রী। তিনি যোগ করেন, “আমি এখনও যখন নতুন প্রজেক্ট সই করি, তখন শাহরুখের সেই কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিই। হয়তো এই কারণে আমার ফিল্মোগ্রাফি ছোট, কিন্তু প্রতিটি চরিত্রে আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।”

অমৃতার মতে, শাহরুখ শুধুই একজন সুপারস্টার নন, সহকর্মীদের প্রতি যত্নশীল একজন মানুষও। তাঁর দেওয়া পরামর্শ ও উৎসাহ যে কেরিয়ার গঠনে কতটা গুরুত্বপূর্ণ, সেই অভিজ্ঞতা তিনি নিজে পেয়েছেন।এ প্রসঙ্গে বলিউড বিশেষজ্ঞদের মতে, শাহরুখ সবসময়ই সহঅভিনেতা ও নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিতে ভালোবাসেন। ফারহা খানের ছবিতে অমৃতার সঙ্গে তাঁর রসায়ন দর্শক মনে দাগ কেটেছিল। কিন্তু বাস্তব জীবনে তাঁর দেওয়া সেই শিক্ষা একজন অভিনেত্রীর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, যা আজকের দিনে খুবই বিরল দৃষ্টান্ত।

অভিনেত্রী সম্প্রতি অক্ষয় কুমার (Akshay Kumar)-এর সঙ্গে ‘জলি এলএলবি ৩’ (Jolly LLB 3)-এ অভিনয় করেছেন। দীর্ঘদিন পর আবার বড়পর্দায় ফেরা অমৃতার কেরিয়ার নিয়েও বলিউড মহলে আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, তিনি হয়তো সংখ্যায় কম ছবি করেছেন, কিন্তু তাঁর বেছে নেওয়া কাজের মান তাঁকে আলাদা জায়গা দিয়েছে। শাহরুখের একটি উপদেশ যে কীভাবে ২০ বছর ধরে একজন অভিনেত্রীর কেরিয়ারকে গাইড করতে পারে, অমৃতা রাওয়ের অভিজ্ঞতা তার বাস্তব উদাহরণ।
ছবি : প্রতীকী
আরও পড়ুন : Shah Rukh Khan National Film Award | শাহরুখ খানের জাতীয় স্বীকৃতি: ‘জওয়ান’ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হলেও নগদ পুরস্কার ভাগাভাগি




