মেধা পাল ★ সাশ্রয় নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান ৩০ বছরে পা দিলেন। জন্মদিনে সারা যেমন ভক্তদের কাছ থেকে অগণিত শুভেচ্ছা পেয়েছেন, তেমনই বিশেষ শুভেচ্ছা পাঠিয়েছেন তাঁর সৎ মা করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। অমৃতা সিংহ (Amrita Singh) ও সইফ আলি খানের (Saif Ali Khan) মেয়ে সারা-এর ব্যক্তিগত জীবন যেমন আলোচনায় থাকে, তেমনি তাঁর পারিবারিক সম্পর্কও সবসময়ই সংবাদমাধ্যমের নজরে।

সইফ ও অমৃতার বিচ্ছেদের পর করিনার সঙ্গে সইফের বিয়ে হয়েছে বহু বছর হয়ে গেল। নেই নেই করে এক দশকেরও বেশি সময় ধরে সুখে সংসার করছেন এই দম্পতি। তাঁদের দুই ছেলে তৈমুর আলি খান (Taimur Ali Khan) ও জাহাঙ্গীর আলি খান (Jehangir Ali Khan) সারার তুলনায় ২০ বছরেরও বেশি ছোট।

বৈমাত্রিক ভাই হলেও সম্পর্কের উষ্ণতা বরাবরই প্রকাশ পেয়েছে সারার আচরণে। শৈশবেই করিনার অভিনয়ের ভক্ত হয়ে ওঠেন সারা। সিনেমার পর্দায় করিনাকে দেখেই তাঁর প্রতি মুগ্ধতা জন্মেছিল, যা পরে রূপ নেয় বন্ধুত্বে। করিনা স্পষ্টই জানিয়েছেন, তিনি কখনও সারার ‘মা’ হতে চাননি, কারণ সারার নিজের মা রয়েছেন। এবং তিনি নিজেকে সারার একজন ভাল বন্ধু হিসেবেই দেখেন। করিনার ভাষায়, “আমরা অনেক বেশি বন্ধু। আমি ওকে মা হিসেবে নয়, বন্ধুর মতো পরামর্শ দিই।”

করিনা শুধু বন্ধুই নন, সারার জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময়ে পাশে থেকেছেন। প্রেম, কেরিয়ার কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত সব ক্ষেত্রেই বৈমাত্রিক মায়ের কাছ থেকে নানা উপদেশ পেয়েছেন সারা। করিনার নিজের স্বীকারোক্তি, সারা বরাবরই প্রাণবন্ত ও স্বাধীনচেতা মেয়ে, তিনি যাকে সবসময় ইতিবাচক পথে এগিয়ে যেতে উৎসাহ দেন। এই বিশেষ দিনে করিনা ইনস্টাগ্রামে সারার জন্য লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়, এটা মনে রাখার মতো একটা বছর হোক তোমার জীবনে। এতটা ভালবাসা।” করিনার এই আবেগঘন বার্তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

অন্যদিকে সারা বহুবার বিভিন্ন সাক্ষাৎকারে করিনার প্রতি তাঁর ভালবাসা প্রকাশ করেছেন। একবার রসিকতার সুরে তিনি বলেছিলেন, “আমি করিনাকে এতটাই ভালবাসতাম যে উনি আমার বাবার স্ত্রী হয়ে গেলেন।” এই মজার মন্তব্যে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের রসায়ন স্পষ্ট হয়েছে। করিনার মতো একজন সফল অভিনেত্রীকে কাছ থেকে দেখে সারা তাঁর কাজ ও জীবনদর্শনে অনুপ্রাণিত হয়েছেন বলেও খোলাখুলি স্বীকার করেছেন।

সারা মনে করেন, করিনাকে ভালবাসার অন্যতম কারণ হল, তিনি তাঁর বাবাকে সুখী রেখেছেন। পরিবারের এই উষ্ণ বন্ধন ও পারস্পরিক সম্মানই আজ তাঁদের সম্পর্ককে এতটা দৃঢ় করে তুলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, বলিউডে সৎ মা ও সৎ মেয়ের সম্পর্ক নিয়ে নানা সময়ে নানা ধরণের গল্প শোনা গেলেও সারা ও করিনার সম্পর্কের মেলবন্ধন একেবারেই আলাদা। কোনও জটিলতা নয়, তা হাসি-ঠাট্টা, বন্ধুত্ব আর আন্তরিকতায় ভরা এই সম্পর্ক বলিউডের কাছে এক সুন্দর উদাহরণ।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sarah Kane Blasted Cleansed 4.48 Psychosis analysis | তিরিশ বছর পরেও সমান প্রাসঙ্গিক: ‘ব্লাস্টেড’-এর নির্মম বাস্তবতা আর সারা কেনের অমরত্ব




