মিলন দত্ত ★ সাশ্রয় নিউজ : বলিউডের ‘চিরকুমার’ তকমা এখনও সলমন খান (Salman Khan)-এর সঙ্গেই যুক্ত। বয়স ৫৯ পেরলেও বিয়ের পিঁড়িতে তাঁর বসা হয়নি। তবু, সম্প্রতি একাধিক মন্তব্যে বিয়ের ইঙ্গিত দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়েছেন ভাইজান। বুধবার রাতে সেই জল্পনায় ঘি ঢেলে দিল তাঁর হঠাৎ উপস্থিতি প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)-র জন্মদিনের পার্টিতে।

প্রায় এক দশক ধরে সঙ্গীতার (Sangeeta) সঙ্গে সম্পর্ক ছিল সলমনের। তখন বিয়ের দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। এমনকী ছাপা হয়ে গিয়েছিল বিয়ের কার্ডও। তবে শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙে যায়। পরে ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)-এ এসে সলমন নিজেই স্বীকার করেছিলেন, ‘আমি প্রতারণা করেছিলাম। তাই সেই বিয়ে হয়নি।’

এই স্বীকারোক্তি শুনে তৎকালীন দর্শকরা হতবাক হয়েছিলেন। তবে সময় গড়িয়ে গেলেও সঙ্গীতার সঙ্গে তাঁর সুসম্পর্ক অটুট থেকেছে। সম্প্রতি সঙ্গীতার জন্মদিনের রাতে মুম্বইয়ের অভিজাত হোটেলে ঢোকার আগে চেনা মেজাজে পাপারাজ্জিদের সামনে পোজ দিলেন সলমন। সাদা শার্ট, ব্ল্যাক জিন্সে দিব্যি ফিট লুক। অনুষ্ঠানস্থলে ঢোকার সময়েই এক খুদের সঙ্গে তাঁর দেখা হয়ে যায়। মায়ের কোলে থাকা সেই একরত্তি সলমনকে দেখেই হাত নেড়ে হাসতে থাকে। উপস্থিত অনুরাগীরা বলছেন, ‘দেখে বোঝা যাচ্ছে, বাচ্চাদের সঙ্গে দারুণ সংযোগ ভাইজানের। বাবা হওয়ার জন্য তৈরি তিনিও।’

সম্প্রতি নিজের বিয়ের প্রসঙ্গে খোলামেলা মন্তব্য করেছেন সলমন। বলিউডের ভাইজান বলেছিলেন, ‘একদিন আমিও হব সেরা স্বামী, সেরা বাবা। এখনও বিয়ে করার ইচ্ছে আছে। ঠিক সময়ে হবে।’ এই বক্তব্যেই উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। সলমনের কথায় স্পষ্ট, বয়স যতই হোক, বিয়ে এবং সন্তান নিয়ে স্বপ্ন শেষ হয়ে যায়নি তাঁর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সলমন ও খুদের সেই ভিডিও। অনুরাগীরা বলছেন, ‘সলমনের (Salman Khan) জীবনে এমন একজন আসুক, যে তাঁকে নিখাদ ভালবাসা দেবে। বাবার চরিত্রে সলমনকে দেখতে মুখিয়ে রয়েছি আমরা।’ আবার কেউ লিখেছেন, ‘প্রত্যেকটা শিশুর মধ্যে ঈশ্বরের রূপ। ভাইজানকে দেখে ওর আনন্দই প্রমাণ করে, তিনি কত বড় মনের মানুষ।’

সলমন খানের জীবনে একের পর এক সম্পর্ক এসেছে। ঐশ্বর্যা রাই (Aishwarya Rai) থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) বহু অভিনেত্রীই জড়িয়েছেন তাঁর সঙ্গে। কিন্তু বিয়ে পর্যন্ত পৌঁছনো হয়নি। অনুরাগীরা মনে করছেন, সঙ্গীতা বিজলানি (Sangeeta Bijlani)-র জন্মদিনে এই উপস্থিতি হয়ত ফের এক নতুন অধ্যায়ের ইঙ্গিত। বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, প্রাক্তনের সঙ্গে আবারও ঘনিষ্ঠ হচ্ছেন ভাইজান। যদিও সলমন বা সঙ্গীতা কেউই এ বিষয়ে মুখ খোলেননি। ভক্তদের একাংশের মতে, জীবনের এই পর্বে এসে সলমন খান (Salman Khan)-এর কাছে স্থিতি খুব জরুরি। তাঁদের বক্তব্য, ‘সলমনকে হাসিখুশি ও পরিপূর্ণ দেখতে চাই। এবার বিয়ে করে তিনি সংসার শুরু করুন।’ কিন্তু, কবে আসবে সেই বহু প্রতীক্ষিত দিন? আপাতত সেটাই লাখ টাকার প্রশ্ন। বুধবার রাতের এই উপস্থিতি সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, মনের কোণে এখনও বিয়ে ও পরিবার গড়ার স্বপ্ন বেঁচে আছে বলিউডের ভাইজানের।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Salman Khan | ‘বাবা’ হতে পারবেন না সালমান খান!




