Salman Khan : ‘ভাইজান’ থেকে বিনয়ী শিল্পী  সলমন খানের মুখে তাঁর সাফল্য আর সংশয়ের গল্প

SHARE:

পর্যন্ত আইপিএলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মাঠে বলিউডের গ্ল্যামার, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রচার, আর্থিক লাভ, সব মিলিয়ে আইপিএল ক্রিকেট একটি বিশাল বিনোদনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তবে সালমান খান স্পষ্ট করে দিলেন, তিনি এই দৌড়ে নেই এবং থাকতে চানও না।

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ মুম্বই : এক সময়ের চকলেট বয়। দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এক আবেগের নাম। সেই সলমন খান (Salman Khan) এখনকার বলিউডের অন্যতম আলোচিত, আলোচিত তো বটেই, বিতর্কিত মুখও বটে। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ দিয়ে বলিউডে সফর শুরু করা এই অভিনেতা আজ ১০০-র বেশি ছবির অভিজ্ঞ শিল্পী। কখনও প্রেমিক, কখনও ভাইজান, কখনও বা ‘টাইগার’ রূপে ফিরে এসে মাত দিয়েছেন বড়পর্দা।

বলিউড অভিনেতা সালমান খান। ছবি : সংগৃহীত

কিন্তু নিজের কৃতিত্বে তাঁর বিন্দুমাত্র গর্ব নেই বলেই জানিয়েছেন স্বয়ং সলমন খান। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সলমন খান বলেন, তিনি নিজেকে কখনওই বলিউডের সেরা অভিনেতা বলে মনে করেন না। এমনকী প্রতিটি ছবি বানানোর পর তার সাফল্য নিয়েও তিনি ভাবেননা। “আমি কখনওই ছবির হিট হওয়ার জন্য প্রার্থনা করি না। ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (Maine Pyar Kiya) ছাড়া আর কোনও ছবির জন্য মনে পড়ে না যে বিশেষ কিছু চেয়েছি। তবে আমার মা, বোন বা কাছের মানুষরা নিশ্চয়ই করেন,”। সত্যিই যেন এক শিল্পীর নিঃসঙ্গ স্বীকারোক্তি। প্রশ্ন উঠতেই পারে, এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে একাধিপত্য কায়েম রেখে যাওয়া একজন সুপারস্টার কেন নিজের সাফল্য নিয়ে এত সংযত? উত্তরে সলমন জানান, “আমি সেই দৌড়ে নেই। আমি শুধু চাই, মানুষ যেন আমার ছবিতে আনন্দ পান। সেটাই আমার কাছে আসল সাফল্য।” ২০২৪ সালে ঈদে মুক্তি পেয়েছিল বহু প্রতীক্ষিত ছবি ‘সিকন্দর’ (Sikandar)। এই ছবির জন্য যেমন প্রত্যাশা ছিল, বক্স অফিসে ফলাফল ছিল ততটাই হতাশাজনক। এক সময় যাঁর নামে ছবি শুরু মানেই ছিল ব্লকবাস্টার, আজ তাঁর ছবি দর্শক টানতে পারছে না আগের মত। তবুও হতাশ নন ভাইজান। কারণ সাফল্য-ব্যর্থতার হিসেব কষে তিনি কাজ করেন না। “একটা ছবি করলাম, সেটা কেমন চলবে, কত আয় হবে, এসব আমি ভাবি না। আমি কাজটা করি, বাকিটা দর্শকের উপর,” বলেছেন সলমন। সলমনের জীবনের আরেকটি চর্চিত বিষয় তাঁর সময়ানুবর্তিতা। বহু পরিচালক এবং সহকর্মীর অভিযোগ, তিনি নাকি সবসময় দেরিতে সেটে পৌঁছন। কিন্তু সলমনের জবাব, “আমি প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে দিন শুরু করি। ঘুম থেকে উঠেই আমার কিছু নির্দিষ্ট কাজ থাকে। তাই হয়ত দেরি হয়। তবে সেটা মানে এই নয় যে আমি নিয়ম মেনে চলি না। এতগুলো বছর ধরে টিকে থাকা যেত না যদি আমি নিয়ম ভেঙে চলতাম।”

বলিউড স্টার সালমান খান। ছবি : সংগৃহীত

তবে শুধু অভিনয় বা সময়ানুবর্তিতার প্রশ্নেই নয়, সলমনের ব্যক্তিগত জীবনও বারবার খবরে এসেছে। প্রেম, বিচ্ছেদ, হুমকি, বন্দুকবাজি, মামলা এসব যেন তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই সব নিয়ে আজকাল তিনি বেশি কথা বলেন না। নিজের কাজ, দর্শকদের ভালবাসা আর পরিবারের প্রতি কৃতজ্ঞতাতেই ভর করে থাকেন তিনি। এমনও শোনা যায়, বলিউডে অনেক নায়ক তাঁর রোষানলে পড়েছেন, আবার তিনিই বারবার প্রাণনাশের হুমকি পেয়েছেন। কিন্তু সলমন সেই চাপকে কেমনভাবে নেন? প্রশ্নটা উড়িয়ে দিয়ে সলমন শুধু বলেন, “মানুষ আমায় ভালবাসে, সেটাই অনেক।” তবে কি তাঁর জীবনে কোনও ভয় নেই? হয়ত আছে। কিন্তু সেটা আড়ালে রেখে ক্যামেরার সামনে তিনি সবসময় আত্মবিশ্বাসী, ঝাঁঝালো ‘ভাইজান’। আর পর্দার বাইরে? সেখানেই হয়তো লুকিয়ে এক ক্লান্ত, আত্মসচেতন, বিনয়ী শিল্পী, যিনি নিজেকে সেরার আসনে বসান না, আসলে বলিউডের প্রতিযোগিতার দৌড়েই নামতে চান না। সলমন খানের এই নতুন সত্তা, এই বিনয়, এই আত্মসমালোচনার রূপ সত্যিই বিরল। যেখানে বলিউডে ‘সুপারস্টার’ তকমার জন্য যুদ্ধ চলে প্রতিদিন, সেখানে ভাইজান যেন হেঁটে চলেছেন এক আলাদা রাস্তা ধরে। সাফল্যের চাইতে মানুষের ভালবাসাই তাঁর কাছে বড়। আর সেটাই বোধহয় তাঁকে আজও রেখেছে দর্শকের হৃদয়ের মণিকোঠায়।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : SRK | Love Story of Shah Rukh Khan and Gouri Khan : শাহরুখ-গৌরীর প্রেম এক আশ্চর্য রূপকথা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment