অলোক নাথ, সাশ্রয় নিউজ ডেস্ক ✪ মুম্বই: বলিউডে যেখানে বড় তারকারাই সচরাচর সিনেমা হিট করান, সেখানে সম্পূর্ণ উল্টো ঘটালেন দু’জন নবাগত। অহান পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পড্ডা (Anit Podda) অভিনীত প্রথম ছবি ‘সাইয়ারা’ (Saiyaara) মুক্তির দিন থেকেই যেভাবে আলোচনায় উঠে এসেছে, তাতে চমকে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রি। ছবি মুক্তির মাত্র এক সপ্তাহেই দেশজুড়ে ২৬৬ কোটির ব্যবসা ও বিশ্বব্যাপী কালেকশন ছাড়িয়ে গেল ৪০০ কোটি টাকার গণ্ডি! ‘সাইয়ারা’ ছবির নিয়ে প্রথমদিকে বলার মতো কোনও প্রচার ছিল না। না ছিল বিশাল বাজেটের বিপুল প্রোমোশন, না ছিল খ্যাতনামা প্রোডাকশনের ছত্রছায়া। তবুও ‘সাইয়ারা’ এমন বক্স অফিস সাফল্য পেয়েছে, যা কিনা সালমান খান (Salman Khan), আমির খান (Aamir Khan) বা শাহরুখ খান (Shah Rukh Khan)-এর সাম্প্রতিক হিট ছবিগুলোকেও ছাপিয়ে গিয়েছে।সিনেমা বিশ্লেষক কমল নাথানি (Kamal Nathani) বলছেন, ‘এই মুহূর্তে ‘সাইয়ারা’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি কালচারাল ফেনোমেনন হয়ে উঠেছে। একদিকে যখন বলিউডে মেশিনের মতো প্রেম, পুরুষতান্ত্রিক ন্যারেটিভ ও মারপিটই দর্শকদের সামনে আসছে, তখন ‘সাইয়ারা’ এক নিঃশব্দ বিপ্লব।’ তিনি আরও যোগ করেন, ‘এই ছবির আবেগ, সরলতা ও ধৈর্য দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। যে প্রেম শুধু অধিকার বা উন্মত্ততা নয়, বরং অপেক্ষার মাধুর্য বোঝায়। এটা খুব একটা দেখা যায় না এখনকার মূলধারার ছবিতে।’

বলিউড ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) জানিয়েছেন, ‘সাইয়ারা’ দ্বিতীয় সপ্তাহের শুরুতেই ২৬৬ কোটি টাকার ঘরে পৌঁছে গিয়েছে। দ্বিতীয় সপ্তাহ শেষে ৩৫০ কোটির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা প্রবল। আন্তর্জাতিক বাজারে এটি ইতিমধ্যেই ১৪০ কোটি ছুঁয়েছে। অর্থাৎ, বিশ্বব্যাপী মোট কালেকশন ৪০০ কোটি ছাড়িয়ে গিয়েছে।’ তুলনায় দেখে নিলে বোঝা যায়, আমির খানের ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par) আয় করেছিল ২৬৪ কোটি টাকা। ‘সাইয়ারা’ ইতিমধ্যেই সেই রেকর্ড ভেঙে দিয়েছে। আবার সলমন খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিকন্দর’ (Sikandar) মুখ থুবড়ে পড়েছে ৯৮ কোটির ঘরে। এমনকী, রোম্যান্টিক ঘরানার হিট সিনেমা যেমন ‘আশিকি ২’ (Aashiqui 2), ‘মার্ডার ২’ (Murder 2), ‘এক ভিলেন’ (Ek Villain) এবং ‘হাফ গার্লফ্রেন্ড’ (Half Girlfriend)-কেও টেক্কা দিয়েছে এই নতুন জুটি।
নবাগত অহান ও অনীত সম্পর্কে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ইতিবাচক। মুম্বইয়ের একটি মাল্টিপ্লেক্সে দর্শক অনন্যা মেহতা (Ananya Mehta) বলেন, ‘অহান ও অনীতের কেমিস্ট্রি একেবারে স্বতঃস্ফূর্ত। ওদের মধ্যে কোনও অতিনাটকীয়তা নেই, একটা সরল কিন্তু গভীর প্রেমের ছাপ আছে। এই ছবি দেখলে যেন পুরনো দিনের বলিউড ফিরে আসে।’ সিনেমাটির সাফল্য প্রমাণ করে যে, শুধুমাত্র বড় নাম নয়, গল্পই শেষ কথা বলে। প্রেম মানেই চিৎকার, রাগ বা উন্মত্ততা নয়, এই বার্তাই যেন পৌঁছে দিয়েছে ‘সাইয়ারা’। আর ঠিক সেই জায়গাতেই সাফল্য পেয়েছে অহান-অনীতের প্রথম ছবি। বর্তমানে বলিউডে যেখানে প্রেমের সংজ্ঞা অনেকটাই বদলে গিয়েছে, সেখানে এই ছবির নিরবধি ভালবাসা দর্শকদের মন জয় করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন, ‘সাইয়ারা’ এক নতুন ঘরানার সূচনা করল, যেখানে নতুন মুখ, নির্ভেজাল গল্প আর আবেগই আবার প্রাধান্য পাবে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Aneet Padda Saiyara movie controversy | অহঙ্কারের রেশ! ‘সাইয়ারা’ নায়িকা অনীত পড্ডা’র ব্যবহার দেখে হতবাক অনুরাগীরা




