পারিজাত গঙ্গোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : ভারতীয় ক্রিকেটে প্রতিভার ছড়াছড়ি হলেও, কিছু প্রতিভার প্রাপ্য সম্মান ঠিকঠাক সময়ে মেলে না। সাম্প্রতিক উদাহরণ হয়ে উঠেছেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ইংল্যান্ড সিরিজে তাঁর দুরন্ত পারফরম্যান্স ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিলেও, সিরিজের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়। তারই প্রেক্ষিতে মুখ খুলেছেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। তাঁর মন্তব্যে ফুটে উঠেছে একদিকে বিস্ময়, অন্যদিকে আক্ষেপ! একজন ম্যাচউইনার বোলার হয়েও সিরাজ বারবার অবহেলিত।

ইংল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত সিরিজ ছিল একাধিক কারণে ঐতিহাসিক। প্রথমবারের মতো সিরিজের নামকরণ করা হয় দুই কিংবদন্তীর নামে, ‘অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি’। সেই নামাঙ্কিত ট্রফিতেই নিজের আগুনে বোলিংয়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে একাধিকবার ভেঙে দেন সিরাজ। এমন এক পারফরম্যান্সের পরও যদি প্রশ্ন ওঠে দলে তাঁর স্থান নিশ্চিত নয়, তাহলে তা নিয়ে ভাবনার যথেষ্ট অবকাশ রয়েছে।সচিন তেন্ডুলকর একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সিরাজের প্রশংসায় বলেন, ‘অবিশ্বাস্য, দুর্দান্ত। এরও বেশি কিছু। ওর মানসিকতা আমাকে মুগ্ধ করে। প্রচণ্ড ছটফটে, উদ্যমী। একজন ফাস্ট বোলারের পক্ষে দিনের পর দিন একই এনার্জি ধরে রাখা এক কথায় অসাধারণ। এমন বোলারকে কোনও ব্যাটারই খেলতে চাইবে না।’ তাঁর কথায় আরও উঠে আসে সিরাজের একাগ্রতা ও দায়বদ্ধতার প্রশংসা। ‘শেষ দিনে ও যেভাবে বোলিং করল, সেটাই ওর আসল পরিচয়। দলের প্রয়োজনেই যখন যা করা দরকার, ও সেটা করেছে। এই মানসিকতা অনেকটাই আলাদা করে দেয় ওকে। অতীতে এমন পারফরম্যান্স করেছে, কিন্তু এই সিরিজে ও ছিল আরও ধারালো, আরও নিখুঁত।’ কিন্তু এখানেই শেষ নয়। তেন্ডুলকর স্পষ্ট করেই বললেন, ‘সিরাজের মতো পারফর্মার ঠিক যে পরিমাণ কৃতিত্ব পাওয়ার কথা, সে অনুযায়ী সে পায় না। এটা আমার খুব খারাপ লাগে। দলের প্রত্যাশা ও দায়িত্ব সবসময় নিজের কাঁধে নিয়েছে, কিন্তু বাইরে থেকে যেটুকু স্বীকৃতি পাওয়া উচিত ছিল, তা অনেক সময়েই আসেনি।’
সিরাজের সাম্প্রতিক বোলিং পারফরম্যান্স চোখধাঁধানো। বিশেষ করে ওভাল টেস্টে শেষ দিনে তাঁর বোলিং ছিল রীতিমতো বিধ্বংসী। নতুন বল হোক বা পুরনো, সিরাজ নিজের লাইন ও লেংথে এতটাই নিখুঁত ছিলেন যে ইংল্যান্ডের মিডল অর্ডার কার্যত দিশাহারা হয়ে পড়ে। অথচ ইংল্যান্ড সফরের আগেই তাঁকে নিয়ে বিভিন্ন মহলে উঠেছিল প্রশ্ন, পুরনো বলে কার্যকর নন, মাঝেমধ্যেই ধারাবাহিকতা হারিয়ে ফেলেন। সেই সব সমালোচনার জবাব যেন সিরাজ দিলেন মাঠে পারফরম্যান্সের মাধ্যমে।চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে বাদ পড়ার প্রসঙ্গেই যেন তেন্ডুলকরের আক্ষেপ আরও প্রকট হয়ে উঠল। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সচিন জানেন, ফর্ম ও মানসিকতা, দুটোই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সিরাজ দুটোই বজায় রেখেছেন, তা সত্ত্বেও তাঁর প্রতি এই বিমাতাসুলভ আচরণ প্রশ্ন তো তুলবেই। ভারতীয় ক্রিকেটে এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। জ্বলে ওঠা পারফর্মারদের জায়গা করে দিতে গড়পড়তা নামগুলোকেই রাখা হয়েছে সিস্টেমের অংশ করে। তবে সিরাজের ক্ষেত্রে বিষয়টি আরও স্পষ্ট, কারণ তিনি বারবার নিজের পারফরম্যান্সে সেটিকে চ্যালেঞ্জ করে গিয়েছেন।

এই ঘটনার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকমণ্ডলীর ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একজন আন্তর্জাতিক ম্যাচ উইনার, যার পেস, আগ্রাসন ও অ্যাটিটিউড বারবার দলের হয়ে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে, তাঁকে বারবার স্কোয়াডে স্থান দেওয়ার সময় সংরক্ষণের নামে এড়িয়ে যাওয়া কি আদৌ যুক্তিসঙ্গত?ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, সিরাজ বর্তমানে ভারতের সবচেয়ে ধারালো ও ভয়ঙ্কর পেসারদের একজন। বিশ্বমঞ্চে ভারতীয় বোলিং অ্যাটাককে আরও শক্তিশালী করতে হলে তাঁর মতো পেসারদের নিয়েই রণনীতি সাজাতে হবে। তেন্ডুলকরের মতামত শুধু আবেগ নয়, বাস্তবতার নিরিখে এক শক্তিশালী বার্তা। সিরাজের পারফরম্যান্সের মাধ্যমে যেভাবে নিজেকে প্রমাণ করেছেন, তার পর আর তাঁকে উপেক্ষা করা মানে ভবিষ্যতের জন্য নিজেকে পিছিয়ে রাখা।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করেন, সিরাজকে এখনই পূর্ণ মর্যাদা দেওয়া উচিত, একজন লিডিং পেসার হিসেবে। মাঠে তাঁর আগ্রাসন, ভেতরের আগুন, এবং দারুণ ফিটনেস তাঁকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে। সচিনের কণ্ঠে সেই প্রশংসা আরও বেশি জোরালো ভাবে পৌঁছেছে ক্রিকেট প্রশাসনের কানে। কিন্তু, এই মুহূর্তে প্রশ্ন একটাই, তাঁকে কি ভবিষ্যতের সব বড় টুর্নামেন্টে স্থায়ী সদস্য হিসেবে ভাবা হবে, নাকি আবারও কোনও এক কৌশলগত অজুহাতে তাঁকে সাইড করেই রাখা হবে?
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Shubman Gill, Sara Tendulkar, Sachin Tendulkar, Yuvraj Singh charity event | লন্ডনের চ্যারিটি ডিনারে একফ্রেমে শুভমন-সারা, উপস্থিত সচিন-অঞ্জলিও ভাইরাল বিশেষ মুহূর্ত




