পারিজাত গঙ্গোপাধ্যায় ★ লন্ডন : লন্ডনের ঐতিহাসিক লর্ডস (Lords) ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালটা হয়ে উঠল একেবারে বিশেষ। ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট শুরুর ঠিক আগে স্টেডিয়ামের সেই বিখ্যাত ঘণ্টা বাজালেন ‘ক্রিকেটের ভগবান’ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। খেলার শুরুর ৫ মিনিট আগে ঘণ্টা বাজানোর এই প্রথা লর্ডসে চালু হয়েছে ২০০৭ সালে। সেই ধারাই বজায় থাকল বৃহস্পতিবারও, তবে এ দিন মুহূর্তটা হয়ে রইল আরও তাৎপর্যপূর্ণ কারণ ঘণ্টা বাজানোর দায়িত্বে ছিলেন বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের অন্যতম সচিন।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (England Cricket Board) ও এমসিসি (MCC) কর্তৃপক্ষের আমন্ত্রণেই সচিন বৃহস্পতিবার সকালে ঘণ্টা বাজিয়ে টেস্ট শুরুর আনুষ্ঠানিক ঘোষণা করেন। ঘণ্টা বাজানোর সময়ে সচিনের সঙ্গে ছিলেন স্ত্রী অঞ্জলি তেন্ডুলকর (Anjali Tendulkar)। ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক ও ক্রিকেট বিশ্বের চোখ ছিল লর্ডসের প্যাভিলিয়নের বোলার্স বারের বাইরের দিকে থাকা সেই ঐতিহাসিক ঘণ্টার দিকেই। সচিনকে এই সম্মান জানানোর পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ‘‘যিনি মাঠে ক্রিকেটকে নিজের মতো করে ব্যাখ্যা করেছিলেন, আজ তিনি ঘণ্টা বাজিয়ে নতুনভাবে সম্মানিত হলেন।’’ এর পাশাপাশি বৃহস্পতিবার আরও এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকল লর্ডস। এমসিসির ক্রিকেট সংগ্রহশালায় (MCC Museum) উদ্বোধন করা হল সচিন তেন্ডুলকরের প্রতিকৃতি। এই বিশেষ প্রতিকৃতি এঁকেছেন খ্যাতনামা চিত্রশিল্পী স্টুয়ার্ট রিয়ারসন (Stuart Pearson Wright)। সূত্রের খবর, বছরের শেষ পর্যন্ত সচিনের এই ছবি থাকবে সংগ্রহশালাতেই। তারপর তা স্থানান্তরিত হবে লর্ডসের সাজঘরে। নিজের প্রতিকৃতি লর্ডসের মতো স্থানে জায়গা পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়ে সচিন বলেছেন, ‘‘লর্ডসের সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি মুহূর্তই আমার কাছে অবিস্মরণীয়। আজকের দিনটি এক নতুন গর্বের অধ্যায়।’’
প্রসঙ্গত, এই প্রথমবার লর্ডসে ঘণ্টা বাজানোর সম্মান পেলেন সচিন। ক্রিকেটবিশ্বে এই ঘণ্টা বাজানোকে বিশেষ সম্মান হিসেবেই দেখা হয়। ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) যখন সিএবি সভাপতি ছিলেন, তখন তিনি ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) একই তিনি চালু করেন, যা আজও অব্যাহত।এবার থেকে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজেও স্থায়ীভাবে জুড়ে গেল সচিনের নাম। দুই দেশের টেস্ট সিরিজে বিজয়ী দলকে এবার থেকে দেওয়া হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy)। ইংল্যান্ডের সর্বকালের সেরা পেসার জেমস অ্যান্ডারসন (James Anderson) ও ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের সম্মানার্থেই এই ট্রফির নামকরণ করা হয়েছে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও মজবুত ও সম্মানজনক করতেই এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড। লর্ডসে সচিনের ঘণ্টা বাজানো ও প্রতিকৃতি উদ্বোধনকে কেন্দ্র করে ক্রিকেটমহলে যে আবেগের সঞ্চার হয়েছে, তা স্পষ্ট সোশ্যাল মিডিয়ার প্রতিটি পোস্টেই। অনেকেই লিখেছেন, ‘‘ক্রিকেট যেখানে ধর্ম, সেখানে সচিন দেবতা। লর্ডসেও তা আরও একবার প্রমাণিত হল।’’
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Yuzvendra Chahal Mahvash relationship | যুজবেন্দ্র চাহালের প্রেমে মশগুল মহওয়াশ! চ্যাম্পিয়ন্স লিগে কিনলেন নিজস্ব দল, চমকে উঠল নেটদুনিয়া




