Ravi Shastri : কোহলির অবসরে বিষণ্ণ শাস্ত্রী, বললেন ‘আমি থাকলে ওকে আবার ফিরিয়ে আনতাম’
পারিজাত গঙ্গোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ : ভারতীয় ক্রিকেটে এক যুগের অধ্যায়ের অবসান হয়েছে বিরাট কোহলির (Virat Kohli) টেস্ট অবসরের মাধ্যমে। কিন্তু সে অবসান এখনও মেনে নিতে পারেননি রবি শাস্ত্রী (Ravi Shastri)। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ ও এক সময়ের অন্যতম অভিভাবকস্বরূপ এই ব্যক্তিত্ব জানিয়ে দিলেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে কোহলিকে আবার ভারতের টেস্ট দলের অধিনায়ক করতেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় ধারাভাষ্য দিতে এসে সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, “যখন কেউ চলে যায়, তখন আমরা বুঝতে পারি তার অবদান কতটা বড় ছিল। বিরাটের অবসরটা এখনও মেনে নিতে পারছি না। মন খারাপ করে ওর কথা ভাবলেই।” দীর্ঘ সময়ের সঙ্গী এই প্রাক্তন অধিনায়কের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ওর সঙ্গে আমার যোগাযোগ এখনও খুব ভাল। ও একজন শক্তিশালী ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটের জন্য ও যা করেছে, তার তুলনা হয় না।”
কোহলি ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন। এই সময়কালের সিংহভাগে কোচ হিসাবে তাঁর পাশে ছিলেন শাস্ত্রী। দু’জনের বোঝাপড়া ও সাফল্য বিশ্ব ক্রিকেটেই এক আলোচিত অধ্যায় হয়ে উঠেছিল। শাস্ত্রীর মতে, বোর্ডের উচিৎ ছিল কোহলিকে আর একটু সময় দেওয়া। “আমি বিশ্বাস করি, ভারতীয় বোর্ড চাইলে পরিস্থিতি অন্যভাবে সামলাতে পারত। ওর সঙ্গে আরও কথা বললে হয়ত সে সিদ্ধান্ত পাল্টাতে পারত। আমার হাতে ক্ষমতা থাকলে, অস্ট্রেলিয়া সফরের পরেই আমি ওকে আবার ভারতের টেস্ট অধিনায়ক করতাম,” জোর গলায় বললেন শাস্ত্রী।
রোহিত শর্মার (Rohit Sharma) অবসরের ক’য়েক দিনের মধ্যেই কোহলির ঘোষণা আসে। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি জানান, টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। যদিও নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) পরে জানিয়ে দেন, এপ্রিল মাসেই কোহলি তাঁর অবসরের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন। বোর্ড তখন অনুরোধ করেছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। কিন্তু তাতে অনড় ছিলেন কোহলি। এই প্রসঙ্গেই শাস্ত্রীর আক্ষেপ আরও তীব্র হয়ে ওঠে। তিনি বলেন, “ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি ছিল। আর কিছু বছর যদি টেস্টে খেলত, তাহলে হয়ত ভারত আরও কিছু ঐতিহাসিক জয় পেত। শুধু একজন খেলোয়াড় নয়, একজন নেতা হিসেবেও ওর অবদান অনস্বীকার্য।”
সম্প্রতি আইপিএল জেতার পর কোহলি যে আবেগে ভেসেছিলেন, তা ফুটে উঠেছিল রবি শাস্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তে। কোহলি খুশিতে শাস্ত্রীর কোলে উঠে পড়েন। সেই ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। সম্পর্কটা ঠিক কতটা গভীর, তা আর বুঝিয়ে বলার প্রয়োজন পড়ে না। কোহলির অবসরের পরে সেই স্নেহময় অভিভাবকস্বরূপ কণ্ঠস্বর আরও একবার বুঝিয়ে দিল, এই ক্রিকেটারকে হারানো এতটা সহজ নয়। এপ্রসঙ্গে শাস্ত্রীর শেষ কথা ছিল, “কোনও কোনও খেলোয়াড়কে কখনওই ভুলে যাওয়া যায় না। বিরাট তেমনই একজন। আমি থাকলে ওকে ফেরাতাম।অন্তত আরও ক’য়েক বছর দেশের হয়ে টেস্ট খেলতে বাধ্য করতাম।” তাঁর এই অনুভব শুধু ব্যক্তিগত নয়, অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীর মনের কথাই যেন বলে দিলেন রবি শাস্ত্রী।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli : আরসিবির প্রথম আইপিএল জয়ের আবেগঘন মুহূর্তে কোহলির চোখের জল মোছালেন অনুষ্কা




