কৌশিক রায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ‘ধূমকেতু’ ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই টলিপাড়ায় শুরু হয়েছে উত্তেজনা, আলোচনায় দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় -এর বহু প্রতীক্ষিত কামব্যাক জুটি। ১৩ বছর পর তাঁরা আবার একসঙ্গে বড়পর্দায় ফিরছেন। ট্রেলারে তাঁদের রসায়ন, একাধিক নাটকীয় সংলাপ আর আবেগঘন মুহূর্ত ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে। সেই রেশ কাটতে না কাটতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল এক অন্য ঘটনা, পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-এর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র (Shatabdi Mitra)-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট।

ট্রেলার লঞ্চের ঠিক পরের সন্ধ্যায় শতাব্দীর একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটমাধ্যমে শুরু হয়েছে প্রবল বিতর্ক। নাম না করে তিনি যে কটাক্ষ করেছেন রাজকে, সে বিষয়ে প্রায় নিশ্চিত নেটিজেনদের একাংশ। তাঁর লেখা, “কীরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? হিসট্রি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।” এই একটিমাত্র পোস্টেই যেন উসকে দিয়েছে পুরনো ক্ষত, পুরনো সম্পর্কের ইতিকথা। আরও এক ধাপ এগিয়ে শতাব্দী লেখেন, “তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা– আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।”
ওই পোস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। কেউ বলছেন, এটা নিছক নস্ট্যালজিয়া, কেউ বলছেন, এটা সুস্পষ্ট খোঁচা। রাজের ব্যক্তিগত জীবনের অতীত আবার উঠে এসেছে আলোচনায়। বহু আগেই শতাব্দীর সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছিল। সে সময় রাজের সঙ্গে নাম জড়িয়েছিল টলিপাড়ার আরও দুই অভিনেত্রীর। তবে সেই ভাঙনের পর শুভশ্রীর সঙ্গে নতুন সম্পর্ক গড়ে ওঠে রাজের, পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাঁদের সুখের সংসার।

শতাব্দীর এই পোস্ট যে নস্ট্যালজিয়ার চেয়ে অনেক বেশি কিছু প্রকাশ করছে, তা বুঝতে বাকি নেই নেটিজেনদের। পোস্টটি প্রকাশ পাওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই বলছেন, এই বার্তায় যেন দীর্ঘদিনের অপ্রকাশিত যন্ত্রণা, অভিমান আর ক্ষোভ জমাট বেঁধে ছিল। টলিউডের এক ঘনিষ্ঠ সূত্র বলছে, “রাজ (Raj Chakraborty) যখন কেরিয়ার শুরু করছিলেন, তখন শতাব্দী (Shatabdi Mitra) ছিলেন তাঁর পাশে। একটা সময় তাঁরা একসঙ্গে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের পথ আলাদা হয়ে যায়। যদিও তাঁদের বিচ্ছেদের কারণ শুভশ্রী নন, তা সকলেই জানেন। তবু শতাব্দীর এই পোস্টে যেন কোনও না বলা কথা থেকে গেল।”
সোশ্যাল মিডিয়ায় একাংশের মত, “একজন নারীর কষ্ট বোঝা যায় তাঁর লেখার মধ্য দিয়েই। শতাব্দী হয়তো আজও ভোলেননি সেই অধ্যায়, যা হঠাৎ থেমে গিয়েছিল।” কেউ কেউ আবার লিখেছেন, “এই লেখার মধ্যে এতটা আবেগ, ব্যথা আর উপলব্ধি আছে যে তা চোখে জল এনে দেয়।” অন্যদিকে রাজ-শুভশ্রী জুটি কোনও প্রতিক্রিয়া না জানিয়েই বেড়িয়ে পড়েছেন ছুটি কাটাতে। তাঁদের ছবি ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। শুভশ্রী ইনস্টাগ্রামে ‘ধূমকেতু’-র (Dhumketu) প্রচার চালাচ্ছেন নিয়মিত। দেবের সঙ্গেও তাঁর ছবি ও পোস্ট ঘিরে ভক্তদের উত্সাহ চোখে পড়ার মতো। সবমিলিয়ে, ‘ধূমকেতু’র ট্রেলারের আলোকে যে অতীতের জ্বালা আবারও ঘুম ভাঙিয়েছে, তা স্পষ্ট শতাব্দীর লেখনীতে। প্রশ্ন উঠছে, এই পোস্ট কি শুধুই পুরনো দিনের আবেগ? নাকি কোনও নতুন গল্পের ইঙ্গিত? উত্তরের অপেক্ষায় রইল টলিপাড়া।
ছবি : সংগৃহীত




