সাশ্রয় নিউজ ডেস্ক ★ ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর (Narendra Modi) ৭৫তম জন্মদিনে দেশজুড়ে শুরু হল বিশেষ স্বাস্থ্য অভিযান। বুধবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ধরে আয়োজিত একটি সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা করেন নতুন প্রকল্প ‘সুস্থ নারী, শক্তিশালী পরিবার’। এই উদ্যোগের মাধ্যমে ৪ কোটিরও বেশি মহিলা উপকৃত হবেন বলে কেন্দ্রীয় সরকারের দাবি। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্পের মাধ্যমে। প্রধানমন্ত্রী বলেন, “আজকের নতুন ভারত কারও হুমকিতে ভয় পায় না। বিশেষত পরমাণু হামলার হুমকিতে ভারত কখনও মাথা নত করবে না। ভারতীয় সেনারা ঘরে ঢুকে শত্রুদের নিকেশ করতে সক্ষম। এই আস্থা ও শক্তিই নতুন ভারতের পরিচয়।”
তিনি অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও তুলে ধরেন। মোদী বলেন, “পাকিস্তানি জঙ্গিরা আমাদের মা-বোনেদের সিঁদুর মুছে দিয়েছিল। ভারত তখন চুপ থাকেনি। অপারেশন সিঁদুরের মাধ্যমে আমাদের সেনারা জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে। আমাদের বীর জওয়ানরা পাকিস্তানকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। পুরো বিশ্ব সেই ঘটনার সাক্ষী।” প্রধানমন্ত্রী আরও জানান, “গতকালই জইশ-ই-মহম্মদ -এর জঙ্গি মাসুদ ইলিয়াস কাশ্মীরী প্রকাশ্যে স্বীকার করেছে যে, ভারতীয় সেনার অভিযানে ভাওয়ালপুরে মাসুদ আজহারের (Masood Azhar) পরিবার ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। এটাই প্রমাণ করে নতুন ভারত কিভাবে দৃঢ় হাতে জঙ্গিদের মোকাবিলা করছে।”
এদিন প্রধানমন্ত্রী মোদী দেশের প্রথম মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিজিওন অ্যান্ড অ্যাপারেল পার্ক (PM MITRA Park) -এরও ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই পার্ক ভারতের টেক্সটাইল শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী কেন্দ্র। পিএম মিত্র স্কিমের অধীনে মধ্যপ্রদেশ, তেলঙ্গানা (Telangana), গুজরাট (Gujarat), কর্নাটক (Karnataka), উত্তরপ্রদেশ (Uttar Pradesh) এবং মহারাষ্ট্রে (Maharashtra) বিশ্বমানের বস্ত্র উৎপাদন ইউনিট তৈরি হবে। এছাড়াও “রাষ্ট্রীয় পোষণ কর্মসূচি” -এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মহিলাদের স্বাস্থ্যসেবা বাড়াতে নতুন করে চালু হবে আয়ুষ্মান আরোগ্য মন্দির (Ayushman Arogya Mandir)। এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মহিলারা মানসিক স্বাস্থ্য, অ্যানিমিয়া, লাইফস্টাইল সংক্রান্ত রোগ এবং অন্যান্য জটিল সমস্যার জন্য বিনামূল্যে চিকিৎসা ও পরীক্ষার সুবিধা পাবেন।মোদী জানান, “কোটি কোটি মা-বোনেরা আমায় আশীর্বাদ করেছেন। দেশের বৃহত্তম ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক আমাদের শিল্পকে নতুন গতি দেবে। কৃষকেরাও এর থেকে লাভবান হবেন, কারণ তাঁরা তাঁদের উৎপাদিত তুলার নায্য দাম পাবেন। একদিকে শিল্প বৃদ্ধি, অন্যদিকে মহিলাদের স্বাস্থ্যসেবা, দুই দিকেই এগিয়ে যাবে ভারত।”
রাজনৈতিক মহলে এই ঘোষণাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ আগামী দিনে মহিলাদের স্বাস্থ্যের উপর জোর দেওয়া কেন্দ্রের উন্নয়নমুখী নীতির অংশ হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হলে পরিবার শক্তিশালী হবে, আর সেটাই দেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে চালু হওয়া এই সেবা পক্ষ অভিযান (Seva Paksh Abhiyan) আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে। এর লক্ষ্য, মহিলাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিত করা এবং সমাজে এক ইতিবাচক পরিবর্তন আনা। দেশজুড়ে রাজনৈতিক থেকে সাধারণ মানুষ পর্যন্ত অনেকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে সরকারের বিরোধীরা বলছেন, এই ঘোষণাগুলি রাজনৈতিকভাবে প্রভাব ফেলতে পারে। যদিও সাধারণ মহিলারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ তাঁদের জীবনকে অনেক সহজ করে তুলবে।প্রধানমন্ত্রী মোদীর ৭৫তম জন্মদিনে ঘোষিত এই উদ্যোগ নিঃসন্দেহে ভারতীয় সমাজে মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসুরক্ষার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : GST 2.0, PM Modi Double Dose, GST Reforms 2025 | জিএসটি সংস্কার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি: ‘ভারতের উন্নয়নে ডাবল ডোজ’




