পার্বতী কাশ্যপ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই : পরিণীতি চোপড়া (Parineeti Chopra) আর রাঘব চাড্ডা (Raghav Chadha) এই জুটিকে ঘিরে গত এক বছর ধরে নানা জল্পনা চলছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে বিলাসবহুল আয়োজনে তাঁদের রাজকীয় বিয়ে ঘিরে যেমন ছিল চমক, তেমনই ছিল কিছুদিন পরই শুরু হওয়া অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে গুঞ্জন। যদিও তখন পরিণীতি নিজেই সেই গুজবকে ব্যঙ্গ করে নস্যাৎ করেছিলেন। তবে সময় ঘুরে গিয়েছে। আর এবার নিজেই সেই সম্ভাবনার ইঙ্গিত দিলেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শর্মা শো’-তে স্বামী রাঘব চাড্ডার সঙ্গে হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া। সেখানে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও দাম্পত্যের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে খোলাখুলি কথা বলেন দু’জনে। স্বামী রাঘবের প্রশংসায় পঞ্চমুখ পরিণীতি বলেন, ‘ও খুবই সহানুভূতিশীল ও পত্নীনিষ্ঠ। আমাদের সম্পর্কটা খুবই সুন্দরভাবে এগোচ্ছে।’ এই মুহূর্তেই পরিণীতির এক মন্তব্য উসকে দিয়েছে নতুন করে মা হওয়ার সম্ভাবনার ইঙ্গিত। অনুষ্ঠানের এক পর্যায়ে হোস্ট কাপিল শর্মা (Kapil Sharma) যখন ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চান, তখন পরিণীতি বলেন, ‘আপনাদের খুব শীঘ্রই একটা বড় সুখবর দেব।’ এই উত্তরে সঙ্গে সঙ্গে দর্শকরা যেমন উচ্ছ্বসিত হন, তেমনই স্বামী রাঘবের মুখে ফুটে ওঠে এক লাজুকভাব। চারদিকের গুঞ্জন, সামাজিক মাধ্যমে চলা আলোচনার ভিড়ে এই মন্তব্য যেন আগুনে তেল ঢালে।

Read | Tamannaah Bhatia love story | প্রেমে প্রত্যাখ্যাত হয়ে কাঁদতে হয়েছিল তামান্না ভাটিয়াকে
প্রসঙ্গত, ২০২৪ সালের গোড়ার দিকে রাঘব চড্ডার চোখের জটিল অস্ত্রোপচারের জন্য পরিণীতি বেশ ক’য়েকমাস বিদেশে ছিলেন স্বামীর সঙ্গেই। সেসময় দিল্লির রাজনৈতিক মহলে রাঘবকে খুব একটা দেখা না গেলেও, পরিণীতির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেই সময়ই তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আরও বেড়ে যায়।উল্লেখ্য, পরিণীতির আগেও একবার অন্তঃসত্ত্বা হওয়ার গুজব ছড়িয়েছিল যখন এক অনুষ্ঠানে তাঁকে ঢিলেঢালা কালো পোশাকে দেখা যায়। তখন তিনি একটি মজার পোস্টে লেখেন, ‘কাফতান মানেই অন্তঃসত্ত্বা! আরামদায়ক পোশাক মানেই অন্তঃসত্ত্বা! ঢিলেঢালা পোশাক মানেই অন্তঃসত্ত্বা! বাহ, কী যুক্তি!’ সেই পোস্টের মাধ্যমে তিনি গুজবকে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে পরিণীতির শরীরী ভাষা ও প্রকাশভঙ্গি যেন অন্য ইঙ্গিতই দিচ্ছে এখন।

এদিকে রাঘব চড্ডার রাজনৈতিক কেরিয়ারও এখন সংবেদনশীল পর্যায়ে। সংসদে তাঁর উপস্থিতি কিছুটা সীমিত হলেও দাম্পত্য জীবন নিয়ে কোনও আপস করছেন না এই রাজনীতিবিদ। পরিণীতির সঙ্গে তাঁর রসায়ন ও পারস্পরিক সম্মানকে ঘিরে বলিউড থেকে রাজনৈতিক মহল সব জায়গাতেই প্রশংসা চলছে। কাপিল শর্মার অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত। বিয়ের প্রথম বছর পূর্ণ হওয়ার আগেই এমন একটি সুখবরের ইঙ্গিত নিঃসন্দেহে ভক্তদের জন্য রোমাঞ্চকর। তবে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা না হওয়ায় জল্পনাই এখন ভরসা। কিন্তু বলিউডে এমন আগাম ইঙ্গিত বহুবার সত্যি হয়েছে। তাই ভক্তরা ইতিমধ্যেই শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন সোশ্যাল মিডিয়ায়।বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর, ‘পরিণীতি বরাবরই খুব পারিবারিক, এবং মা হওয়ার জন্য মানসিকভাবে সে প্রস্তুত বলেই মনে হচ্ছে। ওর শরীরী ভাষা ও আচরণ অনেক কিছু বলছে। এখন শুধু সময়ের অপেক্ষা।’ এখানে এ কথা বলাই যায়, পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা বলিউড ও রাজনীতির সংযোগরেখায় দাঁড়িয়ে এক নতুন অধ্যায়ের সূচনার মুখে। সন্তান আসার সম্ভাবনার ইঙ্গিত তাঁরা যেভাবে দিয়েছেন, তা বেশ সংযত অথচ আবেগঘন। কবে আসবে সেই কাঙ্ক্ষিত ঘোষণার দিন?সেদিকেই এখন চোখ ভক্তদের।
সব ছবি: সংগৃহীত




